এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এশীয় অঞ্চলের অনগ্রসর নারীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে ২৫ শতাংশ। বাংলাদেশ সরকারের সহযোগিতায় নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশন প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে নারীশিক্ষার এ যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। ২০১৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা। এর আগে এ ব্যাপারে জাতীয় সংসদে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আইন’ পাস করা হয়।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনজিওজি ওকোনজো আইওয়েলা এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কামাল আহমেদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলীর আরেফিন নগরের পাহাড়ি এলাকায় ১০৪ একর জমির ওপর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সরকার বিনামূল্যে এই জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছেন।নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নকশা করেছেন বিশ্বের সবচেয়ে নামী স্থপতি আমেরিকার মোসে সাফদি। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ছাত্রী রয়েছে। এখানকার ৭৫ শতাংশ শিক্ষার্থী বিনা খরচে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।প্রসঙ্গত, যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী চেরি ব্লেয়ার সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। বাসস।