এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সিম্পোজিয়াম
এশিয়ার নারীদের উন্নতি বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারে
এশিয়ার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলার জন্য নারীদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে হবে। এশিয়া অঞ্চলের নারীর উন্নতি হলে তা বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে।গতকাল শুক্রবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে বক্তারা এ কথা বলেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে বাংলাদেশসহ এশিয়ার জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাত নিয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশ থেকে আসা গবেষক, অধ্যাপক, মানবাধিকার ও উন্নয়নকর্মীরা এতে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিইসি) পরিচালক সুনীতা নারায়ণ। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, অসম ও অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে বিশ্বের কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ছে। উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী দেশ ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়কে অধিকার হিসেবে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান তিনি।সুনীতা নারায়ণ আরও বলেন, বিশ্বের বায়ুমণ্ডলে এখন পর্যন্ত যে পরিমাণে কার্বন জমা হয়েছে, তার ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ধনী দেশগুলোর তৈরি। চীন ও ভারত অর্থনৈতিক উন্নতির দিকে দ্রুত অগ্রসর হওয়ায় মধ্য দিয়ে কার্বনের পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি মনে করেন, ধনী বিশ্ব জলবায়ু ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ধনী দেশগুলো বছরে দেড় হাজার বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করে। অথচ কোপেনহেগেন সম্মেলনে ঘোষণা করা বছরে ১০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিলের এক টাকাও এখন পর্যন্ত তারা ছাড় করেনি। বাংলাদেশ এখন নিজের টাকা দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।প্রশ্নোত্তর পর্বে কানাডার ওয়েস্টার্ন ওন্টারিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অমিত চাকমা বলেন, বাংলাদেশ বিশ্বদরবারে কার্বন নিঃসরণ কমানো ও বন ধ্বংসের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে ব্যাপক হারে বন ধ্বংস হচ্ছে। সরকারকে বন রক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।‘এশিয়া কোন পথে’ শীর্ষক দ্বিতীয় পর্বের আলোচনার সূত্রপাত করেন মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির। তিনি এশিয়ার জনসংখ্যার পরিমাণ, প্রবৃদ্ধির হার ও কর্মদক্ষতার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনের পৃথিবীকে সামনে এগিয়ে নেওয়া নির্ভর করছে এশিয়ার ওপর।ওই অধিবেশনে মূল প্রবন্ধে সুইডিশ অধ্যাপক হান্স রোজলিং বলেন, পৃথিবীর মোট দরিদ্রের ২১ শতাংশ দক্ষিণ এশিয়া এবং ৮ শতাংশ লাতিন আমেরিকার দেশগুলোতে বসবাস করে। এশিয়ার জনসংখ্যা ও গড় আয়ু উভয়ই বাড়ছে। ১৯৬৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের গড় আয়ু ৬৫ শতাংশ বেড়েছে। কিন্তু এই সময়ে বাংলাদেশের গড় আয় বেড়ে দাঁড়িয়েছে মাত্র ৬০০ ডলারের কিছু বেশি। অনেক উন্নত দেশের গড় আয়ু ৭৫ শতাংশ বাড়লেও গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ডলার।‘অর্থনৈতিক উন্নয়ন: নতুন কৃষি ও শিল্প বিপ্লব’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন হংকং জেনারেল চেম্বার অব কমার্সের প্রধান অর্থনীতিবিদ ডেভিড ওরিয়ার। এ সময় বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা বলেন, কোনো দেশের সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত না হলে মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকবে। দরিদ্র পরিবারের সন্তান দরিদ্র হলে দারিদ্র্য দূর হয় না—এই মন্তব্য করে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, নারীর সম্পত্তিতে অধিকার থাকলে, আয় বাড়লে ও শিক্ষিত হলে পরিবারের সবার উন্নতি হয় এবং রাষ্ট্রের অর্থনীতি গতি লাভ করে।গোল্ডম্যান স্যাকস জাপানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাথি মাটসুই বলেন, চীনা একটি প্রবাদ আছে, ‘পৃথিবীর অর্ধেক আকাশ নারী ধরে রাখে। নারী হাল ছেড়ে দিলে ওই আকাশ সবার মাথায় ভেঙে পড়বে।’ বিশ্ব অর্থনীতি ও সমাজের অর্ধেক এখন এশিয়ায়। আর এশিয়ার অর্ধেক জনসংখ্যা নারী। তাই এশিয়ার নারীদের উন্নতি হলে তা পৃথিবীর জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।