এলিফ্যান্ট রোডে ২৩ লাখ টাকা ছিনতাই করে সুলতানের দল
দেড় বছর আগে ছিনতাই করতে গিয়ে রাজধানীর গুলশানে গণপিটুনিতে আহত হয়েছিলেন পেশাদার ছিনতাইকারী মো. সুলতান হোসেন (৩৬)। ওই সময় পুলিশের গুলিতে তাঁর এক সহযোগী প্রাণ হারান। গ্রেপ্তার হওয়া সুলতান জামিনে ছাড়া পেয়েই আবার দল গড়েছেন। ৬ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে দুজনকে গুলি করে ২৩ লাখ টাকা ছিনতাই করে তাঁরই দল।গত মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে এক লাখ ২৩ হাজার টাকাসহ সুলতানের তিন সহযোগীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের কাছ থেকে পাওয়া যায় সুলতানের তথ্য। তবে সুলতানকে ধরতে না পারলেও তাঁর সহযোগী শিমুল ব্যাপারী, সাগর হোসেন ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে পুলিশ।আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ডিবির ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে একটি দল রাজধানীর সূত্রাপুর, কেরানীগঞ্জ এবং শরীয়তপুর জেলায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে।সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, সুলতান জেল থেকে ছাড়া পেয়ে একটি দল গড়েন। সেই দলটি ছিনতাইয়ের জন্য বিভিন্ন ব্যাংকের সামনে ওত পেতে থাকে। তিনি জানান, ৬ ফেব্রুয়ারির ছিনতাইয়ে সুলতানসহ আটজন অংশ নেন। গ্রেপ্তার হওয়া শিমুল গ্রাহকের বেশে এনসিসি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার ভেতরে ঘোরাফেরা করছিলেন। নিচতলায় দাঁড়িয়ে ছিলেন সুলতান, সাগর, রাজু, আলী ও জুয়েল। আর ব্যাংকের উল্টো দিকের গলিতে দুটি মোটরসাইকেল চালু করে দাঁড়িয়ে ছিলেন রাজীব ও পলাশ।গোলাম মোস্তফা বলেন, ৬ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে চিকস অ্যান্ড ফিডস লিমিটেডের তিন কর্মকর্তা ২৮ লাখ টাকা তুলে বের হওয়ার সময় শিমুল তাঁদের পিছু নেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই শিমুল ওত পেতে থাকা সহকর্মীদের দেখিয়ে দেন টাকা হাতে কর্মকর্তাদের। তত্ক্ষণাত্ কোনো কথা না বলে গুলি করেন সাগর ও সুলতান। অন্যরা টাকার ব্যাগ তুলে নিয়ে দৌড় দেন। দুটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান ছয়জন। বাকি দুজন সাধারণ মানুষের সঙ্গে মিশে যান।ডিবি কর্মকর্তা বলেন, ভাগাভাগিতে গ্রেপ্তার শিমুল দুই লাখ, রাজু ৬০ হাজার ও সাগর ৩৫ হাজার টাকা পেয়েছিলেন। বাকি টাকা সুলতানের কাছে জমা রাখা হয়েছিল একটি মাইক্রোবাস কেনার জন্য।পুলিশ জানায়, ২০১০ সালের ১৮ আগস্ট গুলশানে পুলিশ কনস্টেবলের গুলিতে বাদল নামের এক ছিনতাইকারী নিহত হন। এ সময়ই সুলতানকে ধরে পিটুনি দেয় জনতা।