এশিয়া কাপে বাংলাদেশ
এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩০০। ২০০৮ এশিয়া কাপে লাহোরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ উইকেটে এই রান করেছিল বাংলাদেশ। এশিয়া কাপে সর্বনিম্ন স্কোরের লজ্জা বাংলাদেশের। ২০০০ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ১০০ রানের নিচে টুর্নামেন্টে যে চারটি স্কোর আছে, তার তিনটিই বাংলাদেশের। সবচেয়ে বেশি, তিনটি ফিফটি জাভেদ ওমরের। সবচেয়ে খরুচে বোলার শফিউল ইসলাম। ২০১০ এশিয়া কাপে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে দিয়েছিলেন ৯৫ রান। সবচেয়ে বেশি ১১টি ডিসমিসাল খালেদ মাসুদের। ম্যাচে সর্বোচ্চ তিনটি ডিসমিসালের রেকর্ডও তাঁর। এক ম্যাচে সবচেয়ে বেশি, তিনটি ক্যাচ নিয়েছেন খালেদ মাসুদ ও সাকিব আল হাসান। সবচেয়ে বড়, ১৬০ রানের জুটিটি ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকের। ২০১০ সালে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটজুটিতে তাঁরা করেছিলেন এই রান। বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি জুটি হয়েছে সাতটি। সবচেয়ে বেশি, ১৪টি ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে দুজনের, আমিনুল ইসলাম ও খালেদ মাসুদের। বাংলাদেশকে সবচেয়ে বেশি, ছয় ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আকরাম খান। হার্ডহিটিং ব্যাটসম্যান বলতে যা বোঝায়, রকিবুল হাসান তা নন। কিন্তু বাংলাদেশের পক্ষে ন্যূনতম ২৫ রানের ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংসটি তাঁর। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬৩ বলে করেছিলেন ৮৩ রান। স্ট্রাইক রেট ১৩১.৭৪!