এশিয়ার সহযোগিতা চেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে সহযোগিতা করতে মুক্তিযুদ্ধ জাদুঘর এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার সফলভাবে শেষ হলে এ অঞ্চলে ন্যায্য সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে এ জাদুঘর আশা করে। সহযোগিতার আহ্বানের মধ্য দিয়ে আজ শনিবার রাজধানীর ব্র্যাক ইনে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশানসের পঞ্চম এশিয়া আঞ্চলিক সম্মেলন। নিউইয়র্কভিত্তিক সংস্থাটির সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর দুই দিনের এ আঞ্চলিক সম্মেলনটির আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এ আঞ্চলিক সম্মেলন এমন এক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ ‘বিচারহীনতার পশ্চাদপদ সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে দায়ে অভিযুক্ত লোকজন আন্তর্জাতিক ধর্মীয় উগ্রপন্থীদের সঙ্গে যুক্ত। এরা মিলে বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের প্রয়াসে মুক্তিযুদ্ধ জাদুঘর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আমাদের আহ্বান, আসুন একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিকাণ্ডে শিকার হওয়া লোকজনকে ন্যায়বিচার পেতে বিচার প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশানসের পরিচালক এলিজাবেথ সিলকেস বলেন, ‘জাদুঘর দর্শনার্থীদের কাছে অতীতের ঘটনা তুলে ধরে। আর স্মৃতিসৌধে মানুষ বিশেষ দিনে গিয়ে শ্রদ্ধা জানায়। আমাদের সংগঠনের বিশ্বাস অতীতের ভয়াবহ নৃশংসতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে “সুন্দর আগামী” গড়ার পথ রচিত হলেই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রয়াস সফল হয়।’ সারওয়ার আলীর সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, ভারতের সাবরমতি গান্ধী আশ্রমের অম্রুতভাই মোদি, কম্বোডিয়ার টুওল স্ল্যাং জেনোসাইড মিউজিয়াম সোফেয়ারুম ছে, চীনের নানজিং মেমোরিয়েল অব এট্রোসিটিজের ওয়াং শানফেং ও দক্ষিণ কোরিয়ার দি মে ১৮ মেমোরিয়েল ফাউন্ডেশনের চানহো কিম।