এশিয়ার নোবেলে বাংলাদেশ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ১৯৫৮ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে রাষ্ট্রীয় ও বেসরকারি খাতে জনসেবা, স্থানীয় ও উদীয়মান নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য ও সৃষ্টিশীল শিল্পমাধ্যম, শান্তিপ্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সমঝোতায় যাঁরা স্মরণীয় অবদান রাখছেন, তাঁদের। ১৯৫৮ থেকে ২০১০, এই ৫৩ বছরে পাকিস্তানের নয়জন সুকীর্তির অধিকারী বিভিন্ন বিভাগে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ৩৯ বছরে দেশের ১০ জন কৃতী সন্তানকে এই সম্মানজনক পুরস্কার পেতে দেখেছে। পাকিস্তানের প্রথম পুরস্কার বিজয়ী আকতার হামিদ খান যত না পাকিস্তানি ছিলেন, তার চেয়ে বেশি এ দেশের; পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অগ্রগামী ‘কুমিল্লা মডেল’ই তাঁকে খ্যাতি ও পুরস্কার এনে দেয়। সম্ভাব্য নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকায়ও তিনি আলোচিত হয়েছেন। ১৯৭৮ সালে ম্যাগসাইসাই পুরস্কার পেলেন তাহেরুননেসা আহমেদ আবদুল্লাহ। তিনি পর্দার অন্তরাল থেকে বাংলাদেশের মুসলমান নারীদের নাগরিকত্বের সম-অধিকার এবং পূর্ণ পারিবারিক দায়িত্বে অধিষ্ঠিত করার সংগ্রামে অগ্রণী নেতৃত্ব প্রদান করেছেন এবং নারীশক্তির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীর প্রজনন-জীবনের কর্তৃত্ব যদি তাঁর হাতে থাকে, তাহলে পারিবারিক উন্নয়ন ও অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন ত্বরান্বিত হয়—এই প্রকল্পের যথার্থতা তাঁর কর্মকাণ্ডে সুপ্রমাণিত। ১৯৮০ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ফজলে হাসান আবেদ। সামাজিক উন্নয়নে স্মরণীয় অবদানের জন্য তিনি পুরস্কৃত হলেন। ১৯৭০ সালের জলোচ্ছ্বাসে মনপুরার দুর্গত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনের জন্য তিনি প্রাতিষ্ঠানিক সহায়তার কাঠামো নির্মাণ করেন। তিনি স্বাধীনতাযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের লড়াইয়ে নামেন। সদ্য স্বাধীন বাংলাদেশে বেসরকারি খাতে সেবার নেটওয়ার্ক বিস্তারে অগ্রণী ভূমিকা তাঁরই। তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাক বাংলাদেশে ৬৯ হাজার গ্রামের ১১ কোটি মানুষের জীবনকে কোনো না কোনো সেবা দিয়ে যাচ্ছে; যার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা, মানবাধিকার ও আইনি সহায়তা এবং সামাজিক উদ্যোগ সম্প্রসারণ। ২০১০ সালের নববর্ষে দরিদ্রদের ক্ষমতায়নে অবদানের জন্য স্যার উপাধিতে ভূষিত হন তিনি। ১৯৮৪যুক্তরাজ্যের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে গড়ে তোলেন সিটিজেনস কমিটি ও বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। দেশে ফিরে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে গ্রামীণ মহাজনের হাত থেকে রক্ষা করে তাদের উদ্যোগ ও কর্মশক্তির বিকাশে গ্রামীণ ব্যাংকের গোড়াপত্তন করেন। কালক্রমে গ্রামীণ মডেল বিশ্বজুড়ে প্রান্তিক দারিদ্র্য বিমোচনের সবচেয়ে আদৃত ও সফল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। জামানতবিহীন ব্যাংক ঋণের একটি নতুন ধারা প্রতিষ্ঠা করেন তিনি। বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতিতে ডক্টর ইউনূস একটি অনিবার্য অধ্যায়। ১৯৮৪ সালে ম্যাগসাইসাই পুরস্কার পান তিনি। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্মরণীয় অবদানের জন্য তিনি ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ১৯৮৫বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি নবজাগরণ সৃষ্টি করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ১৯৭১ সালের অন্যতম যোদ্ধা জাফরুল্লাহ খান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য ৪৮০ বেডের ফিল্ড হসপিটাল স্থাপন করেন। সম্পূর্ণ অনভিজ্ঞ গ্রামীণ নারীদের স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে যে স্বাস্থ্যসেবার মূলধারায় নিয়ে আসা যায়, তিনি তা বাস্তবে দেখিয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর উল্লেখযোগ্য অবদান অপ্রয়োজনীয় ও বিপজ্জনক ওষুধের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করে দরিদ্রবান্ধব জাতীয় ওষুধনীতি প্রণয়নে মুখ্য ভূমিকা রাখা। তিনি ১৯৮৫ সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন।১৯৮৭রিচার্ড উইলিয়াম টিম—ফাদার টিম নামেই যাঁর ব্যাপক পরিচিতি—শান্তি ও আন্তর্জাতিক সমঝোতায় অবদানের জন্য ১৯৮৭ সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এই মানবদরদির জীবন অতিবাহিত বাংলাদেশেই। তিনি ঢাকার অর্ডার অব হলিক্রসে সুপিরিয়র, নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই কলেজের সাবেক অধ্যক্ষ। সত্তরের জলোচ্ছ্বাস, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন স্তরে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। একসময় জীববিজ্ঞান শিক্ষার্থীদের অন্যান্য পাঠ ছিল ফাদার টিমের (সহযোগী লেখক ভূঁইয়া) জীববিজ্ঞান/আন্তর্জাতিক অঙ্গনে গবেষক হিসেবে সুপরিচিত ফাদার টিম প্রায় ২৫০টি সামুদ্রিক প্রজাতির আবিষ্কারক। তাঁর সম্মানে একটি প্রজাতির নামকরণ হয়েছে ‘টিমিয়া পার্ভা’।১৯৮৮স্থানীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব ও সমবায়ের গুরুত্ব প্রতিষ্ঠায় রিপোর্ট করে পল্লি উন্নয়নে স্মরণীয় ভূমিকার জন্য মোহাম্মদ ইয়াসিন ১৯৮৮ সালের ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন। আখতার হামিদ খানের সহযোগী হিসেবে তাঁর প্রতিষ্ঠিত দিদার সমবায় সমিতি কুমিল্লার প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। ১৯৯৯রাজধানী শহর থেকে দূরে প্রচারণা থেকে নিজেকে আড়ালে রেখে এঞ্জেলা গোমেজ গ্রামের নারীদের বাঁচতে শিখিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থাটির নাম ‘বাঁচতে শেখা’, যার কার্যক্রম মূলত যশোর এলাকায়। এঞ্জেলা গোমেজ যে প্রণোদনা সৃষ্টি করেছেন, তাতে প্রান্তিক ও দুস্থ নারীদের বিশ্বাস জন্মেছে, আর্থিক মুক্তিই হচ্ছে তাঁদের জীবনের প্রকৃত স্বাধীনতা। মূলত আয়বর্ধক কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি, কুটিরশিল্প, শস্য উৎপাদন, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, মাছ চাষ, মৌমাছি পালন, সিল্ক উৎপাদন প্রভৃতি কাজে ব্যাপৃত রেখেছেন ৪০০ গ্রামের নারীদের। তাঁর এই অনুকরণীয় উদ্যোগের স্বীকৃতিই ম্যাগসাইসাই পুরস্কার। ২০০৪আলোকিত মানুষ গড়ার কারিগর আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষক, লেখক, গণমাধ্যম উপস্থাপক, সংগঠক ও সমাজের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসা সক্রিয় কর্মী। সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল গণযোগাযোগশিল্প বিভাগে বিশেষ অবদানের জন্য তিনি পুরস্কৃত হন। বই পড়িয়ে সাহিত্যের জন্য ভালোবাসা সৃষ্টি ও মূল্যবোধে মানবিকীকরণে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তাঁর অন্যতম সৃষ্টি বিশ্বসাহিত্য কেন্দ্র দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কেবল সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, ভেতর থেকে আলোকিত মানুষ গড়াই তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য।২০০৫সংবাদকে গণমানুষের উপযোগী করে তাদের কাছে পৌঁছে দেওয়ার একটি চ্যালেঞ্জ সামনে নিয়েই কাজ শুরু করেন মতিউর রহমান। তাঁর সম্পাদিত প্রথম আলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। সংবাদমাধ্যমকে সমাজ পরিবর্তনের নিরন্তর হাতিয়ার হিসেবে ব্যবহারে পারঙ্গম এই সংবাদকর্মী সামাজিক অবিচার ও প্রাতিষ্ঠানিক অনাচারের বিরুদ্ধে দ্রুত জনমত গঠন করে জাতির জন্য মঙ্গলময় পথের নিশানা দেখাতে পারেন। ২০০৫ সালে যখন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন, নির্বাচকেরা এসিড নিক্ষেপজনিত অপরাধ দমনে ও ভুক্তভোগীদের সহায়তায় তাঁর অবদানের কথা উল্লেখ করেন। ২০১০প্রতিবন্ধী মানুষকে মূলধারায় ফিরিয়ে আনা এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করার ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা এ এইচ এম নোমান খানকে ২০১০ সালে ম্যাগসাইসাই পুরস্কার দেওয়া হয়। তিনি সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রতিবন্ধীদের জাতীয় ফোরামের মহাসচিব। তাঁর প্রতিষ্ঠান ১০ হাজারের অধিক উন্নয়নকর্মী প্রশিক্ষিত করেছে, যাঁরা ৩৫০টি সংস্থায় কর্মরত থেকে প্রতিবন্ধীদের আয়বর্ধক ও সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করছেন। ম্যাগসাইসাই পুরস্কার কমিটি বাংলাদেশের কৃতী মানুষদের শনাক্ত করে তীব্র প্রতিযোগিতার পর পুরস্কৃত করছে—এই অর্জন কম নয়। এম এ মোমেন: লেখক