এরিজনার অভিবাসনবিরোধী আইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রব্যাপী প্রতিবাদ
অভিবাসনবিরোধী কালো আইনের প্রতিবাদে সমগ্র যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এরিজনা অঙ্গরাজ্যে প্রণীত অভিবাসনবিরোধী আইনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করার প্রস্তুতি চলছে। রাজ্য সরকারের প্রণয়ন করা এই আইনকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরিজনা অঙ্গরাজ্যে অভিবাসনবিষয়ক আইনটি সংবিধানসম্মত কি না তা যাচাই করার জন্য বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। কংগ্রেসে ডেমোক্রেটিক আইন প্রণেতারা বলছেন, অভিবাসন সংস্কার আইন নিয়ে শিগগিরই কাজ শুরু হবে। অন্যদিকে রিপাবলিকান আইন প্রণেতারা বলেন, মন্দা অর্থনীতির সময় অভিবাসন আইন সংস্কারের বিষয়টি অগ্রাধিকার পাওয়ার সুযোগ নেই।গত শুক্রবার এরিজনার গভর্নর অভিবাসনবিরোধী আইনটিকে অনুমোদন করেছেন। গভর্নর জেন ব্রিউয়ার বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা সংরক্ষণের স্বার্থেই আইনটির প্রয়োগ হবে। রাজ্য পুলিশ সন্দেহজনক আচরণের জন্য যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবে। নতুন আইনের আওতায় পুলিশ যেকোনো ব্যক্তির গ্রিনকার্ড পরীক্ষা করতে পারবে। গ্রিনকার্ড প্রদর্শনে ব্যর্থ হলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিতাড়নের ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।যুক্তরাষ্ট্রের অন্য কোনো অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী এমন আইন নেই। অভিবাসনের বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতাধীন বলে রাজ্য পুলিশ কখনো গ্রিনকার্ড তল্লাশি করে না। এরিজনার পর অভিবাসনবিরোধী এমন আইন অন্যান্য অঙ্গরাজ্যেও প্রণীত হতে পারে, এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ভেঙে পড়া অভিবাসনব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে রক্ষণশীল অভিবাসনবিরোধীরা। সাম্প্রতিক সময়ে রক্ষণশীলদের ব্যবস্থাপনায় পরিচালিত ‘টি পার্টি’ আন্দোলনে অর্ধেক অভিবাসনের বিরুদ্ধে রক্ষণশীলদের উচ্চকণ্ঠ হতে দেখা যাচ্ছে।গত রোববার এরিজনার ফনিক্স নগরে অভিবাসীদের এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্য ভবনের সামনে হাজার জনতার বিক্ষোভ সমাবেশটি ছিল শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে উপস্থিত বিক্ষোভকারীদের মুখে স্লোগান ছিল ‘ইয়েস, উই ক্যান’। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এবং বিশিষ্ট মানবাধিকার সংগঠক রাউল গ্রিজালতা বিক্ষোভ সমাবেশে বলেন, ‘বৈষম্যমূলক অভিবাসন আইনটির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’ তিনি এ আইনটি বাতিলের জন্য পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান। সুদূর টেক্সাস থেকে বিক্ষোভকারীরা এসে যোগ দেন এরিজনার ওই সমাবেশে। এর আগে নিউইয়র্ক, ফ্লোরিডা, নিউজার্সিসহ বেশ কিছু নগরে অভিবাসীদের তাত্ক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।নিউইয়র্কে আয়োজিত এক সমাবেশে মানবাধিকার সংগঠক আল সার্পটন বলেন, ‘১৯৬০ সালের মানবাধিকার আন্দোলনের মতো সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব।’ এরিজনা অঙ্গরাজ্যে প্রণীত আইনটির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করার ঘোষণা দেন আল সার্পটন। অভিবাসনবিরোধী আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ পদযাত্রার কর্মসূচি নেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।কানেকটিকাট থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ক্রিস্টোফার ডড বলেছেন, অভিবাসন সংস্কার নিয়ে কেন্দ্রীয় আইন প্রণেতাদের দ্রুত সক্রিয় হতে হবে। অন্যথায় অন্যান্য অঙ্গরাজ্যেও অভিবাসনবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কংগ্রেসম্যান ক্রিস্টোফার ডড এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, কেন্দ্রীয় উদ্যোগের অভাবে রাজ্য সরকারগুলো নিজেদের মতো আইন প্রণয়নের সুযোগ নিচ্ছে। এদিকে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলীয় নেতা সিনেটর মিচ ম্যাককনেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, অভিবাসন নিয়ে কথা বলার উপযুক্ত সময় এখন নয়। সিনেটর ম্যাককনেল বলেন, ‘দেশে যখন বেকারত্বের হার ১০ শতাংশ তখন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের অগ্রাধিকার দিতে হবে।’ রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, অভিবাসন সংস্কার নিয়ে কংগ্রেস তড়িঘড়ি কাজ শুরু করলে তিনি ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে যেকোনো সমঝোতায় আসা থেকে বিরত থাকবেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর হেরি রিড অবশ্য অভিবাসন সংস্কার নিয়ে দ্রুত তত্পর হওয়ার জন্য নিজ দলের আইন প্রণেতাদের তাগিদ দিয়েছেন।প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্য সংস্কার আইন প্রণয়নের পরও এ নিয়ে বিতর্ক থেমে নেই। স্বাস্থ্যসেবা খাতে সংস্কারের মতো অভিবাসন ইস্যুতেও মার্কিন সমাজ স্পষ্টতই বিভক্ত। এরিজনায় অভিবাসনবিরোধী আইন প্রণয়নের ফলে এ বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা অভিবাসন আইনের সংস্কার করতে পারবেন কি না তা দেখার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের অভিবাসী গ্রুপগুলো।