এলাহাবাদে পদপিষ্ট হয়ে নিহত ৩৬ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ রেলস্টেশনে হুড়োহুড়ির ঘটনায় পদপিষ্ট হয়ে ৩৬ জন পুণ্যার্থী নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এলাহাবাদ রেলস্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে এই ঘটনা ঘটে।আহত পুণ্যার্থীদের এলাহাবাদ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গতকাল সন্ধ্যায় এলাহাবাদের গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর সঙ্গমস্থলে মৌনি অমাবস্যার স্নান সেরে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে চার হাজারের বেশি পুণ্যার্থী স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ঘোষণা করা হলে ট্রেনে ওঠার জন্য সবাই ছোটাছুটি শুরু করেন। এতে ঘটনাস্থলে মানুষের পায়ের চাপায় ৩৬ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রীদের অভিযোগ, স্টেশনের ভিড় সামলাতে যাত্রীদের লাঠিপেটা করেছে পুলিশ। এ কারণে সবাই দৌড়ানোর সময় এ ঘটনা ঘটে। তবে রেলের কর্মকর্তারা যাত্রীদের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রেল মন্ত্রণালয় নিহত যাত্রীদের পরিবারকে পাঁচ লাখ ও আহত ব্যক্তিদের এক লাখ রুপি ক্ষতি পূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রেলের রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে প্রধান করে রেলের কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে উত্তর প্রদেশ সরকারও একটি তদন্ত কমিটি গঠন করেছে। রেলমন্ত্রী পবন কুমার বনশাল বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার পুণ্যার্থীদের গন্তব্যে পৌঁছানোর জন্য অতিরিক্ত ৫০টি ট্রেন দেওয়া হচ্ছে।