এশিয়া এনার্জিকে চিঠি দেওয়ায় খনি এলাকায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কর্মকাণ্ড পরিচালনা করতে জেলা ও পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফুলবাড়ী শাখার পক্ষ থেকে একথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে বলা হয় এতে করে খনি এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কর্মকাণ্ড ও খনি বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে তিনজন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। অনেকে আজও পঙ্গু। ওই বছর সেপ্টেম্বর মাসে বর্তমান প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে যান। সুজাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জনসভায় আন্দোলনকারী ফুলবাড়ীর জনগণকে ‘স্যালুট’ জানান। ওই জনসভায় ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের ব্যাপারে শেখ হাসিনা যে বক্তব্য এবং ফুলবাড়ীর মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান চিঠির সঙ্গে সেটিকে সাংঘর্ষিক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, খনি বিরোধী আন্দোলনে ফুলবাড়ীবাসী আবার রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির প্রতিবাদে তেল-গ্যাস বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে। ২৩ নভেম্বর প্রতিবাদ সমাবেশ করবে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এ ধরনের উদ্যোগ বন্ধ না করে, তবে ওই সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।সংগঠনের ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, দিনাজপুর জেলা কমিটির সদস্য মো. আলতাফ হোসাইন, রবিউল আউয়াল, হবিবর রহমান, আব্দুল মজিদ চৌধুরী, মোজাম্মেল হোসেন, আকতারুল সরকার, প্রমুখ উপস্থিত ছিলেন।