এল শিশিরভেজা হেমন্ত
চোখ জুড়ানো, মনমাতানো ফুলের বাহার নেই, নেই পাখির কলগুঞ্জন কিংবা গ্রীষ্মের মতো বজ্রনির্ঘোষে চরাচর কাঁপিয়ে দেওয়ার শক্তি—এমনই এক ঋতু হেমন্ত। স্তবস্তুতি জোটেনি তার, বরং নিন্দা-মন্দ-কটু ভাষণের ঘাটতি পড়েনি কখনো। ‘অভাবের কার্তিক’ এক অশনিসংকেতের মতো। বাংলার মঙ্গাকবলিত জনপদে তার আগমনে ‘দিন আনা দিন খাওয়া’ মানুষের মনে আতঙ্কের শীতল স্রোত বয়ে যায়। সেই কার্তিক শুরু হলো। তাহলে কী আছে হেমন্তের? কেন লোকে মুগ্ধ হবে তার প্রতি? শরতে তবু আকাশজুড়ে ছিল সাদা মেঘের ভেলা। নিদারুণ যান্ত্রিক শহরেও মুখ তুলে ওপরে তাকালে মন প্রসন্ন করা সেই মেঘমালা দেখা যেত। হেমন্তে সেই মেঘও উধাও হবে দিনে দিনে। স্বচ্ছ নীলাকাশ কুয়াশার ঘোরে আবছা হয়ে আসবে ছানিপড়া চোখের দৃষ্টির মতো। ম্লান হয়ে আসবে ঝলমলে রোদ। হারাবে তার চনমনে ভাবটিও। অজস্র বারিধারায় যে তরুপল্লব নিবিড় সবুজ প্রাণবন্ত হয়ে উঠেছিল, তাদের এখন দেখাবে মলিন, বিমর্ষ। পায়ের তলার মাটি তৃষ্ণায় শুকিয়ে খটখটে। ধূলিময়। ঘাসের রং জং-ধরা টিনের মতো। এই কার্তিক যেন পণ করে এসেছে—সবটুকু জল, সমূহ সবুজ সে শুষে নেবে এক অপার্থিব শোষণযন্ত্রের মতো। ইউরোপের কবি এপ্রিলকে অপবাদ দিয়েছিলেন তাঁদের ঋতুর নিষ্ঠুর মাস বলে। কার্তিককে বাংলার কবিরা তেমন করে বলেননি বটে, তবে ওর ঝুলিতে প্রশংসাপত্রও তেমন নেই।এত যে প্রকৃতির রূপমুগ্ধ রবীন্দ্রনাথ, তিনিও বড়ই সংযত হেমন্তের প্রতি, অতিশয় মিতবাক। ব্যতিক্রম কেবল জীবনানন্দ। জগৎ-সংসারে জীবন-মৃত্যুর নিয়ত নিঠুর দ্বন্দ্বের ভেতর দিয়ে যে প্রাণপ্রবাহ অব্যাহত রয়েছে, হেমন্তের ক্রূরতা, ক্ষয়িষ্ণুতার ভেতরে তার স্বরূপকেই তিনি অন্বেষণ করেছিলেন। কার্তিকের করাল রূপ রূপসী বাংলার কবি জীবনানন্দের অচেনা ছিল না। কিন্তু তিনি যেন বেশি দেখেছেন তার অন্য রূপ: ‘শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা রেখে/ অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার,—/ চোখে তার শিশিরের ঘ্রাণ,/ তাহার আস্বাদ পেয়ে পেকে ওঠে ধান।’ এই ধান ফিরিয়ে আনবে অভাবী কৃষকের ঘরে সুখ-সচ্ছলতার হাসি, চোখে মেখে দেবে স্বপ্নের অঞ্জন। জীবন এগিয়ে যাবে সব প্রতিবন্ধকতাকে ফেলে, এমনকি মৃত্যুকেও।হেমন্তের কুজ্ঝটিকাময় আবরণের আড়ালে জীবনের এই সোনালি সোপানের আভাস যখন পাওয়াই গেল, তখন তার দিকে একটু অন্যভাবে তাকানো যেতেই পারে। ‘দুঃখের পরে সুখ’ বলে বহুকাল থেকে যে প্রসিদ্ধ আপ্তবাক্যটি চলে আসছে, হেমন্ত তার সাক্ষাৎ প্রমাণ। করাল কার্তিকের পর সমৃদ্ধির অগ্রহায়ণ। হেমন্তের তখন এক অন্য রূপ। মাঠে মাঠে হাওয়ায় মাথা দোলানো সোনালি ধানের ছড়া। জনজীবনে জেগে ওঠা নতুন কর্মোদ্দীপনা। মাঠে মাঠে ফসল কাটার ব্যস্ততা। পথে পথে ধানের আঁটি নিয়ে কৃষকের পথচলার দৃশ্য। বাড়ির আঙিনায় নতুন খড়ের স্তূপ। নারীরাও ব্যস্ত শস্য মাড়াই নিয়ে। ফসল কাটার পর মাঠে মাঠে ঝরে পড়া ধানের শিষ কুড়াতে নেমে পড়া কিশোর-কিশোরীদের চপল চঞ্চল ছোটাছুটি। ইঁদুরের গর্ত খুঁড়ে সেখান থেকে তার সঞ্চয় হাতিয়ে নিতেও ব্যস্ত হয়ে পড়ে কেউ কেউ। শালিক, চড়ুই আরও কত পাখি ঝাঁক বেঁধে আসে শস্যের দানা খুঁটে খেতে। তাদের কেউ কেউ নতুন বাসা বুনতে সায়াহ্নের আবিররাঙা আলোয় ডানা মেলে উড়ে যায় খড়কুটো মুখে নিয়ে।দূরে গ্রামের গাঢ় সবুজ রেখার ওপর জমে থাকে রান্নাঘর থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলী। বাতাসে গা শিরশির করা শীতের স্পর্শ। মাঠের প্রান্তে খড়বিচালি জড়ো করে আগুন জ্বালিয়ে দেয় কেউ কেউ। কমলা রঙের লকলকে শিখার ওপর পাক খেয়ে ওঠা ধোঁয়ার স্তম্ভ নিচু হয়ে আসা কুয়াশার চাদরে মিশে গিয়ে রহস্যময় ধোঁয়াশার সৃষ্টি করে রাখে। সেসব ভালো করে একটু তাকিয়ে দেখার সময়ও কি দেবে ক্লান্ত দিবাকর! দিন ছোট হচ্ছে। তার এখন তলিয়ে যাওয়ার তাড়া। দেখতে দেখতেই ডিমের কুসুমের মতো সোনালি থেকে সিঁদুরের মতো লাল। দিগন্তে অকাতরে লাল, কমলা, গৈরিক রঙের ছোপছাপ মাখিয়ে টুপ করে লাপাত্তা। সূর্যহারা আকাশে কিছুটা সময় রঙিন মেঘে আলোর আভা। দ্রুত ঘনিয়ে আসা অন্ধকারের আবছায়ায় সেই আভা মিলিয়ে যেতে সময় লাগে না। নিচের অন্ধকারে নিমজ্জিত গ্রামে এদিক-ওদিক জ্বলে ওঠে কিছু আলোর বিন্দু। দিবাবসানের এমন মায়াময় দৃশ্য হেমন্ত ছাড়া অন্য সময় এত মনোরম হয়ে দেখা দেয় না।