এসআই ও পরিদর্শকদের পদোন্নতিতে মন্ত্রণালয়ে আপত্তি
পুলিশ সার্জেন্ট ও উপপরিদর্শকের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় এবং পরিদর্শকের পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে (নন-ক্যাডার) উন্নীত করার ব্যাপারে আপত্তি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ধারণা, পরিদর্শক ও সহকারী পুলিশ সুপার পদ একই গ্রেডের এবং একই বেতন স্কেলে হলে পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়বে। এ ছাড়া প্রতি থানায় এএসপিদের পদায়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একই গ্রেড ও একই বেতন স্কেলের দুজন কর্মকর্তা থাকলে নানা ধরনের জটিলতা দেখা দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ-সংক্রান্ত মতামত আজকালের মধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, নিম্নস্তরের পুলিশ কর্মকর্তাদের পদ উন্নীত করার বিষয়টি ছিল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। গত বছরের পুলিশ সপ্তাহের সময় পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যে ১৮টি প্রতিশ্রুতি দেন, তার মধ্যে পদ উন্নীত করার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। এসব প্রতিশ্রুতি ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও দেওয়া হয়েছে। তার পরও পদ উন্নীত করা নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা মনে করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি, এখন এটা করা সম্ভব নয়। এ কারণে পুলিশ সদর দপ্তরের মতামত চাওয়া হচ্ছে।’ তবে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, এটা বাস্তবায়িত হলে পুলিশের কাজের গতি বৃদ্ধি পাবে। এতে চেইন অব কমান্ড আরও দৃঢ় হবে। তা ছাড়া কর্মকর্তাদের মূল্যায়ন করা হলে তাঁদের হতাশা কেটে যাবে।সূত্র জানায়, এসব পদ উন্নীত না করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকটি যুক্তি দেখিয়েছে। পুলিশ সদরে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে এসব উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পরিদর্শক পদটিকে প্রথম শ্রেণী করা হলে বাহিনীর নিয়োগ বিধি পরিবর্তন করতে হবে। কারণ প্রথম শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিধান রয়েছে। হঠাৎ পদ উত্তীর্ণ করা হলে তার ব্যত্যয় ঘটবে। জনপ্রশাসনে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এতে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেবে বলে মন্ত্রণালয় মনে করে। মন্ত্রণালয়ের আরেকটি যুক্তি হলো, পুলিশ পরিদর্শক পদকে প্রথম শ্রেণীর পদমর্যাদা দেওয়া হলে একই স্কেলের পদে পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। কারণ পদোন্নতির পরিবর্তে পদায়নের মাধ্যমে নিয়োগ সরকারি চাকরিবিধির পরিপন্থী।মন্ত্রণালয় আরও জানায়, পুলিশ পরিদর্শকদের পদোন্নতির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এইচএসসি হওয়া বাঞ্ছনীয়। কিন্তু সব উপপরিদর্শকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস নেই। মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, পুলিশের সার্জেন্ট ও উপপরিদর্শকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হলে পুলিশি সেবার মানের গুণগত পরিবর্তন ঘটবে কি না তা-ও নিশ্চিত করতে হবে।জানা গেছে, এর আগেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছিল, যাঁদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগলাভের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁদের পদমর্যাদা দেওয়া সঠিক হবে না। এ ছাড়া পদমর্যাদা ঠিক করার আগে পরিদর্শক-উপপরিদর্শক এবং সার্জেন্ট পদের নিয়োগ বিধি, পদোন্নতি, শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে হবে। পুলিশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সরকার নতুন করে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগ করছে। এসব পদের বিপরীতে তিন হাজার কর্মকর্তার পদ থাকা দরকার। এ নিয়োগ-প্রক্রিয়া এখন থেকে শুরু করতে না পারলে ২০১৩ সালের মধ্যে আর নিয়োগ দেওয়া সম্ভব হবে না।