এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, অগ্নিদগ্ধ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গতকাল শুক্রবার সকালে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ওমর ফারুক (৩৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। অগ্নিদগ্ধ অপর সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।পুলিশ ও ওমর ফারুকের পারিবারিক সূত্র জানায়, ওমর ফারুক স্ত্রী-সন্তান নিয়ে কোনাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। পাশেই থাকেন তাঁর চাচাতো ভাই মাহমুদুল হাসান। মাহমুদুলের বিয়ে উপলক্ষে সকালে তাঁদের কুমিল্লা যাওয়ার কথা ছিল। কয়েকজন স্বজনও তাঁদের বাসায় এসেছিলেন। সকাল ছয়টার দিকে ফারুকের স্ত্রী পানি গরম করতে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় ওমর ফারুক ঘুম থেকে উঠে এলপি গ্যাসের সিলিন্ডারের মুখ মোচড় দিয়ে দেশলাই জ্বালালে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ওমর ফারুক, তাঁর স্ত্রী নাজমা সুলতানা (২৪), সন্তান নাইম আহমেদ (৩), ভাগনে আরমান (৭), দুই বোন পারুল বেগম (২৮), তাসলিমা বেগম (২২), তাঁর মেয়ে সুস্মিতা (৪) ও ছেলে তানভীর দগ্ধ হয়। স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। পরে অগ্নিদগ্ধদের হাসপাতালে বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে বিকেল পৌনে পাঁচটার দিকে ফারুক মারা যান। তিনি শেয়ার ব্যবসা করতেন। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে।চিকিৎসকেরা জানান, নাজমা, তাসলিমা ও পারুলের শরীর ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে।যাত্রাবাড়ী থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।