গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। এতে কর্তব্যে অবহেলার জন্য উপপরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দেকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মামুন হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির সদস্য ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে জানান, তদন্তে পুলিশের কর্তব্যে অবহেলার প্রমাণ মিলেছে। তাই মামুনকে গ্রেপ্তারকারী এসআই নৃপেন চন্দ্রকে সর্বোচ্চ বিভাগীয় শাস্তি ও তাঁর অন্য দুই সহকর্মীকে কর্মস্থল পরিবর্তনের শাস্তির প্রস্তাব করা হয়েছে। ওসি আবুল খায়ের আরও জানান, কোনো আসামি ধরতে যাওয়ার আগে থানায় সাধারণ ডায়েরি বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার বিধান থাকলেও নৃপেন চন্দ্র তা করেননি। তিনি মামুনকে বড়গাঁও এলাকা থেকে ২৯ মে সন্ধ্যায় গ্রেপ্তার করেন। তাঁকে হাতকড়া পরিয়ে অটোরিকশায় তুলে থানায় নিয়ে যাওয়ার পথে রামচন্দ্রপুরে পৌঁছালে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে তোরণ ও সাবেক ইউপি সদস্য হেকিম ফরাজি পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীদের সহায়তায় পুলিশের হাত থেকে মামুনকে ছিনিয়ে নিয়ে খুন করে। হত্যাকাণ্ডের সময় মামুনের হাতে হাতকড়া ছিল, যা পরে খুলে নেয় পুলিশ। এসআই নৃপেন চন্দ্রের পোশাকে রক্তের দাগ ছিল। হত্যাকাণ্ডের পর তিনি চেয়ারম্যান শরিফুলের সঙ্গে দেখা করে থানায় ফেরেন। হত্যাকাণ্ডের ঘটনায় মামুনের ভাই নাজমুল ভূঁইয়ার করা মামলায় চেয়ারম্যান শরিফুল ও সাবেক ইউপি সদস্য হেকিম ফরাজিকে আসামি করা হলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল হোসেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।