এশীয় নাটকের নতুন সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার থিয়েটারের উন্নতির জন্য ‘এশিয়ান থিয়েটার অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়েছে। ১০ থেকে ১৩ অক্টোবর চীনের চোংকিংয়ে প্রথম এশিয়ান থিয়েটার প্রফেশনালস কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেস আয়োজনের জন্য উদ্যোগ নেয় বেইজিংয়ের ন্যাশনাল থিয়েটার অব চায়না। আর এর পৃষ্ঠপোষক ছিল চীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে নতুন এই সংস্থা গঠন করার ব্যাপারে এশিয়ার ১৮টি দেশের প্রতিনিধি সিদ্ধান্ত নেন। কংগ্রেসের উদ্বোধন করেন চীনের সংস্কৃতি উপমন্ত্রী ওয়াং ওয়েনঝাং, বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, চোংকিংয়ের ডেপুটি মেয়র তান জিউই, চীন সরকারের এক্সটারনাল কালচারাল রিলেশনস ব্যুরোর উপপরিচালক ঝাং এইপিং এবং ন্যাশনাল থিয়েটার অব চায়নার সভাপতি ঝাও ঝিয়াং।রামেন্দু মজুমদার ‘বিশ্বায়ন ও নাটক’ বিষয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন। কংগ্রেসে নতুন সংস্থার গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়ন করা হয়। অ্যালায়েন্সের সভাপতি ও মহাসচিব হিসেবে যথাক্রমে ঝাও ঝিয়াং ও চ্যান হুয়ে টেংকে নির্বাচন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন ঝাও ঝিয়াং (চীন), রামেন্দু মজুমদার (বাংলাদেশ), সোহন জিন চায়েক (কোরিয়া), লি হাং (ভিয়েতনাম) প্রমুখ। নির্বাহী পরিষদে অন্য ১০ জনকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাহী পরিষদে আছেন বাংলাদেশের দেবপ্রসাদ দেবনাথ।