টিআইবির সেমিনারে তথ্য
এলজিইডি রাজনৈতিক বিবেচনায় প্রকল্প তৈরি করে, দরপত্রের নিয়ন্ত্রক ক্ষমতাসীন দল
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে রাজনৈতিক বিবেচনায়। তাদের কাজের দরপত্র ও কার্যাদেশ নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দল। এ কারণে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন।তাঁরা বিল পরিশোধ করার ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে সাড়ে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ নেন। ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অফিসের গাড়ি। মন্ত্রী-সচিবদের সন্তুষ্ট রাখতে দিয়ে থাকেন গাড়িসেবা। ফলে সুশাসন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি ব্যর্থ হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করেছে। গতকাল রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, এলজিইডির নেতিবাচক কাজের চেয়ে ইতিবাচক কাজের সংখ্যা বেশি। তাঁরা প্রতিষ্ঠানটির জন্য আলাদা আইনি কাঠামো গঠনের সুপারিশ করেন।তবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সেমিনারের সভাপতি হাফিজউদ্দিন খান এলজিইডির জন্য আলাদা আইনি কাঠামোর বিরোধিতা করে বলেন, এলজিইডি গ্রামীণ উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছে। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবে চলতে দেওয়া উচিত। সমস্যা যা আছে তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে।সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক নাহিদ শারমীন ও শাহজাদা এম আকরাম। এতে বলা হয়, এলজিইডির নিজস্ব কোনো আইনি কাঠামো নেই। নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে থাকেন। বর্তমানে এলজিইডিতে রাজস্ব খাতের ১৫৬টি এবং প্রকল্প খাতের ২০৯টি গাড়ি রয়েছে। কিন্তু বেশির ভাগ গাড়ি কোথায়, কীভাবে, কে ব্যবহার করছেন, তার হিসাব এলজিইডিতে নেই। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যক্তিগত কাজে এলজিইডির গাড়ি ঢাকার বাইরে নিয়ে যান। এ জন্য চালকেরা এলজিইডি থেকে অতিরিক্ত সময় কাজ বাবদ বিপুল পরিমাণ ভাতা নিয়ে থাকেন। আর্থিক ব্যবস্থাপনায়ও এলজিইডি স্বচ্ছ নয়। নিরীক্ষা আপত্তি অনুযায়ী, ২০১১-১২ সাল পর্যন্ত তাদের এক হাজার ৩৬৯ কোটি টাকার হিসাব অনিষ্পন্ন আছে।প্রতিবেদনে আরও বলা হয়, এলজিইডির প্রকল্প গ্রহণে ক্ষমতাসীন দল হস্তক্ষেপ করে। সাংসদদের হস্তক্ষেপে অনেক সময় প্রকল্প পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই না করেই প্রকল্প প্রণয়ন করা হয়, যে কারণে অনেক সময় প্রকল্প শেষ করতে দীর্ঘ বিলম্ব হয়।এলজিইডির বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি ক্ষমতাসীন দলের মন্ত্রী-সাংসদেরা নিয়ন্ত্রণ করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের আগেই অনানুষ্ঠানিকভাবে কার্যাদেশ দেওয়া হয়। এরপর তা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়। কাজ শেষে বিল তুলতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট টাকার সাড়ে ৮ থেকে সাড়ে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। এ টাকা নিয়ে থাকেন নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, হিসাবরক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরামর্শক, উপজেলা প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কোষাধ্যক্ষ। এই হিসাব অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিল তোলার জন্য ব্যয়িত টাকার পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি।প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, এলজিইডির প্রকল্প বাস্তবায়নে সাংসদদের সম্পৃক্ততা বন্ধ করতে হবে। কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করে নিয়মিত পদোন্নতি এবং নেতিবাচক কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের ক্ষেত্রে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।আলোচনায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, এলজিইডিকে লাল ফিতার দৌরাত্ম্যের সঙ্গে আপস করতে হয়। তাদের কাজ করতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) কার্যালয়ের সঙ্গে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের টাকা দিয়ে, গাড়ি দিয়ে সন্তুষ্ট না করলে প্রকল্প পাস হয় না। ১০ জন সচিব আর ১০ জন মন্ত্রীর দুর্নীতি বন্ধ হয়ে গেলে এলজিইডির ৭০ শতাংশ অনিয়ম-দুর্নীতি কমে যাবে। মন্ত্রণালয়ের কোন কোন কর্মকর্তা ব্যক্তিগত কাজে এলজিইডির গাড়ি ব্যবহার করেন, গণমাধ্যমকে তার হিসাব বের করার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এলজিইডকে তদবিরভিত্তিক প্রকল্প গ্রহণ না করে উপজেলা ও ইউনিয়নকে কেন্দ্র করে পরিকল্পনাভিত্তিক প্রকল্প নিতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, এলজিইডি সব সময় ক্ষমতাসীন দলের কর্মীদের কর্মসংস্থানের জায়গা। এই রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় গ্রামীণ যোগাযোগ ও মানুষের উন্নয়নে এলজিইডি এগিয়ে। ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে। সমস্যা হচ্ছে এলজিইডি যত শক্তিশালী হচ্ছে, দেশের স্থানীয় সরকারব্যবস্থা তত দুর্বল হচ্ছে। কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এলজিইডির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ জন্য তিনি এলজিইডির নাম থেকে ‘স্থানীয় সরকার’ শব্দটি বাদ দিয়ে ‘স্থানীয় অবকাঠামো উন্নয়ন বিভাগ’ করার সুপারিশ করেন।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ে এলজিইডির ক্ষমতা বেশি। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি এলজিইডির কাজ স্থানীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের সঞ্চালক টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এলজিইডিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান।টিআইবির সুপারিশের আলোকে এলজিইডি তাদের ভবিষ্যর্যা পরিকল্পনা গ্রহণ করবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, টিআইবির প্রতিবেদনে অনেক সমস্যা বেরিয়ে এসেছে। তবে তাঁরা আরও গভীরে গিয়ে কাজ করলে এলজিইডির অনেক ইতিবাচক বিষয় খুঁজে পেতেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহ বলেন, বিচ্ছিন্নভাবে এলজিইডির কিছু লোকের অনৈতিক কাজের দায় সার্বিকভাবে প্রতিষ্ঠানটিকে বহন করতে হচ্ছে।