এলাকার কর্তৃত্ব নিয়ে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষমতাসীন দলের সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মদ ও উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজ মুখোমুখি।এলাকার কর্তৃত্ব, আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সরকারি উন্নয়ন কাজের ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের এই বিরোধ এখন সংঘর্ষে রূপ নিয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবারও সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।প্রথম আলোর পক্ষ থেকে গত সপ্তাহে গফরগাঁওয়ে সরেজমিনে ঘুরে, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরোধের নানা ঘটনা এবং অনিয়ম-দুর্নীতির বিভিন্ন তথ্য পাওয়া গেছে। গফরগাঁও পৌরসভার মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার আহমেদ প্রথম আলোকে বলেন, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে এলাকার উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, গফরগাঁওয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কোনো কমিটি নেই। এখন সেখানকার আওয়ামী লীগ কার্যত তিন ভাগে বিভক্ত। এর মধ্যে দলটির বড় একটা অংশ নিয়ন্ত্রণ করেন ফাহমী গোলন্দাজ। উপজেলা সদরে ফাহমীর দাপট বেশি। আওয়ামী লীগের আরেক অংশের নেতৃত্ব দেন সাংসদ গিয়াস উদ্দিন। এর বাইরে পৌর মেয়র কায়সার আহমেদের নিয়ন্ত্রণে আছে দলটির ছোট একটা অংশ। এঁরা তিনজনই নিজেকে থানা আওয়ামী লীগের আহ্বায়ক করে পৃথক পৃথক কমিটি দলের কেন্দ্রীয় কমিটিতে জমা দিয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তিনজনই নিজেকে আহ্বায়ক দাবি করেন।স্থানীয় নেতারা জানান, একসময় গফরগাঁওয়ে আওয়ামী লীগের একক কর্তৃত্ব ছিল আলতাফ হোসেন গোলন্দাজের। আওয়ামী লীগ সরকারের আগের আমলে (১৯৯৬-২০০১) বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী আলোচিত ছিলেন। তিনি থানা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির আহ্বায়ক ছিলেন। ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি আলতাফ গোলন্দাজ মারা যান। এরপর ওই আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। এরপর আর কমিটি হয়নি।আলতাফ গোলন্দাজের মৃত্যুর পর তাঁর ছেলে ফাহমী দলের নিয়ন্ত্রণ নেন। এখনো উপজেলা সদরে তাঁর দাপট সবচেয়ে বেশি। অন্যদিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গিয়াস আহম্মদ সাংসদ হওয়ার আগে মূলত চট্টগ্রামে তাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর দলীয় রাজনীতিতে নাম লেখান। তিনি ও ফাহমী দুজনই এখন আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য।বর্তমান সরকারের শুরু থেকেই এই দুজন বিরোধে জড়িয়ে পড়েন। দিনে দিনে দুই পক্ষই বেপরোয়া হয়ে উঠেছেন। স্থানীয় প্রশাসনও তাঁদের কাছে অসহায় বলে সেখানকার একাধিক কর্মকর্তা জানিয়েছেন।গত ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গফরগাঁও সফরের সময়ও দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ওই দিন গফরগাঁও সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মদকে লক্ষ্য করে ব্যাপক জুতা ছোড়া শুরু হয়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।সাংসদের পক্ষের লোকজনের অভিযোগ, হট্টগোল বাঁধানোর জন্য উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজের লোকজন এটা করেছে।অবশ্য সাংসদ গিয়াস উদ্দিন এটাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সেটা প্রধানমন্ত্রী জানেন।’আর প্রথম আলোর কাছে ফাহমী গোলন্দাজের দাবি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাংসদের প্রতি জুতা নিক্ষেপ করেছে সাধারণ মানুষ। তারা সাংসদের দুর্নীতির প্রতিবাদে এটা করেছে।জানতে চাইলে পৌর মেয়র কায়সার আহমেদ বলেন, সাংসদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি, টিআর-কাবিখা নিয়ে নানা অভিযোগ আছে। সে জন্য মানুষ ক্ষুব্ধ। আর এটার সুযোগ নিয়ে উপজেলা চেয়ারম্যানও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। সাংসদের দখল ও আ.লীগের দুই কার্যালয়: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গফরগাঁও সদরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ৪১ শতাংশ জমি ও আধাপাকা সরকারি ভবন দখল করে আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছে সাংসদ গিয়াস উদ্দিনের লোকজন। সাংসদ এলাকায় গেলে এই কার্যালয়ে বসেন।আর গফরগাঁও বাজারে উপজেলা আওয়ামী লীগের পুরোনো কার্যালয়টি উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজের নিয়ন্ত্রণে।সওজের জমিটি অবৈধ দখলমুক্ত করতে ময়মনসিংহ পুলিশ সুপার ও গফরগাঁও থানাকে চারটি চিঠি দিয়েছে সওজ। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে সওজের এক পদস্থ কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা বলেন, শহরের শহীদ স্মৃতিসৌধসংলগ্ন এই জমির বাজারমূল্য অন্তত পাঁচ কোটি টাকা।জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দাবি করেন, তিনি কয়েক মাস আগে যোগ দিয়েছেন। সওজের চিঠির বিষয়ে জানেন না। অবশ্য সাংসদ গিয়াস উদ্দিন দাবি করেন, সওজের জায়গায় নয়, তাঁদের নিজস্ব জায়গায় দলীয় কার্যালয় করা হয়েছে।নিজের নামে কলেজ: সাংসদ হওয়ার পরই নিজের নামে ‘ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মদ কলেজ’ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের ১৫৫ শতাংশ জমি স্থায়ী বরাদ্দের জন্য আবেদন করেন গিয়াস উদ্দিন। বিধিসম্মত নয় বলে পানি উন্নয়ন বোর্ড এখনো সে জমি বরাদ্দ দেয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রিয়াজ উদ্দীন আহমেদ জানান, দুই বছর আগেই কলেজের কার্যক্রম শুরু হয়েছে। তবে নিজস্ব ভবন নেই বলে নিগুয়ারী সাইদুর রহমান উচ্চবিদ্যালয়ের চারটি কক্ষে পাঠদান চলছে।অধ্যক্ষ বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি ইজারা বরাদ্দের চেষ্টা চলছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২ লাখ টাকা অনুদান পাওয়া গেছে। এই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ নিজে। নিজস্ব অবকাঠামো না থাকলেও সাংসদ নিজের কলেজের জন্য জেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে সাত লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ময়মনসিংহ জেলা পরিষদ সূত্র জানায়, গত অর্থবছরে গফরগাঁও উপজেলার জন্য এডিপির বরাদ্দ ছিল ৪৪ লাখ ৭১ হাজার ৩১০ টাকা। এই অর্থ থেকে সাংসদের নামে করা কলেজেই সর্বাধিক বরাদ্দ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সাংসদ গত জুন মাসে জমি বরাদ্দের জন্য আবেদন করেন। সেটি সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।সাংসদ জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা বরাদ্দ পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।শিক্ষককে মারধর: ২০০৯ সালের ১ আগস্ট গফরগাঁও সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিনকে সাংসদের উপস্থিতিতেই তাঁর ক্যাডাররা মারধর করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসে অবস্থিত মসজিদে দলবল নিয়ে সেদিন জুমার নামাজ পড়তে গিয়েছিলেন সাংসদ। কলেজের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় সাংসদের গাড়ি প্রবেশে দেরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদের সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন ক্যাডার অধ্যক্ষকে টেনেহিঁচড়ে তাঁর কার্যালয় থেকে রাস্তায় এনে মারধর করেন। এ সময় যুবলীগের ক্যাডার পলাশ অধ্যক্ষের গায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন।এ ঘটনায় গফরগাঁও থানায় কলেজের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়।শিক্ষককে মারার কারণ জানতে চাইলে সাংসদ প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক জামায়াতের ছিলেন। কেন মারধর করা হয়েছিল, এখন সেটা তাঁর মনে নেই।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংসদের লোকজন সমকাল-এর গফরগাঁও প্রতিনিধিকেও পিটিয়ে মারাত্মক জখম করে। সাংসদ বনাম চেয়ারম্যান: ২০০৯ সালের সেপ্টেম্বরে দিনেদুপুরে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্টিলের আলমারির তালা ভেঙে দুই হাজার ভিজিডি কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ইউনিয়নের সচিব সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ ঘটনার জন্য সাংসদ ও উপজেলা চেয়ারম্যান একে অপরের নেতা-কর্মীদের দায়ী করেন। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের কারণে সম্প্রতি পাইথল ইউপির নির্বাচনের আগে ও পরে একাধিক সংঘর্ষ হয়। ২০ জুলাই পাইথল ইউনিয়নে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।প্রয়াত সাংসদ আলতাফ গোলন্দাজ জীবিত অবস্থায় প্রতিষ্ঠা করেছিলেন ‘আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ’। তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কাজী আশরাফ উদ্দিন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেবকে সভাপতি বানিয়েছেন সাংসদ। সভাপতি হয়েই তালেব এক সভায় কোরাম সংকট দেখিয়ে ২০১০ সালের মে মাসে কলেজের অধ্যক্ষ শামছুল হককে বরখাস্ত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় সাংসদের আস্থাভাজন মোস্তাফিজুর রহমানকে। এর কিছু দিনের মধ্যেই কলেজে ডাকাতি হয়। এই ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দিয়ে সাংসদ সাবেক অধ্যক্ষ শামছুল হকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এসব ঘটনায় ১১ মাস কলেজের শিক্ষকদের বেতন বন্ধ থাকে।এরপর কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য জিয়া উদ্দিনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সাংসদের করা পরিচালনা কমিটি বাতিল হয় এবং আগের অধ্যক্ষ নিজ পদে বহাল হন। বর্তমানে কলেজের পরিচালনা পরিষদ সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ বলেন, উপজেলা চেয়ারম্যান ও সাংসদ একে অপরের বিরুদ্ধে প্রচার চালান। তাদের দ্বন্দ্বের কারণে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। ফাহমী গোলন্দাজ প্রথম আলোকে বলেন, সাংসদ শিক্ষকদের মারধর করেন, টিআর-কাবিখা নিয়ে দুর্নীতি করেন এবং নিয়োগ-বদলিতে বাণিজ্য করেন। এটার প্রতিবাদ করার কারণেই তাঁর সঙ্গে দ্বন্দ্ব।উপজেলা চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সাংসদ গিয়াস উদ্দিন বলেন, ‘আমি প্রকৃত রাজনীতি করি। অন্যরা কে কী করে জানি না।’বরাদ্দ ফেরত: জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাংসদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় বরাদ্দ প্রায় ৪২৭ মেট্রিক টন খাদ্যশস্য ফেরত যায়। একই অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সাড়ে চার লাখ টাকা ও কাজের বিনিময়ে টাকার (কাবিটা) ৩৫ হাজার টাকা সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যে মতানৈক্য না হওয়ায় ফেরত যায়। ২০০৯ সালের আগস্টে উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য বরাদ্দ করা ভিজিএফ কার্ডের ৩০০ মেট্রিক টন চাল ফেরত যাওয়ার উপক্রম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় বাড়িয়ে সমস্যা সমাধান করেন।ফাহমী গোলন্দাজ বলেন, সাংসদ ভুয়া প্রকল্প দেখিয়ে টিআর-কাবিখার অর্থ আত্মসাৎ করতে চেয়েছিলেন। সাংসদের কারণেই এলাকার গরিব মানুষ ও অবকাঠামো উন্নয়নের সরকারি সাহায্য ফেরত গেছে। এ ব্যাপারে সাংসদ বলেন, ‘বরাদ্দ ফিরে যাওয়ার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে কারণ জানা যাবে।’