এশিয়ায় আরও যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও যুদ্ধজাহাজ পাঠাবে। এ অঞ্চলে বিমানবাহী ছয়টি রণতরী মোতায়েন করবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আজ শনিবার সিঙ্গাপুরে নিরাপত্তা-বিষয়ক এক সম্মেলনে তাঁদের এ পরিকল্পনার কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।‘সাংগ্রিলা সংলাপ’ শীর্ষক ওই সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি দেশের সামরিক ও বেসামরিক নেতারা যোগ দিয়েছেন। সম্মেলনে এই প্রথম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশল সম্পর্কে বিস্তারিত জানালেন প্যানেট্টা।উদীয়মান বিশ্বশক্তি চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক শক্তি বাড়াবে বলে যে অভিযোগ রয়েছে, তা নাকচ করে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।লিওন প্যানেট্টা আজ থেকে এ অঞ্চলে সাত দিনের সফর শুরু করেছে। সফরের প্রথম দিনে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা-বিষয়ক বার্ষিক সাংগ্রিলা সংলাপে যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের ব্যবহারিক দিক যুক্তরাষ্ট্রের সহযোগী ও অংশীদারদের কাছে ব্যাখ্যা করেছেন প্যানেট্টা। তিনি জানান, এই সামরিক কৌশলের লক্ষ্য এশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করা। তা কোনোভাবেই চীনকে প্রতিহত করা নয়। লিওন প্যানেট্টা জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তির ভারসাম্য পুনরায় প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, ২০২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর প্রায় ৬০ শতাংশ যুদ্ধজাহাজ এ অঞ্চলে মোতায়েন করবে। বর্তমানে এ সংখ্যা ৫০ শতাংশ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমান বহনকারী ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করবে। বর্তমানে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোট ১১টি বিমানবাহী যুদ্ধজাহাজের মধ্যে ছয়টি মোতায়েন রয়েছে। চলতি বছর ইউএসএস এন্টারপ্রাইজ নামের রণতরীটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হবে। এতে যুদ্ধজাহাজের সংখ্যা পাঁচে নেমে আসবে। তবে ২০১৫ সালে নতুন যুদ্ধজাহাজ ইউএসএস জেরার্ড আর ফোর্ড যুক্ত করে এ সংখ্যা আবার ছয়টিতে উন্নীত করা হবে। টাইমস নাউ টিভির প্রতিবেদন: গতকাল শুক্রবার ভারতের বেসরকারি টাইমস নাউ টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বন্দরে সপ্তম নৌবহর পাঠাতে চায়।টাইমস নাউ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র কৌশলগত স্বার্থে চট্টগ্রাম বন্দরে সপ্তম নৌবহরের ঘাঁটি গড়তে চায়। কারণ, দক্ষিণ চীন সাগরের ঘাঁটিগুলোতে চীনের শক্তি দিন দিন বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটি রয়েছে। তার পরও এশিয়ায় সার্বিক উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। চট্টগ্রামে মার্কিন সপ্তম নৌবহর মোতায়েন করা গেলে যুক্তরাষ্ট্র চীনের দিকে নজর রাখতে পারবে এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এটিই হবে মার্কিন কৌশলগত সুবিধাজনক অবস্থান।তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, বিষয়টি সত্যি নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর সাম্প্রতিক ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সৌজন্য সাক্ষাত্কালে সপ্তম নৌবহরের প্রসঙ্গ তোলেননি।মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য হিলারির ঢাকা সফরের সময় কোনো ধরনের সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনার কথা অস্বীকার করেছে। এ ব্যাপারে টাইমস নাউ টেলিভিশনের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুলান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ প্রশ্ন পেন্টাগনের কাছে করা যেতে পারে। কিন্তু হিলারির সফরের সময় এমন কোনো আলোচনা হয়েছে বলে তিনি মনে করেন না।মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের প্রতিবেদনে দক্ষিণ চীন সাগরসহ এশিয়াজুড়ে চীনের শক্তি বাড়ছে ভেবে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। টাইমস নাউ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কথা বলছে না। তবে কট্টরপন্থীদের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় সরকার অভ্যন্তরীণভাবে সপ্তম নৌবহর মোতায়েনের বিষয়টি নাকচ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।টাইমস নাউ টেলিভিশনের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলে একজন কর্মকর্তা বলেন, ‘সপ্তম নৌবহর চট্টগ্রামে মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছে—এমন কোনো বিষয় আমার জানা নেই।’এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত অ্যাকুইজিশন ও ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি সইয়ের ব্যাপারে আবার আগ্রহী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে দেওয়া প্রস্তাবটি নিয়ে গত বছর থেকে আগ্রহ দেখিয়ে আসছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে কথা বলতে হিলারির ঢাকা সফরের এক সপ্তাহ পর একটি উচ্চপর্যায়ের মার্কিন সামরিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে।পররাষ্ট্র-বিষয়ক একটি বিশেষ সূত্র জানায়, প্রস্তাবিত আকসা চুক্তি অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য জ্বালানি, সমরাস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দেবে যুক্তরাষ্ট্র। আর সামরিক এ সরঞ্জাম সরবরাহের জন্য মার্কিন সেনারা বাংলাদেশে আসবে। আকসা চুক্তি বিরোধিতাকারীদের মতে, এ চুক্তি সই হলে একটি দেশে মার্কিন সেনা সমাবেশ অনিবার্য হয়ে ওঠে।