এসআই নিপেন্দ্রর বিরুদ্ধে ফৌজদারি মামলা হচ্ছে
গাজীপুর পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) নিপেন্দ্র কুমার দের বিরুদ্ধে ফৌজদারি মামলা হচ্ছে। বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গ্রেপ্তারের পর সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হবে। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) নাজিম উদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছে, সে প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে, এ মামলা করবে পুলিশ সদর দপ্তর।’বালু ব্যবসায়ী মামুন হত্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তদন্তে দেখা যায়, এসআই নিপেন্দ্র কুমার দে ১০ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে গ্রেপ্তারের পর মামুনকে তাঁর প্রতিপক্ষের হাতে তুলে দেন। তারা ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন ঊর্ধ্বতন কর্মকতা এ প্রসঙ্গে বলেন, এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সাময়িক বরখাস্ত ‘কোনো খুনির’ সাজা হতে পারে না। তাঁর বিরুদ্ধে যেন ফৌজদারি মামলা করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। এদিকে গতকাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা অর্থের বিনিময়ে নাগরিককে অপরাধীদের কাছে তুলে দেয়, সে দেশে আইন বাস্তবায়ন হবে কীভাবে? শুধু আইন তৈরি করলেই হবে না, আইন প্রয়োগের যথাযথ উদ্যোগ নিতে হবে।জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে দলিত বিপন্নতা: সামাজিক ন্যায়বিচার ও আইনের স্বরূপ সন্ধান’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বক্তৃতা করেন। তিনি বলেন, ‘সংবিধানের প্রতি শ্রদ্ধা থাকলে দলিত কেন, যেকোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার পরও অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। তবে আইন তৈরি করলেই হবে না, তা প্রয়োগেও নজর দিতে হবে।’