এরশাদের স্বপ্ন পূরণ হবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ঘরোয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারপ্রধান তো দূরের কথা, সরকারি আশীর্বাদপুষ্ট গৃহপালিত বিরোধী দল হওয়ার স্বপ্নও এরশাদের কখনো পূরণ হবে না। বর্তমান সরকার স্বৈরাচারী এরশাদকে নিয়ে একটি গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের এ দিবাস্বপ্ন কোনো দিন পূরণ হবে না।’রূপগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাবেক সাংসদ বদরুজ্জামান খসরু প্রমুখ। পরে দলীয় নেতা-কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল সড়ক প্রদক্ষিণ করেন।