এশিয়ার শেয়ারবাজারগুলো সামান্য চাঙা
এশিয়ার শেয়ারবাজারগুলোতে আজ বুধবার সামান্য চাঙা ভাব লক্ষ করা গেছে। তবে বাজার ছিল মোটামুটি গতানুগতিক।ধাতব পণ্যের শেয়ারের দাম বাড়ায় জাপানের এমএসসিসিআই শেয়ারবাজারের সূচক বেড়েছে দশমিক পাঁচ শতাংশ।যুক্তরাষ্ট্রের বাজার থেকে গাড়ি প্রত্যাহারের কারণে গত ফেব্রুয়ারি মাসজুড়ে টয়োটার শেয়ার ছিল নিম্নমুখী। আজ টয়োটার শেয়ারের দাম তিন শতাংশ বাড়ায় জাপানের নিক্কেই শেয়ার সূচক বেড়েছে দশমিক তিন শতাংশ।এইচএসবিসির শেয়ারের দামের দীর্ঘ নিম্নমুখী প্রবণতা কিছুটা কেটেছে। মঙ্গলবারের বড় ধরনের পতনের পর আজ এইচএসবিসি শেয়ারের দাম এক শতাংশ বেড়েছে। আর এর প্রভাব পড়েছে হংকংয়ের হ্যান সেং শেয়ার সূচকে। এদিকে ডলারের তুলনায় ইউরো আবার শক্তিশালী হয়েছে। এক ইউরোর বিনিময় হার এখন এক দশমিক ৩৬৪০ ডলার। গত ১০ মাসের মধ্যে ইউরোর দাম সর্বনিম্ন ছিল এক দশমিক ৩৪৩৩ ডলার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল স্থির। ব্যারেলপ্রতি সর্বশেষ দাম ছিল ৭৯ দশমিক ৫৫ ডলার। গতকাল মঙ্গলবার এই দাম ৯৮ সেন্ট বেড়েছিল। সূত্র: রয়টার্স