এশিয়া কাপ: ব্যর্থতার পাল্লাই ভারী পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৪ থেকে ২০১২। ২৮ বছরে মোট ১১ বার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। ১৯৯০ সাল ছাড়া সব কটিতেই অংশ নিয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হয়েও উপমহাদেশের ‘বিশ্বকাপ’খ্যাত এশিয়া কাপে পাকিস্তানিদের ব্যর্থতার পাল্লাই কিন্তু ভারী।এবারের আসর বাদ দিলে মাত্র দুবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে পাকিস্তান—১৯৮৬ ও ২০০০ সালে।এশিয়া কাপে নিজেদের প্রথম ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত ওই ম্যাচে লঙ্কানদের সামনে পাত্তাই পায়নি ইমরান খানের দল। নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।২০০০ সালেই কেবল পূর্ণ সফলতা পায় পাকিস্তান। ঢাকায় অনুষ্ঠিত ওই আসরে মঈন খানের নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মতো খেলে দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয় পাকিস্তান।এশিয়া কাপের ইতিহাসে সফলতম দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ভারত শিরোপা জয় করেছে পাঁচবার, শ্রীলঙ্কা চারবার। বাংলাদেশ এখনো শিরোপার দেখা পায়নি। পাবে কি এবার? জবাব পাওয়া যাবে আজই। সূত্র: ওয়েবসাইট।