এলপি গ্যাসের দাম শিগগির কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তরলীকৃত জ্বালানি (এলপি) গ্যাসের দাম শিগগিরই কমছে না। এর সরবরাহ বৃদ্ধি ও গ্রাহক পর্যায়ে সহজলভ্যতাও অনেক সময়সাপেক্ষ হবে বলে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানিয়েছে।সরকার পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাসের নতুন সংযোগ দেওয়া প্রায় এক বছর ধরে বন্ধ রেখেছে। গৃহস্থালি পর্যায়ে পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ না দেওয়ায় এলপি গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে।এই অবস্থায়, গৃহস্থালি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এলপি গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে এর দাম কমানো এবং সহজলভ্য করার ব্যাপারে এবার বাজেটে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। জ্বালানি মন্ত্রণালয় বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।কিন্তু প্রস্তাবিত বাজেটে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, তাতে শিগগির এলপি গ্যাসের দাম কমার সম্ভাবনা কম। সরবরাহ বাড়াতেও কয়েক বছর লাগবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।বাজেটের ফল কী হবে: এলপি গ্যাসের দাম কমা ও সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রে প্রস্তাবিত বাজেট কী ফল বয়ে আনতে পারে, জানতে চাইলে বেসরকারি খাতের অন্যতম প্রধান এলপি গ্যাস বিপণন প্রতিষ্ঠান ক্লিনহিটের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলপি গ্যাস ব্যবহার করতে হলে একজন গ্রাহকের গ্যাস সিলিন্ডারসহ যেসব যন্ত্রাংশ দরকার হয়, সেগুলোর ওপর আগে যে পরিমাণ শুল্ক ও কর ধার্য ছিল, আগামী বছরের প্রস্তাবিত বাজেটেও প্রায় তা-ই রাখা হয়েছে। শুধু এলপি গ্যাসের আমদানিকৃত কাঁচামাল ‘এলপিজি মিক্সচার’-এর ওপর থেকে ২ শতাংশ এবং সিলিন্ডারের ওপর থেকে ২ শতাংশ শুল্ককর কমানোর প্রস্তাব করা হয়েছে।এলপি গ্যাসের দাম ও সরবরাহ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব এবং বাজেটে তাঁর প্রতিফলন প্রসঙ্গে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, প্রস্তাবিত বাজেটের শুল্ক ও কর প্রস্তাব পর্যালোচনার সুযোগ আছে। তা ছাড়া সরকার এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণের চিন্তা করছে। সে ক্ষেত্রে নির্ধারিত দামই হয়তো বর্তমানের চেয়ে কম হবে। সরকার প্রয়োজনে ভর্তুকি দেবে।শুল্কহার কত: সারা দেশে গৃহস্থালি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিকল্প ও অপরিহার্য জ্বালানি পণ্য হয়ে ওঠা এলপি গ্যাসের ওপর ধার্য করা বর্তমান ও প্রস্তাবিত শুল্কহার এ রকম: ‘এলপিজি মিক্সচার’ আমদানির ওপর বর্তমান শুল্ক ১১ শতাংশ। এর মধ্যে কাস্টমস ডিউটি (সিডি) ৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ এবং প্রাক-জাহাজীকরণ (পিএসআই) ১ শতাংশ। প্রস্তাবিত বাজেটে কাস্টমস ডিউটি প্রত্যাহার করে এআইটি এবং পিএসআই আগের হারেই রাখা হয়েছে। আর নতুন করে ৩ শতাংশ অগ্রিম শুল্ককর (এটিভি) আরোপ করার কথা বলা হয়েছে।পাঁচ হাজার লিটারের কম ধারণক্ষমতার এলপিজি সিলিন্ডারের ওপর মোট শুল্ককর ধার্য ছিল ২৯ শতাংশ। এর মধ্যে সিডি ৫ শতাংশ, মূসক ১৫, এআইটি ৫, এটিভি ৩ এবং পিএসআই ১ শতাংশ। প্রস্তাবিত বাজেটে শুধু সিডি ২ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।তবে দেশে এলপি গ্যাসের সিলিন্ডার তৈরির শিল্পের ওপর ধার্যকৃত করের হার ২৭ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশে এখন পর্যন্ত এমন মানের এলপি গ্যাস সিলিন্ডার তৈরি হচ্ছে না, যা গ্রাহকেরা নিরাপদ হিসেবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তাই এ ক্ষেত্রে করহার কমানোর কোনো সুফল শিগগির মিলবে না।নিরাপত্তা অথবা রিলিফ বাল্বের ওপর মোট শুল্ক ও কর ধার্য ছিল ২৮ শতাংশ। এর মধ্যে সিডি ৫ শতাংশ, মূসক ১৫, এআইটি ৫ এবং এটিভি ৩ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও এই একই হার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।এলপিজি বা গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের ওপর শুল্ক ও কর ধার্য ছিল ১১ শতাংশ। এর মধ্যে সিডি ৩ শতাংশ, এআইটি ৫ এবং এটিভি ৩ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও একই হার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।এলপিজি বার্নার বা চুলার ওপর শুল্ক ধার্য ছিল মোট ৬৯ শতাংশ। এর মধ্যে সিডি ২৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি (আরডি) ২০ শতাংশ, মূসক ১৫, এআইটি ৫, এটিভি ৩ এবং পিএসআই ১ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও একই হার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। শুধু আরডি ২০ শতাংশ বাদ দিয়ে ওই একই হারে, অর্থাৎ ২০ শতাংশ সম্পূরক কর (এসডি) আরোপ করার প্রস্তাব করা হয়েছে।উপরিউক্ত পাঁচটি উপাদান গৃহস্থালি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অর্থাৎ ছোট গ্রাহকের এলপি গ্যাস ব্যবহারের জন্য অপরিহার্য। এই উপাদানগুলো সবই আমদানিনির্ভর। সে ক্ষেত্রে এগুলোর ওপর আরোপিত শুল্ক ও কর না কমলে এর দামও কমার কোনো কারণ নেই।এগুলো ছাড়া অন্য ক্ষেত্রে এলপি গ্যাস ব্যবহারের জন্য যেসব উপাদান আমদানি করতে হয়, যেমন—পাঁচ হাজার লিটারের বেশি ক্ষমতার সিলিন্ডার ও ট্যাংক, নানা আকৃতির বাল্ব প্রভৃতি আমদানির ওপরও শুল্ক ও করের হার প্রায় আগের মতোই রাখা হয়েছে।‘পথনকশা’য় এলপি গ্যাস: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রস্তাবের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: একটি হালচিত্র শীর্ষক পুস্তিকায় দেশে এলপি গ্যাসের বিদ্যমান অবস্থা বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে, দেশে বর্তমানে এলপি গ্যাসের বার্ষিক চাহিদা তিন লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারি খাতে দেশে উৎপাদিত হয় ১৭ হাজার টন আর বেসরকারি খাতে আমদানি করা হয় ৬০ হাজার টন।অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশে এলপি গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় এক-চতুর্থাংশের মতো। অর্থমন্ত্রী বলেছেন, দেশে এলপি গ্যাসের চাহিদা আরও বাড়ছে। প্রাকৃতিক গ্যাসের মজুদ বিবেচনা করে এবং গৃহস্থালি প্রয়োজনে গ্যাস-সংযোগের অপর্যাপ্ততা লক্ষ করে সরকারও এলপি গ্যাসের প্রসারে অঙ্গীকারবদ্ধ। অন্তত জ্বালানি কাঠ ও কেরোসিনের চাহিদা এলপি গ্যাস দিয়ে মেটানোর ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সরকার এলপি গ্যাসের সরবরাহ বৃদ্ধি ও ব্যবহার প্রসারের জন্য এলপিজি সিলিন্ডারের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছে।নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকায় ঢাকাসহ জেলা-উপজেলায় মানুষ নতুন বাসাবাড়ির জন্য এলপি গ্যাসের দিকে ঝুঁকছেন, কিন্তু তাঁরা এলপি গ্যাস পাচ্ছেন না আর পেলেও দাম অত্যন্ত বেশি। মফস্বলের যেসব শহরে আগে থেকেই এলপি গ্যাস ব্যবহূত হচ্ছিল, সেখানেও চাহিদা বাড়ছে। অনেক গ্রামাঞ্চলেও এখন এলপি গ্যাসের চাহিদা বাড়ছে। ছোট ও মাঝারি ধরনের হোটেল-রেস্তোরাঁসহ কিছু শিল্পেও এলপি গ্যাসের ব্যবহার বাড়ছে।