এশিয়ার নোবেল জয়
ফিলিপাইনের র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পাওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম নয়। এমনকি নারীদের মধ্যেও সৈয়দা রিজওয়ানা হাসান তৃতীয়। বাংলাদেশের জন্য প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ের সম্মান বয়ে এনেছিলেন তহরুন্নেসা আব্দুল্লাহ। দ্বিতীয় নারী হিসেবে অ্যানজেলা গোমেজ। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসানের ম্যাগসাইসাই বিজয় অন্য সবার চেয়ে আলাদা হতে পারে নানা কারণেই।অ্যানজেলা গোমেজের এই পুরস্কার জয়ের প্রায় ১৩ বছর পর এবারই প্রথম কোনো বাংলাদেশি নারীর হাতে উঠল ‘এশিয়ার নোবেল’। এর আগে পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে উঠেছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড। পরিবেশ আইনবিদ হিসেবে রিজওয়ানা তাঁর লড়াইটা লড়েন আদালতেই। ভূমিদস্যু ও বিধিবহির্ভূত জাহাজ ভাঙার বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি যেতে চান আরও বহুদূর। আর সেই সম্ভাবনাও তাঁর মধ্যে পুরোপুরি বর্তমান। ২০১২ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারীদের যে অর্জন, সেখানে রিজওয়ানা হাসানের ম্যাগসাইসাই জয় উজ্জ্বলতম হয়ে থাকল।ম্যাগসাইসাই পুরস্কার জয়ের পর রিজওয়ানা বলেন, ‘ম্যাগসাইসাই জয়ের পর মনে হচ্ছে, এখন আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এখনো অনেক পথ বাকি।’ ইকবাল হোসাইন চৌধুরী