এসআই গৌতম হত্যা মামলা মনিটরিং সেলে
রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় হত্যা মামলাসহ সাম্প্রতিক সময়ে আলোচিত তিনটি মামলা চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে স্থানান্তর করা হয়েছে। অন্য দুটি মামলা হলো ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী ফারুক হোসেন এবং রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের কর্মী রমিজ উদ্দিন হত্যা মামলা। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেলের ৬৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।গৌতম হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব পৃথক আসামি আটক করে তাঁরা হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হলেই প্রকৃত আসামিদের নাম জানা যাবে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৩৮১টি মামলা চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ৩৪৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হয়নি ৩৬টি, আর নিষ্পত্তির অপেক্ষায় পাঁচটি মামলা।মামলা পাঁচটি হলো নড়াইলের লোহাগড়া থানার মফিজুর রহমান, বাগেরহাটের রামপাল থানার আবদুর সালাম পাটোয়ারী, রাজধানীর সূত্রাপুর থানার অজ্ঞাত এক তরুণী, চাঁদপুরের শাহরাস্তির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার ক্যাবল ব্যবসায়ী মাহবুবুর রহমান লিটন হত্যা মামলা।বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, র্যাবের মহাপরিচালক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।