এল ‘জাগরণের গান-৩’
গত শতাব্দীতে বাংলার মাটিতে অনেক সফল আন্দোলন সংগঠিত হয়েছে। এসব আন্দোলন-সংগ্রামে গণসংগীতের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। শোষিত-বঞ্চিত মানুষ যুগে যুগে এসব গানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব লাঞ্ছনা-বঞ্চনা, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছে। এমনি ৭১টি গান নিয়ে প্রকাশিত হলো জাগরণের গান-৩ নামে গণসংগীতের সংকলন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ‘জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র’র পরিকল্পনায় স্টেপ মিডিয়া লিমিটেড গানগুলো সিডিতে ধারণ করা এই সংকলন প্রকাশ করেছে। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাগরণের গান-৩ নামের এই সংকলনের আনুষ্ঠানিক প্রকাশনার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাগরণের গান-৩-এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে।সকাল নয়টায় শিশু চিত্রাঙ্কনের মধ্য দিয়ে শুরু হবে সারা দিনের অনুষ্ঠান। যে মহান সংগীতগুলো আমাদের জাতীয়তাবোধকে শাণিত করে লড়াইয়ের চেতনাকে উদ্দীপ্ত করেছে, সেই গানগুলো পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সমাজের সব শ্রেণী-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত জাতীয় সংগীত এবং তিনটি সম্মেলক গণসংগীত দিয়ে গতকাল সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দীন আহমেদ চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবিসি রেডিওর বার্তাপ্রধান সানাউল্লাহ, স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান প্রমুখ। অনুষ্ঠানে জাগরণের গানের সংকলন প্রকাশ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কামাল লোহানী বলেন, ‘এই গানগুলোকে হাতিয়ার করে বিভিন্ন আন্দোলনে আমরা রাজপথ দখল করেছিলাম। মুক্তিযুদ্ধে এসব গান আমাদের সাহস জুগিয়েছে।’ তিনি গণসংগীতকে রাজনৈতিক যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করেন। শারফুদ্দীন আহমেদ চৌধুরী, বলেন, ‘আন্দোলন, সংগ্রাম, জাতীয় ঐক্যমত ও স্বাধীনতাযুদ্ধে যেসব গান বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, সেসব গান সংরক্ষণ ও প্রকাশে বাংলালিংক সহযোগী হতে পেরেছে, এটাই আমাদের আনন্দের বিষয়।’মতিউর রহমান তাঁর বক্তৃতায় শহীদ আলতাব মাহমুদ, শেখ লুৎফুর রহমান, আবদুল লতিফ, সুখেন্দ্র চক্রবর্তী, অজিত রায়কে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমাদের কৈশোরে, তারুণ্যে, আন্দোলনে চিন্তা-চেতনায় এই গানগুলোর প্রভাব ছিল। এসব গান নিয়ে জাগরণের এই আয়োজন উৎসাহজনক কাজ।’ ফরিদুর রেজা সাগর বলেন, ‘জাগরণের গান সত্যিকারভাবে মানুষকে জাগাতে পারে। তাই এসব গান নিয়ে আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেব।’ সানাউল্লাহ বলেন, ইতিহাস সংরক্ষণের জন্য এই অ্যালবাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও সুস্থ ধারার গান সংরক্ষণের ইচ্ছা থেকেই কাজটা করেছি। গণসংগীতের সঠিক ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি। ’অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় জাগরণের গান সংকলনে মোট ৭১টি গান রয়েছে। এর মধ্যে ৪০টি গান নতুন। বাকি ৩১টি গান আগের দুটো জাগরণের গান থেকে সংকলিত হয়েছে। একটি সুদৃশ্য মোড়কে ছয়টি সিডিতে এবার পাওয়া যাবে ৭১টি গান, সঙ্গে থাকবে গানগুলোর বাণী ও প্রাসঙ্গিক তথ্যাদিসহ পুস্তিকা। এ আয়োজনে সহযোগী হিসেবে আছে প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিও।