এল ঝরা পাতার চৈতালি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথে রুক্ষ ধুলো। গাছের শাখায় পুরোনো জীর্ণ পাতার পাশেই নবপল্লবের উন্মেষ। প্রৌঢ়ের কাঁচাপাকায় মেশানো কেশের মতো। দিনভর আকাশজোড়া ঝাঁজালো রোদ। বেলা ডোবার পরও বেশ খানিকক্ষণ ভাপ বের হতে থাকে মাটি থেকে, দরদালান থেকে। তাতে তন্দুরের মতো উষ্ণ হয়ে থাকে ধরণিতল। মাঝে মাঝে দমকা হাওয়া ঝাপটা দিয়ে যায় বটে, তবে তাতে গা-গতর খুব একটা জুড়োয় না। বরং গাছপালা থেকে ঝরঝর করে হলুদ বিমর্ষ পাতার রাশি ঝরে পড়ে। পথে পথে মর্মর ধ্বনি তুলে উড়ে উড়ে ছড়িয়ে যায়। বেশ ভালো লাগে সেই দৃশ্য। চৈত্রের প্রকৃতিগত স্বভাবটা এমনই। এল আবার সেই ঝরা পাতার চৈতালি দিন।বসন্তের ধাবমান অবাধ্য বাতাসের সঙ্গে একধরনের চিরন্তন অচরিতার্থতার হাহাকার মিশে থাকে। ফাল্গুনে সেই হাওয়ার অনুষঙ্গ সদ্য বিগত শীতের রেশ, বুনো ফুলের সৌরভ। চৈত্রের আছে রোদের দহন। সেই যে রবীন্দ্রনাথ শুধিয়েছিলেন, ‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।/ দেখিস নে কি শুকেনা-পাতা ঝরা-ফুলের খেলা রে\’ বসন্তের সেই রূপের চৈত্রের দিকে তাকিয়েই দেখা। ঢাকা শহরেও তা দুর্লভ নয়। অধুনা বাণিজ্যিক বনায়নের রমরমা যুগে শহর-গ্রাম সর্বত্রই দারু মূল্যে মূল্যবান মেহগনিগাছ রোপণের হিড়িক। ঢাকাতেও পথতরু হিসাব বহু এলাকায় সড়কের পাশ দিয়ে মেহগনিবিথি। এ ছাড়া আছে দেবদারু ইত্যাদি। মেহগনি পাতাঝরা বৃক্ষ। ফাল্গুনের শেষ নাগাদ পাতাগুলো হলুদ লালচে হয়ে আসে। তারপর একটু দমকা হাওয়ার ঝাপটা লাগলেই হলো—গাছতলায় ঝরঝর মর্মর পত্রবরিষণ। প্রায়ই এমন দৃশ্য চোখে পড়ে চলতে-ফিরতে।ঢাকায় এপাড়া-ওপাড়া, পথের বাঁকে বাঁশঝড়ের দেখা পাওয়া অকল্পনীয়। এমন দিনে বাঁশঝাড়ের তলা ছেয়ে থাকে ঝরা পাতায়। তার আশপাশজুড়ে বুনো উচ্ছ্বাসে বেড়ে ওঠা লতাগুল্মের সমারোহ। বাতাসে তার মৃদু সৌরভ। শিমুলের শাখায় শালিক-চড়ুইয়ের বিরামহীন কিচিরমিচির। এক অসাধারণ বর্ণনা দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ‘পাড়া পার হয়ে একটা বাঁশ-বাগান পড়ল। তার মধ্যে দিয়ে রাস্তা। মচ মচ করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোলা জুতোর নীচে ভেঙে যেতে লাগল। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালার-লতা-ঝোপের ঘন সমাবেশ, কি বিরাট প্রাচুর্য্য! সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। সমস্ত ঝোপটির কি সম্মিলিত সুগন্ধ, কি স্নিগ্ধ স্পর্শ!...সরু পথ বেয়ে আবার গ্রামের পিছনের মাঠে এসে পড়লুম (দিবাবসন)।’ঝরা পাতা, ও ঝরা পাতা এই শহরের কোলাহল থেকে বহু দূরের কোনো গ্রামে, তোমাকে কুড়িয়ে নিচ্ছে মলিন মুখ, তেল না দেওয়া রুক্ষ চুলের কিশোরী। বস্তায় ভরে নিয়ে যাবে বাড়িতে। তার মা বাঁশের চোঙ ফুঁকে ফুঁকে ধোঁয়ায় লালচে হয়ে ওঠা চোখে মুঠি মুঠি করে সেই পাতা ঠেলে দেবেন মেটে চুলোর মুখে। রান্না হবে ক্ষুধার অন্ন। তাদের নিত্য অনটনের সংসারে তুমি নিখরচার জ্বালানি শক্তি। শহুরে মানুষের কাছে তোমার কানাকড়িও মূল্য নেই। আবর্জনা জঞ্জাল মনে করে তারা তোমাদের ঝেঁটিয়ে বিদায় করলে বাঁচে। তোমার এই মূল্য বুঝবে কেবল সেই পাতাকুড়োনি মেয়েটি, বুঝবেন তার মা। যত্ন করে তিনি বস্তায় ভরে রেখে দেবেন মাচানের ওপর, আসন্ন বর্ষার সামান্য সম্বল হিসেবে। পাতাকুড়োনো মেয়েটিকে হয়তো কিছুটা বুঝেছিলেন কবি আবুল হাসান। জিজ্ঞাসা করেছিলেন, পরম মমতায় পাতাকুড়োনির মেয়ে তুমি কি কুড়োচ্ছ? সেই ঝরা পাতা। রবীন্দ্রনাথও যাঁর পক্ষে থাকতে চেয়েছিলেন, ‘ঝরা পাতা গো, আমি তোমারি দলে।/ অনেক হাসি অনেক অশ্রুজলে...’। ঝরা পাতা দুঃখের মতো। বেদনার মতো। স্মৃতি ছাড়া আর কি কোনো সম্বল থাকে তার? হয়তো তাও থাকে না। শুকনো পাতা তো মৃত। মৃতের কোনো স্মৃতি থাকে কি না, সে কথা কেউ জানে না নিশ্চিত করে। ওপরে শাখায় সবুজ সজীবতা, নিচে তরুতলে শুকনো পাতার মর্মর। চৈত্রের নিসর্গে উদ্ভাসিত হয়ে আছে জীবন-মৃত্যুর নিত্য লীলাময় প্রপঞ্চের ধ্রুব সত্য।