এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর চেরি ব্লেয়ার
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউইউ) চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছেন ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার।আজ বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এইউইউর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেরি ব্লেয়ারের কাছে এ দায়িত্ব তুলে দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সমাজ থেকে নারীর প্রতি বিদ্যমান বৈষম্যের অভিশাপ সমূলে উত্পাটন করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরও বলেন, মেয়েদের শিক্ষিত করে তোলার মাধ্যমে একদিকে যেমন বৈষম্য দূর করা যায়, তেমনি ভবিষ্যত্ উন্নয়নের সোপানও তৈরি করা হয়। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন শুধু বাংলাদেশেই নয়, এ অঞ্চলে বৈপ্লবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে ভবিষ্যতে সব ধরনের সহায়তা দেওয়ারও ঘোষণা দেন।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি দাতিন পাদুক সেরি রোসমা মানসুর। আরও বক্তব্য দেন জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিও আবে।