এসআই গৌতম হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আহমেদ হায়দার হাদি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে টিপু সুলতান রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের সময় হাদি ঘটনাস্থলে ছিলেন। তিনি পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। তাঁর সঙ্গীই গৌতমকে গুলি করেন। গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও হাদি এসব বলেন বলে জানা গেছে। হাদিকে নিয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ। এতে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবুল কাশেম ছাড়াও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীদের হঠাৎ গুলিতে নিহত হয়েছেন গৌতম রায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। গ্রেপ্তার করা হাদি জানিয়েছেন, ঘটনার দিন (২০ এপ্রিল) রাত দুইটার দিকে ভজহরি সাহা স্ট্রিট থেকে বাসায় ফেরার পথে কাইল্যা জাকির নামের আরেক সন্ত্রাসীর সঙ্গে তাঁর (হাদি) দেখা হয়। জাকিরের সঙ্গে ছিলেন মানিক। তাঁরা হাদিকে ধোলাইখাল টায়ার পট্টিতে নিয়ে যান। রাত দুইটা ২০ মিনিটে তাঁরা ধোলাইখালের মহিউদ্দিন সর্দার লেনে প্রবেশের সঙ্গে সঙ্গে সামনে হেঁটে যেতে থাকা এসআই গৌতম তাঁদের থামিয়ে দেহ তল্লাশি শুরু করেন। প্রথমে তাঁকে (হাদি) তল্লাশি করে, এরপর মানিকের দেহ তল্লাশি শুরু করতেই পেছন থেকে জাকির কয়েকটি গুলি করেন। গুলি গৌতমের বুকে ও পিঠে লাগে। গৌতমের সঙ্গে থাকা বন্ধু শামীমের হাতেও গুলি লাগে। হাদি আরও জানান, গুলি হওয়ার পর তিনি মহিউদ্দিন সর্দার লেন দিয়ে পালিয়ে যান, মানিকও ওই গলি দিয়ে চলে যান। জাকির ফুটপাত দিয়ে নারিন্দার দিকে চলে যান।সংবাদ সম্মেলনে হাদি জানান, পরদিন সকালে তাঁরা জানতে পারেন গুলিবিদ্ধ ব্যক্তি পুলিশ কর্মকর্তা ছিলেন।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী বলেন, ঘটনার রাতে হাদিকেই প্রথম তল্লাশি করেছিলেন গৌতম। ওই সময় হাদির সঙ্গী জাকির পিস্তল বের করে গৌতমকে গুলি করেন। জাকিরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পলাতক শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের পরিকল্পনায় এসআই গৌতমকে হত্যা করা হয় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে হাদি ডাকাত শহীদের দলের কি না—জানতে চাইলে তৌফিক মাহবুব বলেন, হাদি ডাকাত শহীদের লোক হিসেবে কাজ করতেন না। তবে জাকিরকে তিনি (শহীদ) দলে ভেড়াতে চাচ্ছিলেন বলে তথ্য মিলেছে।সূত্র জানায়, হাদিকে গতকাল আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। “ এসআই গৌতম হত্যা মামলা সূত্রাপুর থানার পুলিশ তদন্ত করলেও মহানগর গোয়েন্দা পুলিশও এ বিষয়ে খোঁজখবর করে। নিহত গৌতম ছিলেন পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা।