এলাকায় এলাকায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বনশ্রীর বাসিন্দা মোতাহার হোসেন তাঁর বাবাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। চার দিন পর গত বৃহস্পতিবার রাতে বাবাকে বাসায় নিয়ে দেখেন, হাত ধোয়ার মতো পানিও নেই। অগত্যা রাত সোয়া ১০টায় বালতি হাতে রওনা দিলেন পানির খোঁজে। তিনি জানান, রোগীকে ভালো করে গোসল করিয়ে দিতে বলেছেন চিকিৎসক। কিন্তু পানি নেই, তিনি কী করবেন!হাতিরপুল ৩৮৩/এইচ/২ ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দা ফারুক হোসেন দুশ্চিন্তায় পড়েছেন তাঁর নবজাতকের জন্য। এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি এত বেশি দূষিত যে খাওয়া দূরে থাক, গোসল করতেও খারাপ লাগে। তাঁর সন্তানের পরিচর্যার জন্য এখন কেনা পানি ব্যবহূত হচ্ছে। কিন্তু গৃহস্থালির কাজে ব্যবহূত পানি কোনো না কোনোভাবে যদি সন্তানের ক্ষতি করে? সদা সতর্ক থাকছেন পরিবারের সদস্যরা। রাজধানীর বেশির ভাগ এলাকায় এখন এই অবস্থা। হয় পানি নেই অথবা পানি থাকলেও তা ময়লা ও দুর্গন্ধযুক্ত। এই পানি পান করে উল্লিখিত এলাকাগুলোয় শিশুরা ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। চুলকানিসহ নানা চর্মরোগও হচ্ছে।রাজারবাগ পুলিশ লাইনের পূর্ব দিকে একটি পাম্প থেকে আরামবাগ, ফকিরেরপুল, পুরানা পল্টন, শান্তিনগর প্রভৃতি এলাকার মানুষ প্রতিদিন পানি সংগ্রহ করছে।ফকিরেরপুলের বাসিন্দা রেহানা আখতার জানান, তাঁদের বাসা থেকে বিশাল এক ট্যাঙ্কি দেখা যায়। কিন্তু তারা সে পানি পান না। ১৫ দিন ধরে যে পানি পাচ্ছেন, তা ব্যবহারের অযোগ্য। পাম্পহাউস থেকে জানানো হয়, গভীর রাতেও এখানে এলাকাবাসী পানি নিতে আসে। রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় চন্দ বলেন, ৩০ বছরেরও বেশি সময় এলাকায় বসবাস করছেন। আগেও পানিতে দুর্গন্ধ ছিল। কিন্তু এবারের মতো এত দূষিত পানি আগে আসেনি। নগরের সাধারণ ও অভিজাত সব এলাকাতেই এখন পানিতে দুর্গন্ধ। অভিজাত এলাকার মানুষ বোতলজাত পানি বা মিনারেল ওয়াটার পান করছে। সাধারণ এলাকার বেশির ভাগ বাসিন্দা ওয়াসার পানির ওপরই নির্ভর করে।অভয় দাস লেনের বাড়িতে বাড়িতে ওয়াসার পানিতে দুর্গন্ধ। এলাকার বাসিন্দা আরতি নন্দীর অভিযোগ, এক মাসেরও বেশি সময় পানিতে ময়লা ও দুর্গন্ধ। খাওয়ার পানি কিনছেন। কিন্তু দূষিত জেনেও অন্য কাজে ওয়াসার দূষিত পানিই ব্যবহার করতে হচ্ছে। ওয়াসাকে বিল তো ঠিকই দিতে হবে।মাদারটেকের বাসিন্দা আবদুর রশিদ জানান, পুরো এলাকায় পানি দূষিত। তার পরও অনেক বাসিন্দাকে এই পানিই পান করতে হচ্ছে। কদমতলার গৃহিণী অনামিকা মাহবুব অভিযোগ করেন, পানিতে ময়লা আর দুর্গন্ধের কারণে চরম অস্বস্তিতে দিন কাটছে তাঁর পরিবারের। পূর্ব তেজতুরি বাজারের বাসিন্দা সনি আকতার, মগবাজারের ডাক্তারের গলির বাসিন্দা সবুর চৌধুরী রামপুরার আখতার শাহীনসহ অসংখ্য মানুষের একই অভিযোগ, ফেনাযুক্ত দুর্গন্ধময় পানি আসছে। ওয়াসাকে জানানোর পর তারা বলেছে, পানি বিশুদ্ধ করার জন্য যে ওষুধ (ক্লোরিন) দেওয়া হয়, এটা তার গন্ধ। তিনি প্রশ্ন করেন, ক্লোরিনে ময়লা থাকবে কেন? মিরপুর রোডে একটি সোয়েটার কোম্পানি থেকে অভিযোগ করা হয়, কোম্পানিতে নিয়োজিত ৬০০ কর্মীর অনেকে অসুস্থ হয়ে পড়েছেন দূষিত পানি পান করে। পানিতে ফিটকিরি দিয়ে বা জীবাণু প্রতিরোধক বড়ি মিশিয়েও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে লালমাটিয়ায় ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করেও কোনো কাজ হয়নি।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বিদ্যুৎ বিভ্রাটের জন্য নলকূপগুলো সার্বক্ষণিকভাবে চালু রাখতে না পারা, আবার পানির উত্তোলনও কম হওয়ায় পানির কিছুটা ঘাটতি আছে। শীতলক্ষ্যা ও ঢাকার বিভিন্ন স্থানে নলকূপের পানির স্তর নেমে যাওয়ায়ও দূষণ বেড়ে গেছে। শোধনাগারের পানিতে দূষণ প্রতিরোধক ওষুধ দেওয়া হচ্ছে। অনেক স্থানে এই ওষুধের গন্ধকে দুর্গন্ধ বলা হচ্ছে। ভারী বৃষ্টি হলে এই গন্ধ চলে যাবে।