এলপি গ্যাস নিয়ে বিপাকে গ্রাহক
তরলীকৃত পেট্রোলিয়ামের (এলপি) কাঁচামালের আমদানি শুল্ক কার্যত রহিত হয়েছে। প্রায় দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারেও এর দাম কমছে। কিন্তু বাংলাদেশে এলপি গ্যাসের দাম বেড়েই চলেছে। এই অবস্থায় জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়েই চলেছে। বিশেষ করে, সামনে যখন রমজান মাস। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, প্রতি বছর রমজান মাসে শিল্প, বাণিজ্য, গৃহস্থালিসহ সব ক্ষেত্রে জ্বালানির চাহিদা প্রায় ৩০ শতাংশ বাড়ে। ফলে সরকার এলপি গ্যাসের বোতলজাতকরণ ও বিপণন উন্মুক্ত করে দেওয়ার চিন্তা করছে।ঢাকা মহানগর ও দেশের কয়েকটি জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাড়ে ১২ কেজি ওজনের সরকারি এলপি গ্যাসের নির্ধারিত দাম ৬৯০ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকারও বেশি দামে। বেসরকারি বিভিন্ন কোম্পানির একই পরিমাপের সিলিন্ডারের দাম এক হাজার ২০০ টাকার মধ্যে নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। সরকার পাইপলাইন গ্যাসের সংযোগ সাধারণ মানুষের জন্য বন্ধ রেখেছে। শিগগিরই তা চালু করার মতো গ্যাস সরবরাহও নেই। ফলে এলপি গ্যাসের চাহিদা এবং এর ওপর নির্ভরশীলতা ক্রমাগত বাড়ছে। রাজধানী ঢাকা থেকে জেলা-উপজেলা শহর হয়ে অনেক গ্রামে পর্যন্ত বিস্তৃত হয়েছে এলপি গ্যাসের ব্যবহার।শুল্ক কমেছে: সারা দেশে গৃহস্থালি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিকল্প ও অপরিহার্য জ্বালানি হয়ে ওঠা এলপি গ্যাসের ওপর ধার্য করা শুল্কহার কমানো হয়েছে। ‘এলপিজি মিক্সচার’ আমদানির ওপর মোট শুল্ক ছিল ১১ শতাংশ। এর মধ্যে আমদানি শুল্ক (কাস্টমস ডিউটি-সিডি) ৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ এবং প্রাক্-জাহাজীকরণ (পিএসআই) ১ শতাংশ। এ বছরের বাজেটে কার্যত এর পুরোটাই তুলে দেওয়া হয়েছে। কয়েকজন আমদানিকারক জানান, বাজেটে আমদানি শুল্ক প্রত্যাহার করে এআইটি এবং পিএসআই বহাল রাখা হয়েছে। তবে এআইটি পরে দেওয়া আয়করের সঙ্গে সমন্বয় করা হয়। আর পিএসআই বাধ্যতামূলক নয়। ফলে আমদানি শুল্ক কার্যত নেই বলা যায়।তবে সিলিন্ডার ও এলপি গ্যাস ব্যবহারের জন্য চুলাসহ যেসব যন্ত্রাংশ অপরিহার্য, সেগুলো আমদানির ওপর শুল্ক ধার্য রয়েছে। কাঁচামালের দাম কমেছে: এলপি গ্যাস হচ্ছে বিউটেন ও প্রোপেন নামের দুটি পদার্থের মিশ্রণ। বাংলাদেশে তৈরি এলপি গ্যাসে ৭০ থেকে ৮০ শতাংশ হচ্ছে বিউটেন। বাকিটা প্রোপেন। বেসরকারি খাতের এলপি গ্যাস উৎপাদনকারীরা বছরে কত পরিমাণ কাঁচামাল আনেন, তার নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। তবে বছরে সাত-আটটি জাহাজে বিউটেন ও প্রোপেন আমদানি করে তাঁরা স্থানীয়ভাবে কনটেইনারে ভরে বাজারজাত করেন বলে জানা যায়।গত বছরের জুলাই থেকে চলতি জুলাই মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বিউটেন ও প্রোপেনের দামে বেশ ওঠানামা ছিল। তবে গত জুন মাস থেকে দামে নিম্নগতি চলেছে। মে মাসে যেখানে প্রতি মেট্রিক টন বিউটেনের দাম ছিল ৯৯৫ মার্কিন ডলার, সেখানে গত জুন মাসে তা নেমে আসে ৯২৫ মার্কিন ডলারে। চলতি মাসে দাম আরও কমে তা হয়েছে ৮৫৫ ডলার। একইভাবে, গত মে মাসে প্রতি টন প্রোপেনের দাম ছিল ৯৪৫ ডলার, জুন মাসে তা কমে হয়েছে ৮৫৫ ডলার। চলতি মাসে বিক্রি হচ্ছে ৮১৫ ডলার।এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদর ২০১১মাস প্রোপেন বুটেন (টন প্রতি মার্কিন ডলার) (টন প্রতি মার্কিন ডলার) জানুয়ারি ৯৩৫ ৯২০ ফেব্রুয়ারি ৮২০ ৮১০ মার্চ ৮২০ ৮৬০ এপ্রিল ৮৭৫ ৮৯০ মে ৯৪৫ ৯৯৫ জুন ৮৫৫ ৯২৫ জুলাই ৮১৫ ৮৫৫ দেশে কমছে না কেন: আমদানি শুল্ক তুলে নেওয়া এবং কাঁচামালের দাম কমলেও দেশে এলপি গ্যাসের দাম কমেনি। এর কারণ জানতে চাইলে ক্লিনহিট গ্যাসের মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা প্রতি মাসে কাঁচামাল আমদানি করেন না। তাই এক বা দুই মাস দাম কম থাকলে দেশের বাজারে দাম কমানো যায় না।সাইদুল ইসলাম বলেন, তবে জুলাই মাস পুরোটাই দাম কমার ধারা অব্যাহত থাকলে রমজানে দেশে এলপি গ্যাসের দাম কিছুটা কমানো যাবে। আর আমদানি শুল্ক রহিত করার প্রভাবও আগামী মাস থেকে পড়বে। তিনি অবশ্য ডলারের দাম বেড়ে যাওয়া, রমজান মাসে শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন-ভাতা বাবদ ব্যয় বেশি হওয়ার দাবি তুলে একে দাম না কমার কারণ বলে উল্লেখ করেছেন। এলপি গ্যাসের আরও একাধিক ব্যবসায়ী প্রায় একই কথা বলেছেন। তবে বিউটেন ও প্রোপেনের গত ১৩ মাসের আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত বছর জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে দাম ছিল এখনকার চেয়েও টনপ্রতি অন্তত ২০০ ডলার করে কম। এরপর অক্টোবর-নভেম্বর মাসেও দাম এখনকার চেয়ে কম ছিল। ১৩ মাসের মূল্যহারে দেখা যায়, মধ্যে শুধু গত ডিসেম্বর-জানুয়ারি ও মে মাসে বিউটেন প্রোপেনের দাম বেশি ছিল। তা সত্ত্বেও এ দেশে কোনো সময়ই এলপি গ্যাসের দাম কমেনি।সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা বলেন, এলপি গ্যাসের বাজারদর ও চাহিদা-সরবরাহের প্রতি সরকারের কোনো নজরদারি নেই। এ কারণেই বাজারে দাম ও সরবরাহে বিশৃঙ্খলা চলে এসেছে। চাহিদা-সরবরাহ পরিস্থিতি: সরকারি হিসাবে দেশে বর্তমানে এলপি গ্যাসের বার্ষিক চাহিদা তিন লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারি খাতে দেশে উৎপাদিত হয় ১৭ হাজার টন। আর বেসরকারি খাতে আমদানি করা হয় ৬০ হাজার টন।অর্থাৎ, সরকারি হিসাবেই দেশে এলপি গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় এক-চতুর্থাংশের মতো। প্রকৃত অবস্থা আরও খারাপ বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিশেষ করে, গত বছরের জুলাই মাস থেকে পাইপলাইন গ্যাসের নতুন সংযোগ বন্ধ করে দেওয়ার পর ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরেও অসংখ্য নতুন বাসাবাড়ির বাসিন্দারা এলপি গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু দামের অস্থিতিশীলতা ও সরবরাহের স্বল্পতায় তাঁরা এলপি গ্যাস ব্যবহার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সরকার কী করছে: গত বুধবার জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী সভায় এলপি গ্যাস বোতলজাত করার নতুন কারখানা স্থাপন উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় ২০০৪ সালের এলপি গ্যাস নীতিমালা যুগোপযোগী করে দ্রুত কারখানা স্থাপনের পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্র জানায়, এগুলো করার বিষয়ে চলতি বছরের বাজেটে নির্দেশনা রয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি বছরের বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘দেশে এলপি গ্যাসের চাহিদা আরও বাড়ছে।...এ জন্য সরকার এলপি গ্যাসের সরবরাহ বৃদ্ধি ও ব্যবহার প্রসারের জন্য এলপিজি সিলিন্ডারের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছে।...সরকার পিপিপির অধীনে মংলায় একটি এবং চট্টগ্রামের কুমিরায় একটি এলপি গ্যাসভরণ কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এলপিজির সিলিন্ডারসংশ্লিষ্ট শুল্ক ও কর কমানো হয়েছে। পাশাপাশি এলপি গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে।’সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সূত্রগুলো প্রথম আলোকে বলে, অর্থমন্ত্রী যেসব ব্যবস্থার কথা বলেছেন, তার মধ্যে একমাত্র দাম পুনর্নির্ধারণ করলেই এলপি গ্যাসের দাম দ্রুত কমানো সম্ভব। অন্য সব ব্যবস্থাই দীর্ঘমেয়াদি। ফল পেতে অনেক সময় লাগবে। কলকাতার এলপি গ্যাস পরিস্থিতি: ভারতে গৃহস্থালি পর্যায়ে এলপি গ্যাসই সবচেয়ে বেশি ব্যবহূত জ্বালানি। সেখানেও এই গ্যাসের সিংহভাগ আমদানিকৃত। কিন্তু সেখানে চাহিদা-সরবরাহ ও দামের ক্ষেত্রে এ রকম অরাজকতা নেই। আমাদের কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, সমগ্র কলকাতায় গৃহস্থালি ব্যবহারের জন্য ১৪ দশমিক দুই কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। এর প্রতিটির দাম নেওয়া হয় ৩৭৫ দশমিক ১০ রুপি (বাংলাদেশি টাকায় ৫৫০ টাকার মতো)। এর মধ্যে মূল্য সংযোজন করসহ গ্যাসের দাম ৩৬৫ টাকা ১০ পয়সা। আর সংশ্লিষ্ট ডিলার বা খুচরা বিক্রেতা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেন ১০ রুপি। ইন্ডিয়ান অয়েল কোম্পানির সূত্র উল্লেখ করে তিনি বলেন, জনগণের জন্য অপরিহার্য হয়ে ওঠা জ্বালানি এলপি গ্যাসে ভারত সরকার প্রায় ১০০ ভাগ ভর্তুকি দেয়। প্রতিদিন এই ভর্তুকির পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। সাধারণ মানুষের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।কলকাতায় প্রতিটি এলাকায় এলপি গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর কার্যালয় আছে। যেকোনো গ্রাহক টেলিফোনে ওই কার্যালয়ে যোগাযোগ করে সিলিন্ডারের চাহিদা জানাতে (বুকিং দিতে) পারেন। গ্রাহক চাহিদা জানানোর তিন দিনের মধ্যে সিলিন্ডার পেয়ে যান। কখনো কখনো সিলিন্ডারের কিছুটা ঘাটতি দেখা দেয়, তবে তা গ্রাহকের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করার মতো নয়।