এসআই জাহাঙ্গীরের অবস্থার উন্নতি, অস্ত্রটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর শালবাগানে ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থার আজ মঙ্গলবার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় শিবিরের কর্মীরা এসআই জাহাঙ্গীরকে নির্মমভাবে পিটিয়ে তাঁর মাথা থেঁতলে দেয় এবং তাঁর রিভলবার, ওয়াকিটকি ও হেলমেট ছিনিয়ে নেন। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।এসআই জাহাঙ্গীরের বড় ছেলে ফয়সাল সিদ্দিকী আজ মুঠোফানে প্রথম আলো ডটকমকে জানান, সকালে সিএমএইচ থেকে জানানো হয়েছে, তাঁর বাবার জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। এ জন্য তাঁকে (ফয়সাল) হাসপাতালে যেতে বলা হয়েছে।রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নগরের শালবাগান বাজারের একটি কমিউনিটি সেন্টারের পাশ থেকে গতকাল রাতে আটটি গুলি ও ম্যাগজিনসহ পরিত্যক্ত অবস্থায় ছিনিয়ে নেওয়া রিভলবারটি উদ্ধার করা হয়েছে। ওসি জানান, পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় বোয়ালিয়া থানার এসআই নাসিরুল্লাহ বাদী হয়ে গতকাল রাতেই একটি মামলা করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শিবিরকর্মী সাহানকে গ্রেপ্তার করেছে।