এশীয় শ্যামা পাপিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকচকে পালকের ছোট পাখি (১৮ সেন্টিমিটার) এশীয় শ্যামা পাপিয়া বা পান্না পাপিয়া। ইংরেজি নাম এশিয়ান এমারেল্ড কুকু। পুরুষ পাখির পিঠ, পাখা, চিবুক, গলা, বুকের ওপরের অংশ চকচকে পান্না সবুজ। বুক ও পেট সাদার ওপর বাদামি সবুজ রঙে দাগানো। মেয়ে পাখির পিঠ, পাখা খয়েরি সবুজ, মাথার পেছন দিকটা লালচে কমলা রঙের।বুক, পেট সাদার ওপর ধাতব বাদামি সবুজ রেখায় দাগানো। লেজ বাদামি সবুজ, ডগার অংশ সাদা। মেয়ে-পুরুষ উভয় পাখিরই চোখের রং ও চোখের পাতা লালচে, হলদে কমলা রঙের ঠোঁট, পা ও আঙুল কালচে সবুজ।এ পাখির স্বাভাবিক বাসস্থান চিরসবুজ বন, বন বাগান ও পাহাড়ি বনে। উড়ন্ত পোকা, শুককীট, নরম দেহের পোকাখেকো এ পাখি একাকীই থাকে, তবে কাছাকাছি চার-পাঁচটিকেও দেখা যায়। পরস্পরের মধ্যে লম্বা টানে ‘চিউ’ সুরে ডেকে কখনো কখনো যোগাযোগ রক্ষা করে। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এদের মিলন ঋতু। এ সময় সারা দিন এমনকি চাঁদনী রাতেও পুরুষ পাখি কিই-কিই-কিই-কিই স্বরে ডেকে চলে। এরা বাসা বাঁধা, তা দেওয়া, বাচ্চার লালন-পালনের কোনো দায়িত্বই পালন করে না। বংশবৃদ্ধির জন্য চুরি করে বিভিন্ন রকম টুনটুনি ও মাকড়খেকো পাখির বাসায় চুপিসারে ডিম পেড়ে আসে। টুনটুনিরাই এদের বাচ্চা লালন-পালন করে। দেশে গরমের সময় এ পাখি সিলেট বিভাগেই শুধু দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিকভাবে বিপন্ন না হলেও পাখিটি এ দেশে দুর্লভ বলে গণ্য।