এশিয়ায় শীর্ষ দূষণের নগরের মধ্যে নয়াদিল্লি
এশিয়ার শীর্ষ ২৩০টি দূষণের নগরের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি রয়েছে বলে এক গবেষণায় দেখা গেছে।এশিয়ার বিভিন্ন নগরের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ক্লিন এয়ার ইনিশিয়েটিভ ফর এশিয়ান সিটিজ নামের একটি সংস্থা বায়ুর গুনগত মানের ওপর এই পরীক্ষা চালায়।গবেষণায় ২০০৮ সালে দিল্লির প্রতি ঘনমিটার বাতাসে ১ থেকে ২৫০ মাইক্রোগ্রাম পার্টিকুলেট ম্যাটারের (পিএম) অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, যা জাতীয় গড়মানের দ্বিগুণেরও বেশি। বাতাসে ব্যাপকভাবে পিএমের অস্তিত্ব থাকায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও অ্যাজমা রোগ দেখা দিতে পারে বলে জানা গেছে।রাজধানীতে গণপরিবহন হিসেবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালুর পর প্রায় পাঁচ বছর বাতাসে পিএমের মাত্রা হ্রাস পেয়েছিল। তবে ২০০৬ সাল থেকে দিল্লির বাতাসে এর মাত্রা বাড়ছে। আজ বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এক খবরে বিজ্ঞান ও পরিবেশবিষয়ক কেন্দ্রের সহযোগী পরিচালক অনুমিতা রায় চৌধুরী জানান, বাতাসে যেভাবে পিএমের মাত্রা বাড়ছে, তা খুবই উদ্বেগের বিষয়। মেট্রো রেল সত্ত্বেও দিল্লিতে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় বাতাসের গুনগত মানের অবনতি ঘটছে।গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ও উন্নত গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে এশিয়ার বেশির ভাগ নগরে যে সময় বাতাসের গুনগত মানের উন্নতি বিধান করা হয়েছে, ঠিক একই সময়ে ভারতের বড় নগরে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে এখানকার বাতাসের মানেরও উন্নতি হয়নি। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের বায়ু দূষণের নগরের তালিকায় কানপুর, লক্ষ্ণৌ ও লুধিয়ানার মতো উত্তরাঞ্চলের বিভিন্ন নগরের পরিস্থিতি ‘খারাপ’ বলে চিহ্নিত করা হয়েছে।শীর্ষ পাঁচ বায়ু দূষণের নগরের মধ্যে ব্যাংকক, হ্যানয়, জাকার্তা, জিনান ও ম্যানিলা রয়েছে। মধ্যম সারির তিনটি নগরের মধ্যে আছে কলম্বো, হাংঝৌ ও কাঠমান্ডু। —বাসস।