এশিয়ার হাতিকে চলতে হবে সতর্কভাবে
আয়তন কিংবা জনসংখ্যা, অর্থনীতি কিংবা রাজনীতি, সামরিক বাহিনী কিংবা সমরাস্ত্র—সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি অংশজুড়ে দক্ষিণ এশিয়ার অবস্থান। এই অংশের সবচেয়ে বড় অঞ্চলটির রাজত্ব করছে ভারত। শৌর্য-বীর্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও দেশটি নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করবে না, তাই কি হয়? ইকোনমিস্টের এক প্রতিবেদনে তাই দেশটিকে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যৌথভাবে ভারত ও পাকিস্তানের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। তার পরও দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শোচনীয় পর্যায়ে। লেনদেনের পরিমাণ ৩০০ কোটি ডলারেরও কম। এই অঞ্চলের প্রধান আঞ্চলিক সংস্থা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এ ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা পালন করতে পারছে না।কূটনৈতিক অচলাবস্থারও সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। গত সপ্তাহে সার্কের সদস্য রাষ্ট্র মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্ট অভ্যুত্থানের মুখে পদত্যাগ করলেও প্রতিবেশী সদস্য দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক পরাশক্তি ভারত এ জন্য অনেকাংশে দায়ী। যদিও ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং তাদের বড় ধরনের অর্থনৈতিক ক্ষেত্র রয়েছে, একই সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সেনাবাহিনী। আঞ্চলিক পরাশক্তি ও ক্ষমতাধর দেশ হয়েও প্রতিবেশী দেশগুলোর থেকে অবজ্ঞায় মুখ ফিরিয়ে রেখেছে ভারত। প্রতিবেদনে এর কারণ হিসেবে রাজনৈতিক চিন্তাধারা ও আয়তনের বিশালত্বকে অনেকাংশে দায়ী করা হয়েছে। অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার কারণে স্বাধীনতা অর্জনের ৫০ বছর পার হলেও ভারতের নীতিনির্ধারণী পর্যায়ে একটি মতবাদ প্রচলিত— প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক রক্ষার প্রয়োজন নেই। ভারতের জনসংখ্যা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের জনসংখ্যার সাত গুণ। এটাই ভারতকে শক্তি প্রয়োগের প্রেরণা জোগাচ্ছে। নেপালের রাজনীতিতে অন্যায় হস্তক্ষেপ করতে দেখা গেছে ভারতকে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে তামিল গেরিলাদেরও সহযোগিতা দিয়েছে তারা। এমনকি বর্তমানে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল দাবি করছে, ভারত বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করছে। আবার পাকিস্তানের দাবি, তাদের পুরোনো শত্রু ভারত বেলুচিস্তান প্রদেশের বিদ্রোহীদের মদদ দিচ্ছে। এটিও বলা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে কোনো যুক্তি-প্রমাণ নেই। কিন্তু দাদাগিরি দেখানোর মানসিকতার কারণে প্রতিবেশী দেশগুলো ভারতের কোনো কিছুতেই বিশ্বাস রাখতে পারছে না।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হয়েও ভারতের কূটনীতিকের সংখ্যা ক্ষুদ্র জনগোষ্ঠীর দেশ নিউজিল্যান্ডের চেয়েও কম। অথচ চীনের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, তাদের রয়েছে বিস্তৃত ও পরিশীলিত বৈদেশিক সেবা। বিশ্বের বিভিন্ন জায়গায় দেশটির রয়েছে অত্যন্ত সহযোগিতার মনোভাবসম্পন্ন দূতাবাস।সুষ্ঠু প্রতিযোগিতাসম্প্রতি ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তারা মধুর সম্পর্ক সৃষ্টি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা অন্য দেশে অকারণে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ সপ্তাহে বাণিজ্যমন্ত্রী লাহোরে একটি বাণিজ্যিক প্রতিনিধিদল পাঠিয়েছেন। ভারত আফগানিস্তানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা সেখানে পুলিশের প্রশিক্ষণ, রাস্তা ও বিদ্যুত্ সংযোগ স্থাপনের কাজ করছে।প্রতিবেদনে বলা হয়, ভারতকে আরও অনেক বিষয়ের দিকে নজর দেওয়ার সময় এসেছে। আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে হলে এর সীমান্ত এলাকায় আরও বাধাহীন সড়ক ও নদীবন্দর স্থাপন করতে হবে। পাকিস্তানের সিমেন্ট ট্রেনেই পরিবহন করতে হয়। লরিতে করে আসতে দেওয়া হয় না। এসব সমস্যার সমাধানসহ বিনা শুল্কে বাণিজ্যের প্রসারের জন্য অনেক দিকে নজর দিতে হবে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো উঠতি প্রভাবশালী দেশ কীভাবে তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে, তা থেকে ভারতকে শিক্ষা নিতে হবে। প্রতিবেশী দেশগুলোর জন্য যেন ক্ষতির কারণ না হয়ে পড়ে, সে জন্য এই হাতিকে সতর্কভাবে চলাফেরা শিখতে হবে।