এলিফ্যান্ট রোডে চালককে গুলি করে গাড়ি ছিনতাই
রাজধানীর এলিফ্যান্ট রোডে আব্বাস মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গুলি করে একটি ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার গভীর রাতে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্বাস মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন আব্বাস মিয়া প্রথম আলো ডটকমকে জানান, তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে অবস্থিত প্যারাগন লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। গতকাল রাত দুইটার দিকে বাটা সিগনাল মোড়ের কাছের একটি সড়কে তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত তাঁর কাছে গাড়ির চাবি চান। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁর ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে দুটি গুলি করে ব্যক্তিগত গাড়িটি নিয়ে পালিয়ে যায়।নিউ মার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আব্বাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।