এসআই জাহাঙ্গীরের ওপর হামলা: জামায়াত নেতা আটক
রাজশাহীর শালবাগানে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালিয়ে মাথা থেঁতলে দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নাটোরের সদস্যরা সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলামকে আটক করেন। নাটোরের ডিবি পুলিশ সূত্র জানায়, ভিডিওচিত্র ও স্থিরচিত্র দেখে নাটোরের জামায়াত নেতা রফিকুল ইসলামকে শনাক্ত করা হয়। আটকের পর রাতেই তাঁকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে নাটোরের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন রায় বলেন, রফিকুল ইসলাম এক সময় নাটোর জেলা শিবিরের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কাফুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও স্থানীয় একটি কলেজের প্রভাষক। তাঁকে স্থানীয় বাজার থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কাফুরিয়ায় মন্দিরে আগুন লাগানো ও প্রতিমা ভাঙচুরের মামলাও রয়েছে।