এলোমেলো সংসারে বাড়ছে অনাহারি মানুষের দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ধ্বংসের চিহ্ন। একেকটি ঘর যেন আছড়ে গুঁড়িয়ে দিয়ে গেছে ঘূর্ণিঝড় মহাসেন। সেই সঙ্গে গুঁড়িয়ে দিয়ে গেছে সেসব ঘরের বাসিন্দাদের সাজানো স্বপ্ন। ওই বসতঘরটুকুই ছিল তাদের শেষ আশ্রয়। সর্বশেষ আশ্রয়টুকু হারিয়ে এখন তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ত্রাণ নেই, খাবার নেই, এলোমেলো সংসারে অনাহারি মানুষগুলোর দীর্ঘশ্বাস যেন বেড়েই চলেছে। বরগুনার বঙ্গোপসাগর তীরের তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া, লালুপাড়া, চামোপাড়া, নমিসেপাড়া; নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতীপাড়া, কবিরাজপাড়া ও মেনিপাড়া ঘুরে গতকাল আশ্রয়হীন মানুষগুলোর মানবেতর জীবনযাপনের এ দৃশ্য দেখা যায়। এঁদের কেউ মাছ ধরে, কেউ কৃষিশ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এনজিও থেকে ঋণ নিয়ে, কেউ ধারদেনা করে মাথার ওপর একটা ছাউনি দিয়েছিলেন। ঘূর্ণিঝড় সেই ছাউনিটুকু উড়িয়ে নিয়ে গেছে। এখন তাঁদের ছাউনি বলতে মাথার ওপর শুধুই খোলা আকাশ। ঘূর্ণিঝড়ের আঘাতে সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের প্রায় ৭০০ বসতঘর সম্পূর্ণ ও সাত হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ইউনিয়ন দুটির প্রায় সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী অবস্থায় খোলা আকাশের নিচে বাস করছে। পরিবারগুলোর কাছে গত ছয় দিনেও ত্রাণের খাবার পৌঁছায়নি। নিশানবাড়িয়া ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব আবদুল মালেক নদীতে পোনা মাছ ধরে সংসার চালাতেন। কাছে যেতেই অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘আপনেরা কি দ্যাখতে আইছেন। মোগো কপাল পুইড়া গ্যাছে। ঘর নাই, প্যাডে ভাত নাই। এর চাইতে মরণও ভাল আলহে।’ লালুপাড়া গ্রামের বাদল খানের কাহিনিও মর্মস্পর্শী। বললেন, ‘ছয় দিনেও একমুঠ চাউল পাই নাই। এহন কি দিয়া ঘর উডামু, পোলাপান লইয়্যা কি খামু, ক্যামনে বাঁচমু কিচ্ছু কইতে পারি না।’ সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ফরাজী মো. ইউনূস বলেন, ‘এ পর্যন্ত সাড়ে চার মেট্রিক টন চাল পেয়েছি, যা দিয়ে ৫০০-৫৫০ জনকে সহায়তা করা গেছে। অথচ এই ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সাত-আট হাজার পরিবার। এত কম সহায়তা দিয়ে কীভাবে এত মানুষকে সহায়তা করব।’ পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতীপাড়া, মেনিপাড়া, কবিরাজপাড়া গ্রামে গিয়েও এমন ধ্বংসযজ্ঞ আর গৃহহীন অনাহারি মানুষের দুর্দশার কথা জানা যায়। প্রথম আলোর আমতলী প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলার তিন সহস্রাধিক গৃহহারা পরিবার ঘূর্ণিঝড়ের পর চার দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দেওয়া তালিকা অনুসারে উপজেলায় দুই হাজার ৮২৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ২৭ হাজার ৭০২টি ঘরের। জেলায় ছয় হাজার ৮৫৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ৬১ হাজার ৮১২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্ত তালতলী, সোনাকাটা, নিশানবাড়িয়া, বড়বগী, ছোটবগী, পচাকোড়ালিয়া ইউনিয়নের গৃহহারা পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। তালতলীর লাউপাড়া গ্রামের হালিমা বেগম জানান, ‘মোর ব্যাডা (স্বামী) অচল। ছোড অ্যাকটা চায়ের দোহান দিয়া পাঁচজনের সোংসার চলাই। বইন্যা মোগো ঘর লইয়্যা গ্যাছে। এ্যাহন মোরা ঘর হারাইয়্যা খোলা আহাশের নিচে আছি। মোগো এ্যাহোনো কেউ সাহায্য হরে নাই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আবদুল্লাহ জানান, গৃহ নির্মাণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় ত্রাণমন্ত্রী বরগুনা থেকে নিজস্ব প্রতিবেদক ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বিকেলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনায় এসেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন না করেই ফিরে গেছেন। তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সভায়ও যোগ দেননি। এর আগে দুপুরে তিনি গলাচিপা ও রাঙ্গাবালীর ক্ষতিগ্রস্ত পরিবাগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করেন। এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রী এলাকার মাত্র ২৭৯টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দিয়ে চলে যাওয়ায় অন্যরা হতাশ হয়ে ফিরে যান। রাঙ্গাবালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছোট বাইশদিয়া ইউনিয়নের ৫৫৪টি পরিবার ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। আর আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা চার হাজার ২৭৯টি।