এলাহী বক্সের ড্রাম-জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিলের আমি কেউ নই। যারা মিছিলে গুলি করেছে তাদের যেমন ঘেন্না করি, যারা মিছিল করেছে তাদেরও। দুই পক্ষের একই কাজ—লুটপাট, অগ্নিসংযোগ ও সুযোগ পেলে ধর্ষণ। দুই পক্ষের নেতাই ধর্ম ও মানবতার কথা বলেন।আমি মিছিলের ধারেকাছেও ছিলাম না—তবে ট্রিগার টিপলে যে শব্দ হয়, সেই শব্দের যে রেঞ্জ, আমি সম্ভবত সেই বৃত্তের ভেতরে ছিলাম—অবিরাম গোলাগুলির শব্দ আমি যে শুনেছি, তাতে সামান্য সন্দেহও নেই।আমি ছিলাম একটা বড় ড্রামের ভেতরে। ড্রামে একদা মবিল ছিল। এখন কেবল তলানিটুকু। মাথাটা নিচের দিকে, পা ওপরের দিকে বলা ঠিক হবে না, কারণ কোমরসহ পা-জোড়া মাথার ওপর যে ভেঙে পড়েছে। এই আসনটি আমার অপছন্দের। আমার মবিলের ড্রামে মাথায় ভর দিয়ে থাকার কথা ছিল না। মাথা ছিল সুবিধাজনক জায়গায়, সেইফ ডিসপোজাল। আমি ছিলাম গাড়িটার পেছনে, বুটে। চুলগুলো উসকোখুসকো, পেটের দিকে জিন্স শার্টের ওপর একটা ছিদ্র। কেউ কেউ বলতে পারে, গুলি ঝাঝরা করে দিয়েছে—এটা সম্পূর্ণ মিথ্যে, উসকানিমূলক বক্তব্য। হত্যাকারীদের বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই এসব এক্সাজারেশন হয়ে থাকে। আমাকে কেবল একটা গুলি করেছে, মারধর করেনি, উলঙ্গ করে অন্য অশ্লীল নির্যাতন করেনি, এমনকি মা-বাপ তুলে গালিও দেয়নি। এদের কেউই মিছিলের লোক নয়।কেবল বলেছে, ‘ভালোবাসার এত খায়েশ! তো বাংলাদেশে কি মেয়ের অভাব পড়েছে? এখন তো ঘরে ঘরে মেয়ে। যে ঘরে এক ছেলে সে ঘরে অন্তত দুই মেয়ে, কোনোটাতে এক ছেলে সাত মেয়ে। পনেরো কোটির অর্ধেকেরও বেশি মেয়েমানুষ—এর মধ্যে একজনকেও আপনার মনে ধরল না, ভালো লাগল কেবল ওই নায়লা ম্যাডামকে?’আমি বললাম, ‘জি, কী বলছেন এসব? নায়লা আমার স্ত্রী। আমরা গত পরশু মীর হাজিরবাগ কাজি অফিসে বিয়ে করেছি। এক লক্ষ এক টাকা কাবিন।’নায়লা হাবীবুল্লাহ কিংসফোর্ড কিন্ডারগার্টেনের শিক্ষক। কূটনীতিক বাবার সঙ্গে পঁচিশ বছর জীবনকালের তেরো বছর কাটিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। উচ্চতর ডিগ্রি অর্জন না করলেও ছোট ও মাঝারি বেশ কটি ডিপ্লোমা লাভ করেছে, ইংরেজিতে দক্ষ দেখেই কিন্ডারগার্টেনের মালিক সাবেক ডিআইজি শুকুর মাহমুদ তাকে নিয়োগ দিয়েছেন, দ্রুত তার বেতন বাড়িয়েছেন এবং তার সঙ্গে শারীরিক কিংবা বৈবাহিক (এতে শরীরের স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি ঘটে থাকে) সম্পর্ক স্থাপনে মরিয়া হয়ে উঠেছেন বলেই নায়লা বলল, ‘এলাহী ভাই, চলেন বিয়ে করে ফেলি। শুকুর মাহমুদ বাড়াবাড়ি করলে চাকরি ছেড়ে দেব। ব্লু হেরাল্ড আমাকে নেবে, মালিক কর্নেল (রিটায়ার্ড)। ডিআইজি তাহলে বেশি সুবিধে করতে পারবে না।’আমি বললাম, ‘হাতে তো কিছু নেই, মানে বিয়ে করার মতো টাকা নেই। ছয় মাস পরে করি।’নায়লা বলল, ‘বিয়ে করতে টাকা লাগে না, এলাহী ভাই, সাহস লাগে।’তখনই একটি বিখ্যাত উদ্ধৃতি আমার মনে পড়ল, কাপুরুষেরা একটা কাজই সাহসের সঙ্গে করতে পারে, বিয়ে।আমি এলাহী বক্স, কিংসফোর্ড কিন্ডারগার্টেনের চাকরিচ্যুত শিক্ষক। স্কুলের একজন শিক্ষয়িত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মালিক কাম প্রিন্সিপাল শুকুর মাহমুদ আমাকে চাকরিচ্যুত করার আয়োজন করেন এবং স্কুলকমিটির প্রেসিডেন্ট তাঁরই স্ত্রী আয়েশা শুকুরের স্বাক্ষরে এক মাসের বেতন দিয়ে পত্রপ্রাপ্তির দিন থেকে স্কুল থেকে বিদায় করা হয়। যোগদান করার দিনই যেসব শর্ত মেনে নিয়েছি তার অন্যতম একটি হচ্ছে, এক মাসের নোটিশ কিংবা এক মাসের বেতন দিয়ে কোনো কারণ দর্শিয়ে বা না দর্শিয়ে কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাকে বিদায় করে দিতে পারবে। একই ক্ষমতা প্রয়োগ করে আমিও চাইলে স্কুল ছাড়তে পারব।আমার অপরাধটি অস্পষ্ট নয়—একজন শিক্ষয়িত্রী যখন কামড় বসিয়ে আস্ত আপেল খাচ্ছিলেন, আমি তাঁর দিকে তাকিয়ে ছিলাম। অর্ধেক খেয়ে তিনি যখন তাঁর লালা ও থুতু লেগে থাকা আপেলটি আমাকে দিলেন, আমি সানন্দে বাকিটা খেয়ে ফেললাম। সম্পর্কটা কেমন হলে লালা ও থুতুতে ঘেন্না ধরে না, বরং তা আপেলের স্বাদ বাড়িয়ে দেয়, নিরপেক্ষভাবে বিবেচনা করলে তা অনৈতিক মনে হওয়ারই কথা। গভর্নিং বোর্ডের বৈঠকে একজন সদস্য বলেছেন, পুরো ব্যাপারটা আসলে জেনাহর শামিল। এভাবে যে অবাঞ্ছিত পুরুষ নারীর হাতে দেওয়া দূষিত আপেল খেতে পারে, সেই নারীতে উপগত হওয়া তার পক্ষে অসম্ভব কিছু নয়। সঠিক বিচার করতে হলে দুজনকেই প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা উচিত, কিন্তু তাতে হইচই বেশি হবে, বরং দুজনকে স্কুল থেকে বের করে দিন।শুকুর মাহমুদ বললেন, ‘এখানে নারী নির্দোষ। তার প্রতি কঠোর হওয়ার সুযোগ নেই। এলাহী বক্সেরই শাস্তি প্রাপ্য। এতে অন্যান্য পুরুষ শিক্ষকেরাও সতর্ক হবে। একটু কঠোর হলে আমি ওটা কেটে ফেলার কথা বলতাম।’আমার স্কুল ছাড়ার পরদিন এক মাসের বেতনের সমপরিমাণ অর্থের একটি চেক এবং চাকরি ছেড়ে দেওয়ার আবেদন দাখিল করে নায়লা হাবীবুল্লাহ। প্রিন্সিপাল তার হাতে-পায়ে ধরে বেতন আরও পাঁচ শ টাকা বাড়িয়ে স্কুলে ধরে রাখেন। আমিও তাৎক্ষণিকভাবে একটি বায়িং হাউসে চাকরি পেয়ে যাই, বেতনও শিক্ষকতার বেতনের চেয়ে বেশি। চাকরিচ্যুতি নায়লার সঙ্গে আমার সম্পর্ক আরও নিবিড় করে। এত দিন যা ছিল প্রেমের আভাস, তা প্রেমে পরিণত হয়। আমার চাকরিচ্যুতির ক্ষতি পোষাতে সে তার জীবন বিলিয়ে দেয়।এক মাসের মধ্যে স্কুলকমিটির প্রেসিডেন্ট মিসেস আয়েশা শুকুর অনুগ্রহ করে আমার বাসায় এসে বললেন, ‘ভুল হয়ে গেছে, রিভিউ পিটিশন দিন। আমি আরও তিন মেম্বারের সঙ্গে কথা বলেছি। সবাই রাজি মেয়েটাকে বাঁচাতে এবং আমার সংসার রক্ষা করতে। আপনাকে আবার ফিরিয়ে নিতেই হবে। বেতন পাঁচ-সাত শ কি হাজার বেশি হলেও। শুকুর মাহমুদ নায়লা মেয়েটাকে শেষ করে ফেলবে।’আমি অবলীলায় তাঁকে বলে ফেলি, ‘নায়লা হাবীবুল্লাহর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রিন্সিপাল তাকে খেয়ে ফেললেও আমার কিছু এসে-যায় না।’প্রেসিডেন্ট কাতর স্বরে আমার হাত ধরে বললেন, ‘এলাহী বক্স, তুমি আমার ছোট ভাই। আমার সংসারটা বাঁচাও।’তিনি বড় বোন হিসেবে আমার হাতে ১০ হাজার টাকা গুঁজে দিয়ে বললেন, ‘মেয়েটা ভালো। বিয়ে করলে ঠকবে না। তোমরা জয়েন করার আগে শুকুর মাহমুদ এমিলি খান নামের একজন টিচারকে প্রেগন্যান্ট বানিয়ে ফেলেছিল। কী যে কেলেঙ্কারি! শেষ পর্যন্ত তাকে উত্তরার একটি ফ্ল্যাট দিয়ে রফা হয়েছে। এমিলির বড় ভাই ব্রিগেডিয়ার। সে জন্য আদায় করতে পেরেছে। অন্য কোনো মেয়ে হলে অ্যাবরশনের পয়সাটাও আদায় করতে পারত না।’ সে রাতেই অজ্ঞাতপরিচয় দুজন যুবকের কাছে জবাবদিহি করতে হলো—মিসেস শুকুর মাহমুদ কেন এসেছিলেন। আমার সঙ্গে, তাদের ভাষায়, এই বৃদ্ধা বাতিল মালের কী সম্পর্ক।যেহেতু সঠিক জবাব দিইনি, তারাও সন্তুষ্ট হয়নি। বলে গেছে, ‘বসের সঙ্গে কোনোরকম তেড়িবেড়ি করলে খরচের খাতায় নাম উঠে যাবে।’‘বস কে?’‘বস তোর বাবা শুকুর মাহমুদ। শোন, ইউ আর আন্ডার ওয়াচ।’তাদের জাগ্রত চোখের নিচেই আছি—এই ভেবে আর জিডি করতেও গেলাম না।দুইআমার সাহসের ঘাটতি থাকার কারণেই বিষয়টি নিয়ে কখনো আলোচনা করিনি। বিবাহ-উত্তর জীবনে আমরা যখন আরও অনাবৃত হব, তখন আমি যেন আঁতকে না উঠি, সে জন্যই নায়লা তার সমস্যার কথা বারবার বলেছে। আমি শুধু বলেছি, ‘সো হোয়াট? তাতে কী এসে যায়?’স্কুল থেকে ছুটি নিয়েই যেহেতু ক্যানসার-আক্রান্ত একটি স্তন অপসারণ করতে হয়েছে, স্কুল কর্তৃপক্ষের তাই অজানা নয় যে একজোড়া নয়, কেবল একটি স্তন নিয়েই বেঁচে আছে এবং জীবনযাপন করছে নায়লা হাবীবুল্লাহ। বিয়েটা অনিবার্য হয়ে পড়ে যতটা না বিয়ের প্রয়োজনে—তার চেয়ে বেশি শুকুর মাহমুদের হাত থেকে বাঁচার জন্য।শুকুর মাহমুদ একটি হাতে তার হাত চেপে ধরে বলেছেন, ‘রাজি হয়ে যাও। আই অ্যাম ফেড-আপ উইথ ডাবল-ব্রেস্ট উইমেন—আই ওয়ান্ট এ সিঙ্গল ব্রেস্ট লেডি।’শুকুর মাহমুদ তাঁর মুক্ত হাতটির পাঁচ আঙুল ছড়িয়ে চোঙার আকৃতি করে যখন তার দিকে হাত বাড়াচ্ছেন, ঝাঁঝালো কণ্ঠে নায়লা বলল, ‘চিৎকার দেব কিন্তু।’শুকুর মাহমুদ পিছিয়ে এলেন। তিনি তো প্রিন্সিপাল। দুষ্টভাবের যত উদ্রেকই হোক না কেন, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন। তিনি ড্রয়ারে হাত দিয়ে একটি ছোট অ্যালবাম বের করলেন, বললেন, ‘ছবিগুলো দেখো তো, চিনতে পার কি না?’ছোট অ্যালবামটির মলাটের ছবি ভারতীয় কোনো এক নায়িকার। কী নাম তার—মাধুরী দীক্ষিত না ঐশ্বরিয়া রাই? দ্বিতীয় ছবিতে আঁতকে ওঠে নায়লা। এ ছবি কোত্থেকে এল—কমোডে বসা? পরের ছবি—হাতে স্যানেটারি ন্যাপকিন। পরের ছবি—ওহ মাই গড!নায়লা তীক্ষ স্বরে জিজ্ঞেস করে, ‘এসব ছবি কোথায় পেলেন?’তিনি বললেন, ‘এগুলো তুমি রেখে দাও। আমার কাছে ভিডিও করা আছে। অনেক ছবি আছে, তোমাদের লেডিস ওয়াশরুম থেকে নেওয়া। তোমাকে ভালোবাসি, তাই তোমারটাই ঠিকঠাক করেছি। এটা আবার কাউকে বলতে যেয়ো না। ঝামেলা করলে ইন্টারনেটে চলে যাবে, ডাউনলোড ফ্রি।’শুকুর মাহমুদ বললেন, ‘গুড লাক নায়লা। শোনো সিঙ্গল ব্রেস্টেই তোমাকে বেশি মানায়। পরিকল্পনা ঠিক থাকলে আমাদের বিয়ের চতুর্থ দিন থেকে আমরা দুজন ছুটি নিয়ে বের হব। রাতে একত্রে থাকব—আমাদের প্রথম বাসর। তারপর হানিমুনে কক্সবাজারে। আমার এক বন্ধু কক্সবাজার পর্যটনের সহকারী ম্যানেজার; ব্যবস্থা সে-ই করবে।’হয়নি। তৃতীয় রাতেই আমাকে উঠিয়ে নিয়ে আসে, ধবধবে সাদা একটি কার, ড্রাইভারসহ চারজন, আমাকে নিলে পাঁচ। মিরপুর চিড়িয়াখানার পশ্চিমে বেড়িবাঁধের এক প্রান্তে গাড়ি থামে। ইচ্ছা করলে গাড়িতেই গুলি করতে পারত, রক্তটক্ত গাড়িতে লেগে যেতে পারে, সে জন্য হয়তো করেনি। মাঝারি আকৃতির একটি বটগাছের নিচে দাঁড় করায়। একজন বলে, ‘এলাহী বক্স ভদ্রমানুষ, ঝামেলা পাকাবে না। আস্তে করে কাজটা সেরে ফেলো। রাত বারোটা বেজে গেছে, আরও কাজ আছে।’তা-ই হলো। আমি হলফ করে বলতে পারি, আমার সঙ্গে সামান্য রূঢ় আচরণও করেনি। গুলিটা যে ঢুকেছে তাও বুঝতে পারিনি। আশপাশে কোনো মানুষ আমার চোখে পড়েনি। দেহটা ওখানে ফেলে রাখলে চলত। কিন্তু কেন যে কষ্ট করে গাড়ির বুটে আবার ঢোকাল, বুঝতে পারলাম না।একসময় আমিও নিশ্চিত হলাম, আমার মৃত্যু হয়েছে। দেহটার জন্য একটা নস্টালজিয়া তৈরি হওয়ায় এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। গাড়ির দিকনিশানা দেখে মনে হলো, দেহটা সম্ভবত কাঁচপুর ব্রিজ থেকে নিক্ষেপ করবে। কিন্তু ব্রিজটা অতি আলোকিত হওয়ায় সুবিধে করতে পারল না। ব্রিজ পার হলেও কী মনে করে আবার এপারে এল। যাত্রাবাড়ীর কাছাকাছি হাতের ডান দিকে একটি বন্ধ পেট্রোল পাম্পের সামনে পড়ে থাকা বেশ কটি ড্রামের একটিতে দেহটা ঢুকিয়ে দিল। দেহটা আমারই। তলানিতে থমথমে মবিল, বালি ও অন্যান্য বর্জ্য মিশে বেশ একটা পুডিংয়ের মতো হয়েছে। কান পর্যন্ত ডুবে গেল।যখন সাদা কারটা রওনা হলো, আমার ভেতরের স্বয়ংক্রিয় কয়েকটি শুভেচ্ছা শব্দ বেরিয়ে এল, ‘হ্যাড অ্যা সেইফ জার্নি। টেইক কেয়ার।’আমার দেহের এই ড্রাম-জীবন মাত্র বারো ঘণ্টার। যখন গোলাগুলি চলছে, পুলিশ ঠেকাতে রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য ড্রাম গড়ানো শুরু হলো। কয়েক চক্কর গড়ানোর পর একজন কেউ চেঁচিয়ে উঠল, ‘মানুষ মানুষ! ড্রামের ভেতর মানুষ।’অকস্মাৎ আমি গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম। কারণ, মিছিলের কারও মৃত্যু হয়নি। রাস্তা-লাগোয়া একটি মসজিদের পাশে খাটিয়াতে শুইয়ে সাবান ঘষে পানি ঢেলে আমার মাথা ও মুখে লেগে থাকা মবিল পরিষ্কার করা হলো। একজন বলল, ‘বডিটা ফ্রেশই আছে।’ একজন বলল, ‘গুলিটা পেটে।’ কিছুক্ষণের মধ্যেই আমি বিশিষ্ট নেতাদের কাঁধে আরোহণ করলাম। মসজিদের ইমাম সাহেব খাটিয়া দিতে চাচ্ছিলেন না। জোর করেই নেওয়া হয়েছে। মিছিল যখন রাস্তায়, আমিও মাথার ওপরে, আকাশ কাঁপানো স্লোগান শুরু হলো, ‘হান্নান ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না। এক হান্নান লোকান্তরে, শত হান্নান ঘরে ঘরে। হান্নান হান্নান হান্নান হান্নান। ভেঙে দাও, গুঁড়িয়ে দাও হত্যাকারীর কালো হাত।’হ্যান্ডমাইক মুখ বরাবর এনে মিছিলের প্রধান নেতা বললেন, ‘প্রিয় দেশবাসী, আপনারা শান্ত হোন, ধৈর্য ধরুন। স্বৈরাচারের পতনের এখানেই শুরু। গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য যে শহীদ হান্নান আজ বুকে গুলি পেতে নিল, সে ঋণ আমাদের শোধ করতেই হবে। এই মাত্র আমরা কেন্দ্রের নির্দেশ পেয়েছি, শহীদ হান্নানের লাশ যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় হাসপাতালের মর্চুয়ারি ক্যাবিনেট রেফ্রিজারেটরে রাখা হবে। কাল আমাদের প্রধান নেতা মিছিলে নেতৃত্ব দেবেন, শহীদ হান্নানকে কাঁধে নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করে স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দেওয়া হবে।’মিছিল মৃতদেহ নিয়ে এগোতে থাকে।শীতল রেফ্রিজারেটরের পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা স্টেইনলেস স্টিলের ট্রেতে সটান শুয়ে থাকা হান্নান ভাইকে চিনতে আমার কষ্ট হচ্ছে। হওয়ার কথাই, হান্নান ভাই দেশের কথা ভাবেন, আর আমি ভাবি সেই একজন স্কুলশিক্ষয়িত্রীর কথা।