এরা ক্ষমতায় থাকতে তারেককে দেশে আনতে চাই না : খোকা
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, ‘এরা (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকতে আমরা তারেক রহমানকে দেশে আনতে চাই না। এ সরকারের সময় দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।’ যথাসময়ে তারেক রহমানকে যথাযথ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন খোকা।আজ শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খোকা এই মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে। সভাপতির বক্তব্যে খোকা এই মন্তব্য করেন। আলোচনা সভায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান সেখানে জাতিকে পথ দেখিয়ে নিয়ে গেছেন। আলোচনা সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে তিনি বক্তব্য দেননি। দর্শক সারিতে বসে আলোচনা শুনেছেন খালেদা জিয়া।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার গণতন্ত্র হত্যার চক্রান্ত করছে। এর আগে ’৭৪-৭৫ সালেও আওয়ামী লীগ জরুরি অবস্থা জারি করে, পরে বাকশাল করেছিল। এখনও ’৭৫-এর মতো সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, সংবাদমাধ্যমের ওপর আক্রমণ আসছে।মির্জা ফখরুল দাবি করেন, এক-এগারোর পর খালেদা জিয়ার আপসহীন ‘নীরব আন্দোলনের’ জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আন্দোলনের মুখে সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সরকার নিজেদের অপকর্মের জন্য নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। গায়ের জোরে নির্বাচন করতে চাচ্ছে।স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারের অনুমতি নিয়েই তারেক রহমান বিদেশে চিকিত্সা নিতে গেছেন। আপিল বিভাগ তাঁকে নিঃশর্ত জামিন দিয়েছেন। সময় হলে তারেক রহমান স্বেচ্ছায় দেশে ফিরে আসবেন। মওদুদ বলেন, যাঁরা বলছেন তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশ গেছেন, তাঁরা জামিনের আদেশ পড়ে দেখেননি। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।