এরশাদের সামরিক শাসনকে বৈধতা দানকারী সপ্তম সংশোধনী কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরশাদের সামরিক শাসনকে বৈধতা দানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দার এ রুল জারি করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এরশাদ সরকারের সামরিক শাসনের সময় গঠিত বিশেষ সামরিক আদালত-৩ (অঞ্চল-সি) একটি হত্যা মামলায় জনৈক সিদ্দিক আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সামরিক শাসন জারি, আদালত গঠন ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি গত ২৪ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আজ শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন। পাশাপাশি আদালত সিদ্দিক আহমেদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা কেন পুনর্বিবেচনা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। প্রসঙ্গত, রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে ক্ষমতাচ্যুত করে তত্কালীন সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতা দখল করেন। তিনি ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারি করেন। ১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর মাধ্যমে ওই সামরিক শাসনের বৈধতা দেওয়া হয়।