এলপিজির গ্রাহকদের ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কারণ, অনিয়ন্ত্রিত দাম। চাহিদা বাড়লেও এলপিজির সরবরাহ বাড়ছে না। এর ওপর আছে নিম্নমানের সিলিন্ডার। সব মিলিয়ে দৈনন্দিন জীবনে অপরিহার্য এই জ্বালানি পণ্যটি নিয়ে গ্রাহকদের উদ্বেগের শেষ নেই।ঝালকাঠির একজন গ্রাহক এনায়েত তালুকদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘দাম নিয়ে এখন আর অভিযোগ করি না। যখন যে দামে পাওয়া যায়, সেই দামেই কিনি। এখন কিনতে হচ্ছে প্রায় এক হাজার ৮০০ টাকায়। একটি পরিবারে গড়ে প্রতি মাসে দুটি সিলিন্ডার লাগে। তাতে গ্যাসের জন্যই খরচ করতে হয় প্রায় সাড়ে তিন হাজার টাকা। কিন্তু পাওয়াটাই হয়ে গেছে বড় সমস্যা।’ বরগুনা থেকে নূর আলী মৃধা জানান, তাঁদের আশপাশের অনেকেই নতুন করে এলপিজির ব্যবহার শুরু করেছেন। কিন্তু ডিলারদের কাছে সরবরাহ বাড়েনি। ফলে সিলিন্ডার নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে।নাটোর থেকে রবিউল ইসলাম বলেন, এলপি গ্যাসের দাম অনেক বেড়েছে। কয়েক মাস ধরে ওই বাড়তি দামেই চলছে। সরকার বলেছিল সরবরাহ বাড়াবে। কিন্তু বাড়াচ্ছে না। এখন তো শহর ছাড়াও গ্রামগঞ্জে এলপি গ্যাসের ব্যবহার বেড়ে গেছে।সরকারি সূত্রগুলো জানায়, এলপি গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। ঢাকাসহ প্রধান প্রধান শহরে চাহিদা বাড়ছে পাইপলাইনের গ্যাস সংযোগ বন্ধ থাকায়। আর মফস্বল শহর ও গ্রামাঞ্চলে চাহিদা বাড়ছে কাঠ-খড়, লতা-পাতা প্রভৃতি প্রচলিত জ্বালানির প্রাপ্যতা চাহিদার তুলনায় কম হওয়া এবং সিলিন্ডার ব্যবহারে সুবিধার জন্য।সরকারি হিসাবে দেশে এখন এলপি গ্যাসের বার্ষিক চাহিদা চার লাখ টনের বেশি। কিন্তু সরবরাহ এক লাখ টনের মতো, যার ৮০ শতাংশ আমদানিনির্ভর। চাহিদা ও সরবরাহের মধ্যকার এই বিপুল ব্যবধান কমানোর লক্ষ্যে দেশীয় উৎপাদন ও আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকার ঘোষণা করেছিল তিন বছর আগে। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়নে অগ্রগতি কমই। সরকারের সিদ্ধান্ত ও বাস্তবতা: সরকার দেশে এলপিজির সরবরাহ বাড়াতে জরুরি ভিত্তিতে চারটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় দুই বছরের বেশি আগে। সিদ্ধান্তগুলো হচ্ছে: এক. মংলায় পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পতিত জায়গায় এক বছরের মধ্যে এক লাখ টন ক্ষমতার নতুন একটি ‘এলপিজি বোটলিং প্ল্যান্ট’ স্থাপন করা। রাষ্ট্রীয় খাতের তেল বিপণনকারী তিনটি কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনার যৌথ উদ্যোগে এটি করা হবে। দুই. সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিতে (পিপিপি) চট্টগ্রামের কুমিরায় এক বছরের মধ্যে আরেকটি এক লাখ টন ক্ষমতার নতুন প্ল্যান্ট স্থাপন করা। তিন. চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান এলপি গ্যাস কারখানা ও সিলেট গ্যাসফিল্ডস কোম্পানির ফ্রাকসনেশন প্ল্যান্টে এলপি গ্যাসের উৎপাদন বাড়িয়ে দ্বিগুণ করা। চার. এলপিজির সিলিন্ডার ও অন্য শুল্ক ও কর কমিয়ে দাম নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতে আমদানি ও সরবরাহ বাড়ানো।বাস্তবতা হচ্ছে, মংলায় প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কমানো হয়েছে যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক ও কর। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ বাড়েনি। ফলে দাম এবং এলপি গ্যাসের ব্যবসায় ফটকাবাজিও কমেনি।বাজারদর: বাংলাদেশে এলপিজির কাঁচামালের সরবরাহকারী এশিয়া ও মধ্যপ্রাচ্যভিত্তিক এলপিজি উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সংগঠন সৌদি অ্যারামকো। সংস্থাটি প্রতি মাসের ১ তারিখে ওই মাসের জন্য তাদের এলপিজির রপ্তানিমূল্য (কন্ট্রাক্ট প্রাইস বা সিপি) ঘোষণা করে। এলপিজির দুটি উপাদান-প্রোপেন ও বিউটেন। বাংলাদেশে ব্যবহূত এলপিজির ৭০ শতাংশ বিউটেন ও ৩০ শতাংশ প্রোপেন। চলতি মাসে সৌদি অ্যারামকো প্রতি টন প্রোপেন ও বিউটনের সিপি নির্ধারণ করেছে ৯৫৫ মার্কিন ডলার। দেশে এলপিজি আমদানিকারক ও বাজারজাতকারী চারটি প্রতিষ্ঠানের সূত্রগুলো জানায়, ওই দামের সঙ্গে জাহাজভাড়া ও আনুষঙ্গিক ব্যয় যুক্ত করলে প্রতিটি সিলিন্ডারের ফ্যাক্টরি গেটের দাম হয় প্রায় এক হাজার ৪৮০ টাকা। এই সিলিন্ডার ঢাকায় বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকার মতো। দেশের অন্যান্য স্থানেও দাম এর কাছাকাছি হওয়ার কথা। তবে চাহিদার তুলনায় সরবরাহ সবসময় কম থাকায় বাজারে তা বেশি দামে বিক্রি হয়। আমদানিকারক কোম্পানিগুলোর সূত্র জানায়, গত বছর তারা এলপিজি আমদানি করেছে সর্বমোট ৭৫ হাজার টনের মতো। বাজারে চাহিদা বাড়ায় এ বছর তারা ৮৫ থেকে ৯০ হাজার টন আমদানির কথা ভাবছে। সরকারি গ্যাস: দেশে সরকারি খাতে উৎপাদিত এলপিজির পরিমাণ প্রায় ২৫ হাজার মেট্রিক টন।সরকারি খাতের প্রতিটি সিলিন্ডারের সর্বোচ্চ দাম নির্ধারিত রয়েছে ৭০০ টাকা। কিন্তু কিছু সরকারি কর্মকর্তা ছাড়া সাধারণ গ্রাহকেরা ওই দামে কখনোই সরকারি এলপিজির সিলিন্ডার পান না। এগুলোও তাঁদের কিনতে হয় বেসরকারি কোম্পানির সিলিন্ডারের কাছাকাছি দামেই। এই প্রতারণা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই।