এলপি গ্যাস: ভারতের চেয়ে পরিমাণে কম, দামে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় প্রতি সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস থাকে ১৪ দশমিক ২ কেজি। সেখানে এক সিলিন্ডার এলপি গ্যাসের সর্বোচ্চ খুচরামূল্য ৩৭৫ দশমিক ১০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৫০ টাকার মতো)। সীমান্তের এপারে বাংলাদেশে এক সিলিন্ডারে গ্যাস থাকে সাধারণত সাড়ে ১২ কেজি। সরকারি গ্যাসের নির্ধারিত দাম ৭০০ টাকা আর বেসরকারি প্রতিষ্ঠানের গ্যাসের নির্ধারিত দাম এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা। তবে গ্রাহককে কিনতে হয় নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে।অর্থাৎ বাংলাদেশে গ্রাহকেরা ভারতের চেয়ে দ্বিগুণেরও বেশি দাম দিয়ে কম পরিমাণ এলপি গ্যাস কিনছেন। অনেক সময় সিলিন্ডারে নির্ধারিত ওজনের চেয়ে কম গ্যাসও থাকে। চাহিদার চেয়ে সরবরাহ এক-তৃতীয়াংশ হওয়ায় এই সুযোগ নিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকার এই খাত থেকে উচ্চ হারে শুল্ক আদায় করলেও এলপিজি সরবরাহ বাড়াতে জরুরি ভিত্তিতে কোনো উদ্যোগ নিচ্ছে না।আমাদের কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, ভারতে গৃহস্থালি পর্যায়ে এলপি গ্যাসই বেশি ব্যবহূত জ্বালানি। বাংলাদেশের মতো ভারতেও এই গ্যাসের সিংহভাগ আমদানি করা হয়। সমগ্র কলকাতায় গৃহস্থালি ব্যবহারের জন্য এক সিলিন্ডার গ্যাসের (১৪ দশমিক ২ কেজি) দাম মূল্য সংযোজন করসহ ৩৬৫ রুপি ১০ পয়সা। এর সঙ্গে সংশ্লিষ্ট ডিলার বা খুচরা বিক্রেতা গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে রিকশাভ্যানের ভাড়া নেন ১০ রুপি। কলকাতায় প্রতিটি এলাকাভিত্তিক এলপি গ্যাস সরবরাহকারী কোম্পানির কার্যালয় আছে। গ্রাহক টেলিফোনে ওই কার্যালয়ে যোগাযোগ করে চাহিদা জানাতে (বুকিং দিতে) পারেন। বুকিং দেওয়ার তিন দিনের মধ্যে গ্রাহক সিলিন্ডার পেয়ে যান। কখনো কখনো সিলিন্ডারের কিছু ঘাটতি দেখা দিলেও তা গ্রাহকের জন্য অনিশ্চয়তা সৃষ্টির মতো নয়।ইন্ডিয়ান অয়েল কোম্পানি সূত্র জানায়, সাধারণ মানুষের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে এলপি গ্যাসে ভারত সরকার প্রায় ১০০ শতাংশ ভর্তুকি দেয়। প্রতিদিন এই ভর্তুকির পরিমাণ প্রায় ৪৭ কোটি রুপি।বাংলাদেশে দাম অস্থিতিশীল: সারা দেশে এলপি গ্যাস ব্যবহারকারীদের সবচেয়ে বড় অভিযোগ, দামের অস্থিতিশীলতা। দেশে উৎপাদিত সরকারি খাতের প্রতি সিলিন্ডার এলপিজির দাম খুচরা গ্রাহক পর্যায়ে ৭০০ টাকা নির্ধারিত থাকলেও স্থানভেদে কখনো কিনতে হয় এক হাজার ২০০ টাকায়। বেসরকারি খাতের প্রতি সিলিন্ডার এলপিজির দাম নির্ধারিত আছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার মধ্যে। এসব কখনো কখনো কিনতে হয় দেড় হাজার টাকায়। স্থানভেদে দামেও আছে পার্থক্য।সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর এলপিজি বিক্রির জন্য সারা দেশে নির্ধারিত ডিলার আছেন। গ্রাহকদের অভিযোগ হচ্ছে, ডিলার এবং তাঁদের নিয়োজিত খুচরা বিক্রেতারা কারসাজি করে দাম বাড়ান। তবে ডিলার ও খুচরা বিক্রেতারা বলেন, দাম বাড়ানো-কমানো সবই হয় কোম্পানির নির্দেশে। তাহলে সরকারি এলপিজির দাম বাড়ার কথা নয়। কারণ, ওই দাম সরকার-নির্ধারিত।খোঁজ নিয়ে জানা গেছে, বিতরণ ও বিপণনব্যবস্থার মধ্যেই দামে কারসাজি নিহিত। কোম্পানিগুলো আমদানি করা গ্যাস সিলিন্ডারে ভরে কারখানার গেট থেকে নির্ধারিত দামে বিতরণকারীদের (ডিস্ট্রিবিউটর) দেয়। বিতরণকারীরা পরিবহনসহ অন্যান্য ব্যয় ও মুনাফা যোগ করে দাম নির্ধারণ করে সেগুলো সারা দেশের ডিলারদের কাছে পৌঁছান। ডিলার সিলিন্ডারগুলো দোকান বা গুদামে রেখে দামের সঙ্গে ব্যয় ও মুনাফা যোগ করে খুচরা বিক্রেতাদের দেন। খুচরা বিক্রেতাও ব্যয় ও মুনাফা যোগ করে সিলিন্ডার বিক্রি করেন ক্রেতাদের কাছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে দাম এক রাখার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া এলপিজি প্রধানত আমদানিনির্ভর হওয়ায় এর দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। দেশে এলপিজি আমদানি করা হয় সৌদি আরামকো নামের কোম্পানি থেকে। এই কোম্পানির এলপিজি মিক্সচারের (এলপিজির কাঁচামাল) দাম প্রতি মাসে একবার নির্ধারিত হয়।উচ্চ শুল্কহার: ভারতে সরকার এলপিজিতে ভর্তুকি দিলেও বাংলাদেশে এ খাতে উচ্চ শুল্ক আদায় করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, এলপিজি মিক্সচার আমদানির শুল্ক ১১ শতাংশ। এ ছাড়া সিলিন্ডারসহ যেসব যন্ত্রাংশ আমদানি করতে হয়, সেগুলোর ওপরও উচ্চ হারে শুল্ক ধার্য আছে। এর মধ্যে সিলিন্ডারের ওপর ২৯ শতাংশ, এলপিজি বাল্বের ওপর ৩৩ শতাংশ, সেফটি বাল্বের ওপর ২৮ শতাংশ, সিলিন্ডারের রেগুলেটরের ওপর ১১ শতাংশ শুল্ক ধার্য আছে। এসব শুল্কের কারণে দামও বেশি পড়ে।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, সরকার পাইপলাইন গ্যাসের পরিবর্তে সারা দেশে এলপি গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে চাইলে এসব শুল্ক কমাতে হবে। এতে এলপি গ্যাসের দাম কমবে। বেসরকারি খাতের অন্যতম প্রধান কোম্পানি ‘ক্লিনহিট’-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সরকার এলপিজি, সিলিন্ডারসহ খুচরা যন্ত্রপাতি আমদানির ওপর থেকে শুল্ক ও কর কমালে আমদানি করে সরবরাহ বাড়ানো এবং এখনকার চেয়ে কম দামে তা সরবরাহ করা সম্ভব।সিলিন্ডারে গ্যাস কম: সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস থাকার অভিযোগও করেন গ্রাহকেরা। জানা যায়, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যবসার নৈতিকতা অনুযায়ী, এক কোম্পানির গ্যাসশূন্য সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস ভরা (সিলিন্ডার রিফিল করা) নিষেধ। কারণ, এই পণ্য বাজারজাত করা এবং গ্রাহক পর্যায়ে এর ব্যবহার নিরাপদ রাখতে প্রতিটি কোম্পানি নির্দিষ্ট কিছু ব্যবস্থা নেয়। একেকটি কোম্পানির সিলিন্ডারের রংও আলাদা। এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোনো কোম্পানির গ্যাস ভরার সময় সেসব ব্যবস্থা যথাযথ অনুসরণ নাও হতে পারে।অভিযোগ রয়েছে, অনেক কোম্পানি বিতরণকারী ও ডিলারদের কাছ থেকে পাওয়া অন্য কোম্পানির সিলিন্ডারও নিজেদের গ্যাস দিয়ে রিফিল করে। এ সময় সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস ভরার ঘটনা ঘটে। এই কারসাজি গ্রাহক জানেন না। গ্যাস কম থাকার জন্য গ্রাহক দায়ী করেন যে কোম্পানির সিলিন্ডার, সেই কোম্পানিকে। অথচ এই কারসাজি প্রতিরোধের বা মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।ঢাকায় সমস্যা প্রকট: এত দিন ঢাকায় কিছু হোটেল-রেস্তোরাঁয় এলপি গ্যাসের ব্যবহার থাকায় এখানে কোনো সরবরাহব্যবস্থা গড়ে ওঠেনি। কিন্তু এখন পাইপলাইনের গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ থাকায় অসংখ্য নতুন বাড়ি ও ফ্ল্যাটে এলপি গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। এ চাহিদা ক্রমে বাড়ছে।এ ছাড়া নগরের যেসব এলাকায় পাইপলাইনে গ্যাসের চাপ থাকে না, ওই সব এলাকার মানুষও এলপিজি ব্যবহার শুরু করেছেন। কিন্তু চাহিদা বাড়লেও ঢাকায় প্রয়োজনমতো সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। সংকটের কারণে এখানে অন্য শহরের তুলনায় সিলিন্ডার গ্যাসের দামও বেশি। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে কেরোসিনের চুলা ও বৈদ্যুতিক হিটার ব্যবহার করছেন।সরবরাহ চাহিদার এক-তৃতীয়াংশ: দেশে এলপিজির চাহিদা সম্পর্কে সরকারি বা বেসরকারি খাতের কাছে সুনির্দিষ্ট হিসাব নেই। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান চাহিদা অনুযায়ী বছরে প্রায় দেড় লাখ টন (সাড়ে ১২ কেজির এক কোটি ২০ লাখ বোতল বা সিলিন্ডার) এলপিজি দরকার; কিন্তু সরবরাহ এর এক-তৃতীয়াংশের মতো।সরকারি খাতের ইস্টার্ন রিফাইনারি আমদানি করা তেল পরিশোধন করে এলপিজি উৎপাদন করে। সরকারি খাতের আরেকটি প্রতিষ্ঠান এলপিজিএল সিলেট গ্যাসফিল্ড কোম্পানির গ্যাসক্ষেত্র থেকে পাওয়া এনজিএল থেকে এলপিজি উৎপাদন করে। এই দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত এলপি গ্যাসের পরিমাণ বছরে ১২ লাখ সিলিন্ডারের বেশি নয়। চাহিদার বাকি অংশ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। কিন্তু বেসরকারি খাতের পাঁচটি কোম্পানি বছরে ৪০ হাজার টনের মতো (৩২ লাখ সিলিন্ডার) এলপিজি আমদানি করে। তাই সারা বছর এলপিজির ঘাটতি থাকে।সূত্রগুলো জানায়, এলপি গ্যাসের চাহিদা, সরবরাহ ও দামের ক্ষেত্রে বিরাজমান সমস্যা শিগগিরই সমাধান হওয়ার সম্ভাবনা নেই। অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও এই সমস্যা দ্রুত নিরসনে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।তবে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, সরকার দেশে এলপিজির উৎপাদন ও সরবরাহ বাড়াতে তিনটি পদক্ষেপ নেওয়ার বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করছে। প্রথমত, মংলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পড়ে থাকা একটি জায়গায় নতুন একটি এলপিজি প্ল্যান্ট স্থাপন করা। রাষ্ট্রীয় খাতের তেল বিপণনকারী তিনটি কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনার যৌথ উদ্যোগে এটি করা হবে। দ্বিতীয়ত, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কুমিল্লার দিকে আরেকটি নতুন প্ল্যান্ট স্থাপন করা। তৃতীয়ত, ইস্টার্ন রিফাইনারি ও চট্টগ্রামের বিদ্যমান এলপিজি প্ল্যান্টে উৎপাদন বাড়ানো।জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে অনেক সময় লাগবে।