এশিয়ায় মার্কিন উপস্থিতি অব্যাহত থাকবে: মাইক মুলেন
মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মাইক মুলেন বলেছেন, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তাঁদের উপস্থিতি অব্যাহত থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চার দিনের চীন সফরের শুরুতে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাইক মুলেন বলেছেন, ‘বিরোধপূর্ণ সমুদ্র নিয়ে এ অঞ্চলে গুরুতর সংঘাত সৃষ্টি হওয়ার বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন।’মুলেন বলেন, ‘আমরা এখানে আমাদের উপস্থিতি অব্যাহত রাখব। আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই মতভেদের শান্তিপূর্ণ সমাধানে আমরা সমর্থন দিতে চাই।’দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে সম্প্রতি ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে চীনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম ও তাইওয়ান দক্ষিণ চীন সাগরে তাদের মালিকানা আছে বলে দাবি করছে। তবে চীনের দাবি, তাদের মালিকানাই বেশি। সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেন, ‘অন্যের মতো আমরাও উদ্বিগ্ন। চলমান ঘটনা এমন পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যা কেউ চিন্তাই করতে পারে না।’