এশিয়ায় নিঃসঙ্গ হূদয় বাড়ছে
পশ্চিমা হাওয়ার বিপরীতে এশিয়ায় বৈবাহিক বন্ধন সুদৃঢ় বলেই সবার জানা। কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে। ২০ বছর আগেও বৈবাহিক বন্ধনের মাধ্যমে পারিবারিক মূল্যবোধ টিকিয়ে রাখতে এশিয়ার যে খ্যাতি ছিল, তা এখন হারাতে বসেছে। পূর্ব, দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ায় বিয়ে করার প্রবণতা আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে এবং সেই সঙ্গে বাড়ছে বিচ্ছেদের হার।যদিও বিশ্বের সর্বত্রই বিয়ে করার গড় বয়সসীমা বাড়ছে কিন্তু এশিয়ায় এখন দেরিতে বিয়ের প্রবণতা চোখে পড়ার মতো। পশ্চিমাদের পেছনে ফেলে এখানকার মানুষ বেশ দেরিতে বিয়ে করছেন। পরিসংখ্যানে দেখা গেছে, গত কয়েক দশকে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ে বিয়ের গড় বয়স বেড়েছে। সাম্প্রতিক সময়ে এ দেশগুলোতে নারীদের ক্ষেত্রে বিয়ের সাধারণ বয়সসীমা ২৯-৩০ এবং পুরুষের ক্ষেত্রে ৩১-৩৩ বছর।দেরিতে বিয়ে করার পাশাপাশি অনেক এশিয়ান কুমার জীবনকেই বেছে নিচ্ছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ জাপানি নারী ৩০ বছর বয়সেও অবিবাহিত থাকেন এবং সম্ভবত তাদের অর্ধেকই কুমারী হিসেবে জীবন পার করেন।এশিয়ার বেশ কিছু দেশে অবিবাহিতদের সংখ্যা অবাক করার মতো। ব্যাংককে ৪০-৪৪ বছর বয়সী নারীদের মধ্যে ২০ শতাংশই অবিবাহিত। টোকিওতে ২১ শতাংশ এবং সিঙ্গাপুরে একই বয়সী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে এই হার ২৭ শতাংশ। তবে এশিয়ার দুই উদীয়মান শক্তি ভারত ও চীনে বিয়ে না করার প্রবণতা এখনো প্রকট আকার ধারণ করেনি।বিশ্লেষকেরা বলছেন, মূলত কর্মক্ষেত্রে যোগদানের কারণেই এশিয়ার নারীরা বিয়ে থেকে দূরে থাকছেন। পশ্চিমে একই সঙ্গে ঘর সামলানো ও কর্মক্ষেত্রে যোগ দেওয়াটা সহজ বিষয় হলেও এ ক্ষেত্রে এশিয়ার চিত্র ভিন্ন। এখানে নারীদের জন্য একই সঙ্গে সংসার ও কর্মক্ষেত্র সামাল দেওয়াটা রীতিমতো দুরূহ। বিশ্লেষকদের মতে, এশিয়ার নারীদের জন্য চাকরি বিয়েকে কঠিন করে দেয়। এ কারণেই এশিয়ার নারীরা বিয়ের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তা ছাড়া চাকরি করার মধ্য দিয়ে নারীরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। ফলে তিনি এ জীবনকেই বেশি প্রাধান্য দেন। এশিয়ায় নারীদের অধিক শিক্ষা অর্জনের দিকটিও বিয়ের হার হ্রাস পাওয়ার একটি অন্যতম কারণ।তবে বিয়ের হার হ্রাস পাওয়ার বিষয়টি এশিয়ায় সামাজিক সমস্যারও জন্ম দিচ্ছে। এশিয়ায় বিয়ের হার হ্রাস জন্মহারে ধস নামাতে ভূমিকা রাখছে। এ অঞ্চলের সরকারগুলোকে অবসরকালীন ভাতা ও সামাজিক সুরক্ষা খাতে অনেক কম বরাদ্দ করতে হয়। কারণ ধরেই নেওয়া হয়, ছেলেমেয়েরাই তাদের বৃদ্ধ মা-বাবাকে দেখভাল করবে। কিন্তু এশিয়ায় বিয়ে হ্রাসের এই প্রবণতা সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। তা ছাড়া বিয়ে না করার প্রবণতা সমাজে অপরাধের মাত্রা বাড়িয়ে দেয় বলেও বিশেষজ্ঞরা মত দিয়েছেন।—দি ইকনমিস্ট অবলম্বনে