এসআই ও সার্জেন্ট পদে নিয়োগ চলছে
শান্তি, শৃঙ্খলা, প্রগতি বাংলাদেশ পুলিশ বাহিনীর মূলমন্ত্র। বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান ও জনসেবার মহান ব্রত নিয়ে কাজ করে এই বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পুরো দেশ নির্ভর করে পুলিশের ওপর। আর এ দায়িত্বে নিয়োজিত আছেন এই বাহিনীর লক্ষাধিক বিভিন্ন পর্যায়ের সদস্য। সর্বোচ্চ থেকে মাঠ পর্যায় পর্যন্ত তাঁরা কাজ করে থাকেন। আর এ বাহিনীর দুটি পদ সাব-ইন্সপেক্টর বা সহপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় দুটি পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে অনুমোদন আছে ১০ হাজার ৯০৮টি আর সার্জেন্ট পদে এক হাজার ২১৩টি চাকরির। কিন্তু এর বিপরীতে শূন্য আছে বেশসংখ্যক পদ। তাই উপপরিদর্শক পদে প্রায় ৯০০ এবং সাজেন্ট পদে প্রায় ৫০০ প্রার্থী নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রত নিয়ে যাঁরা বাংলাদেশ পুলিশে যোগ দিতে চান, তাঁদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দুটো পদই মাঠপর্যায়ে পুলিশ সদস্য।আবেদনের যোগ্যতা: বাংলাদেশ পুলিশের এসআই ও সার্জেন্ট পদে যাঁরা নিয়োগ পেতে আগ্রহী, তাঁদের আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্ধারিত শারীরিক যোগ্যতার অধিকারী হতে হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উভয় পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এসআই প্রার্থীদের কম্পিউটার এবং সার্জেন্ট পদের প্রার্থীদের মোটরসাইকেল চালনা ও কম্পিউটারে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া উভয় পদের প্রার্থীর শারীরিক যোগ্যতায় বেশ পার্থক্য রয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীর বয়স, শারীরিক যোগ্যতা এবং ওজন ইত্যাদি তথ্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা যাবে। তবে আবেদনের বয়সসীমা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।নিয়োগ প্রক্রিয়া: পুলিশের যেকোনো পদের নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (আরঅ্যান্ডএম) মো. আতিকুল ইসলাম জানান, এসআই ও সার্জেন্টের নিয়োগ প্রক্রিয়াটি শারীরিক মাপ ও পরীক্ষা, প্রাথমিক বুদ্ধিমত্তা যাচাই (মনস্তত্ত্ব) লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়। এসআই পদের প্রার্থীদের শারীরিক মাপ ছয়টি রেঞ্জ বা বিভাগভিত্তিক ভিন্ন এলাকায় অনুষ্ঠিত হলেও তা ১৮ এপ্রিলে একযোগে সম্পন্ন হবে। আর সার্জেন্ট পদে শারীরিক মাপ ও পরীক্ষা রেঞ্জ বা বিভাগভিত্তিক ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। তবে এ পদের শারীরিক মাপ রাজারবাগ পুলিশ লাইন, ঢাকায় নেওয়া হবে।শারীরিক মাপ ও পরীক্ষা: শারীরিক মাপ ও পরীক্ষার দিন আগ্রহীদের নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। এ সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মূল প্রশংসাপত্র অথবা সাময়িক সনদপত্র, তিন কপি পাসপোর্ট আকারের ছবি, নাগরিকত্ব সনদ, কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতার মূল সনদপত্র এবং সার্জেন্ট পদের প্রার্থীদের মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বাবার অনুকূলে সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র সঙ্গে আনতে হবে। শারীরিক মাপ ও পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, কেবল তাঁরাই পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবেন।মনস্তত্ত্ব পরীক্ষা: পুলিশ সদর দপ্তরের বিভিন্ন সূত্রে জানা যায়, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ মনস্তত্ত্ব পরীক্ষা। লিখিত পরীক্ষার আদলেই মনস্তত্ত্ব পরীক্ষা নেওয়া হয়ে থাকে। উভয় পদের প্রার্থীদের মনস্তত্ত্ব পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকে। এ পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৩০ মিনিট। সার্জেন্ট পদের মনস্তত্ত্ব পরীক্ষা ২১ মে সকাল ১০টায় এবং এসআই পদের জন্য আগামী ৭ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় গাণিতিক সমস্যার সমাধান, ছবিসহ প্রশ্ন অপূর্ণ শব্দ পূর্ণ করা, কারণ ব্যাখ্যাসহ সাধারণ ধরনের প্রশ্ন হয়। লিখিত পরীক্ষা: এসআই ও সার্জেন্ট পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার নিয়ম প্রায় একই। তবে প্রশ্নের ধরন ও সিলেবাস ভিন্ন হতে পারে। লিখিত পরীক্ষা দুটি আলাদাভাবে বিভক্ত থাকবে। লিখিত পরীক্ষার প্রতিটি অংশে উভয় প্রার্থীদের দুই দিন করে তিন ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সার্জেন্ট পদের লিখিত পরীক্ষা ২২ ও ২৩ মে এবং এসআই প্রার্থীদের ক্ষেত্রে ৮ ও ৯ মে প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা একটা পর্যন্ত।ইংরেজি ও বাংলা: লিখিত পরীক্ষায় ইংরেজি ও বাংলার জন্য নম্বর থাকে সর্বমোট ১০০। এখানে ইংরেজিতে ৫০ ও বাংলায় ৫০ নম্বর থাকবে। সময় তিন ঘণ্টা। মূলত রচনা ও কম্পোজিশন থেকে প্রশ্ন হয়। বাংলা অংশে রচনা, ভাব-সম্প্রসারণ, বাক্য রচনা, এক কথায় প্রকাশ, বঙ্গানুবাদসহ ব্যাকরণ থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আর ইংরেজিতে রচনা লিখন, শূন্যস্থান পূরণ, প্যারাগ্রাফ লিখন, লেটার লিখন, বাক্য গঠন, ইংরেজিতে অনুবাদসহ ইংরেজি গ্রামার থেকে খুব সাধারণ প্রশ্ন থাকে।সাধারণ জ্ঞান ও পাটিগণিতএকসঙ্গে তিন ঘণ্টার পরীক্ষায় সাধারণ জ্ঞান ও পাটিগণিত থেকে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এ ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ৫০ নম্বর থাকবে। এসআই পদের প্রার্থীদের পরীক্ষা হবে ৯ মে।আর সার্জেন্ট পদে পরীক্ষা হবে ২৩ মে। পরীক্ষার সিলেবাস অনেকটা একই রকম বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পাটিগণিত অংশে শতকরা, সরল, লাভ-ক্ষতি, ঐকিক নিয়ম ইত্যাদি অংশ থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। বিগত বছরগুলোর প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায়, সাধারণ জ্ঞান অংশে সাধারণত বাংলাদেশের নানা বিষয়, আন্তর্জাতিক বিষয়, সাম্প্রতিক ঘটনা, বড় বিজ্ঞানী, কবি ও সাহিত্যিকের জীবনী ও আবিষ্কার, খেলাধুলা, পূর্ণনাম, আন্তর্জাতিক ও দেশীয় সংগঠন, রাজধানী ও দেশ পরিচিতি, মুদ্রা ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন হয়।মৌখিক পরীক্ষা: পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় যাঁরা ন্যূনতম শতকরা ৫০ নম্বর পাবেন, তাঁরাই পরে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষার নম্বর থাকবে ৫০। কেন্দ্রীয়ভাবে আয়োজিত হবে এই মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় প্রার্থীর ব্যক্তিত্ব, নিজেকে উপস্থাপন করার ক্ষমতা, জ্ঞানের পরিধি, উপস্থিত বুদ্ধিমত্তা ইত্যাদি যাচাই করা হয়। ডাক্তারি পরীক্ষা: মনস্তত্ত্ব, লিখিত ও মৌখিক পরীক্ষায় তিনটি পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার মাধ্যমে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ: সার্জেন্ট পদের জন্য নির্বাচিতদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। আর এসআই পদে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। উভয়ক্ষেত্রে সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের নিয়োগ দেওয়া হবে। বেতন-ভাতা ও পদোন্নতিএসআই ও সার্জেন্ট উভয় পদের মূল বেতন ছয় হাজার ৪০০ টাকা। তবে অন্যান্য ভাতাসহ তাঁরা প্রতি মাসে পাবেন ১৪ হাজার ২৫৫ টাকা। এ ছাড়া স্বল্প মূল্যে রেশন, বিনা মূল্যে পোশাক ও চিকিৎসা সুবিধা তো পাবেনই। একজন এসআই বা সার্জেন্ট মেধা, যোগ্যতার মাধ্যমে নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে পদোন্নতি পেতে পারেন। পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন ও অন্যান্য ভাতা তো বাড়বেই।বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে দেশ সেবার সুযোগ পাওয়া যায়। সঙ্গে উজ্জ্বল ও নিশ্চিত ভবিষ্যৎ তো থাকবেই।