এলাঙ্গী হাটে ঝুঁকিতে দোকানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে এলাঙ্গী হাটের দোকানিরা দীর্ঘদিন ধরে দোকান করছেন জীবনের ঝুঁকি নিয়ে। দোকানিদের কাছ থেকে সরকার লাখ লাখ টাকা কর আদায় করলেও হাটের শেডগুলো মেরামত করা হয়নি। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে পাকা রাস্তা দিয়ে ওই হাটে যেতে হয়। একটি ইউনিয়নের ১২টি গ্রামসহ অন্যান্য ইউনিয়নের লোকজন ওই হাটে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করতে আসেন। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুদিন হাট বসে। দুপুর থেকে রাত আটটা পর্যন্ত হাটে বেচাকেনা হয়। এ ছাড়া প্রতি দিন সকাল-বিকেল বাজার বসে। হাটে কেনাবেচা ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ক্রেতা-বিক্রেতার প্রচুর সমাগম ঘটে। কিন্তু ১/১১-এর সময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে হাটটিতে ব্যাপক ভাঙচুর করা হয়। কিন্তু এখনো খোলা আকাশের নিচে বসে আগের দখলদারেরা ব্যবসা করছেন। অন্যদিকে সাধারণ দোকানিরা মাত্র দুটি জরাজীর্ণ ভাঙা টিনশেডের নিচে ঠাসাঠাসি করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন। ঝড়-বৃষ্টিতে যেকোনো সময় শেডগুলো ভেঙে মানুষের প্রাণহানি ঘটার সম্ভবনা রয়েছে। এলাঙ্গী হাটের মিষ্টি ব্যবসায়ী শ্যামল সাহা বলেন, ‘হাটের খাজনা আমরা নিয়মিত দিই। তবুও ভাঙাচোরা ঘরে বসে বেচাকেনা করতে হয়। ঘরের কোনো মেরামত করা হয় না। ঝড়-বৃষ্টি জোরে এলে ভয়ে ভগবানকে ডাকতে হয়।’ হাটের ওষুধ ব্যবসায়ী পল্লী চিকিৎসক শাহাজাহান আলী বলেন, ‘খোলা আকাশের নিচে বসে অনেক দিন ধরে দোকান করছি। এখন ঝড়-বৃষ্টির সময়, বৃষ্টি এলে দোকান তুলে রেখে চলে যেতে হয়। রোজগার না হলে চলব কী করে?’ ইজারাদার মাজহারুল আনোয়ার মুঞ্জু বলেন, ‘এ বছর দুই লাখ টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি। ইজারার হার প্রতি বছর বাড়লেও হাটের কোনো উন্নতি হয়নি। বৃষ্টিতে ভিজে দোকানিরা দোকান করলে খাজনা দিতে চায় না। এতে খাজনা আদায়ের হার কমে যায়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটের ইজারা বন্দোবস্ত কমিটির সভাপতি আবদুল্লাহ হরুন বলেন, ‘আমি নিজে ওই হাটে গিয়ে দেখেছি, সেখানকার ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ শেডের নিচে বসে ব্যবসা করছেন। বরাদ্দ পেলে খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার চেষ্টা করব।’