এলপিজির সরবরাহ বাড়াতে চার পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক গ্রাহকদের জ্বালানি সমস্যা নিরসনে সরকার দেশে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ বাড়াতে জরুরি ভিত্তিতে চারটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এলপিজি সহজলভ্য করার বিষয়ে উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক ও জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।সিদ্ধান্তগুলো হচ্ছে: এক. মংলায় পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পড়ে থাকা জায়গায় এ বছরের মধ্যে এক লাখ টন ক্ষমতার নতুন একটি ‘এলপিজি বোটলিং প্লান্ট’ স্থাপন করা। রাষ্ট্রীয় খাতের তেল বিপণনকারী তিনটি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার যৌথ উদ্যোগে এটি করা হবে। দুই. সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিতে (পিপিপি) চট্টগ্রামের কুমিরায় এ বছরের মধ্যে আরেকটি এক লাখ টন ক্ষমতার নতুন প্লান্ট স্থাপন করা।তিন. চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান এলপিজি প্লান্ট ও সিলেট গ্যাসফিল্ডস কোম্পানির ফ্রাকশনেশন প্লান্টে এলপিজির উৎপাদন বর্তমানের দ্বিগুণ করা।চার. এলপিজির সিলিন্ডার ও অন্য যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক ও কর কমিয়ে দাম নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে আমদানি ও সরবরাহ বাড়ানো।দাম নিয়ন্ত্রণে আরও উদ্যোগ: সারা দেশে এলপি গ্যাসের গ্রাহকদের মূল অভিযোগ দাম নিয়ে ফাটকাবাজি ও অস্থিতিশীলতা। এ ব্যাপারে সরকার কী করবে, জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরবরাহ বাড়িয়ে এলপিজি সহজলভ্য করলেই দাম স্থিতিশীল হবে। তা ছাড়া শুল্ক ও কর কমিয়ে দিলে দাম কমবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি কোম্পানির প্রতি সিলিন্ডার এলপিজি যেন নির্ধারিত ৭০০ টাকা দামেই বিক্রি হয়, তা নিশ্চিত করতে তদারকি কমিটি গঠন করে নজরদারি করা হবে। জ্বালানিসচিব বলেন, দেশের সব এলপিজি ডিলারের নামের তালিকা ও ফোন নম্বর প্রকাশ করা হবে, যাতে ডিলারদের কাছ থেকে ক্রেতারা সরাসরি কিনতে পারেন।সরকারি সূত্র জানায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে সিলিন্ডার বাজারে সরবরাহ করে তার দাম সরকারি কোম্পানির দামের চেয়ে কিছুটা বেশি থাকবে। কারণ, তাদের এলপিজি আমদানি করা।চাহিদা কত: গ্যাস-বিদ্যুতের সংকট থাকায় দেশে বর্তমানে এলপিজির চাহিদা বাড়ছে। তবে প্রকৃত চাহিদা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান চাহিদা অনুযায়ী বছরে প্রায় তিন লাখ টন এলপিজি দরকার। কিন্তু সরবরাহ এর এক-তৃতীয়াংশের মতো।সরকারি খাতের ইস্টার্ন রিফাইনারি আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে এলপিজি উৎপাদন করে। সরকারি খাতের আরেকটি প্রতিষ্ঠান এলপিজিএল সিলেট গ্যাসফিল্ড কোম্পানির গ্যাসক্ষেত্র থেকে পাওয়া এনজিএল থেকে এলপিজি উৎপাদন করে। এই দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত এলপিজির পরিমাণ বছরে ১২ লাখ সিলিন্ডারের মতো ছিল। আগামী জুন-জুলাই নাগাদ এই পরিমাণ অন্তত ২০ লাখে উন্নীত হবে। কারণ, সিলেট অঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো থেকে এখন এনজিএল বেশি পাওয়া যাচ্ছে। তা থেকে এলপিজি তৈরির কারখানাও বেড়েছে।ঢাকায় সরবরাহ কম: ঢাকায় পাইপলাইনের গ্যাস সরবরাহ থাকায় এলপিজির সরবরাহ খুব কম। ভালো বিতরণব্যবস্থাও গড়ে ওঠেনি। প্রায় দেড় বছর ধরে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপিজির চাহিদা অনেক বেড়েছে। ঢাকার গ্রাহকেরা বেশি দাম দিয়েও এলপিজি পাচ্ছেন না।