এশিয়া এনার্জির প্রধানের আসার খবরে বিক্ষোভ
এশিয়া এনার্জির প্রধান গ্যারি লাইয়ের আগামীকাল মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে আসার খবরে এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর বাজারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির খানপুর ইউনিয়ন শাখার আহ্বানে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম সমাবেশে বলেন, আগামীকাল কম্বল বিতরণের নামে গোপনে এশিয়া এনার্জির প্রধান গ্যারি লাই খানপুর ইউনিয়নের পোড়াগ্রাম পরিদর্শনে আসার পরিকল্পনা করেছেন। কিন্তু স্থানীয় অধিবাসীরা যেকোনো মূল্যে এশিয়া এনার্জির প্রধানের এলাকা পরিদর্শনসহ সব ধরনের অপতত্পরতা প্রতিহত করবে। আদিবাসী নেতা কেরোবিন হেব্রম বলেন, সমতল এলাকার সবচেয়ে বেশি আদিবাসী বাস করে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলায়। এ এলাকায় খনি হলে এখানকার আদিবাসীরা বাংলাদেশ থেকেই নিশ্চিহ্ন হয়ে যাবে। একজন আদিবাসীও বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না। জীবন দিয়ে হলেও এশিয়া এনার্জিকে প্রতিহত করা হবে বলে তিনি ঘোষণা দেন। সমাবেশে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বলেন, ফুলবাড়ীর ছয় দফা চুক্তির অন্যতম শর্ত ছিল এশিয়া এনার্জিকে দেশ থেকে বিতাড়িত করা। বিগত চারদলীয় জোট সরকার এই চুক্তি করলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সমর্থন করেছিলেন। কিন্তু মহাজোট সরকার ক্ষমতায় এসেও এশিয়া এনার্জিকে নানাভাবে অপতত্পরতা চালাতে সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি।খানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য শফিকুল ইসলাম শিকদার, কমল চন্দ্র চক্রবর্তী, মো. নুরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রতনপুর বাজার প্রদক্ষিণ করে। কাল সকাল ১০টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে।