এসআই বরখাস্ত, পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।ওই এসআই গত বুধবার রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা দেড় শ থেকে দুই শ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মামুনের পরিবার গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা করেনি। মামুনের স্ত্রী রেহানা বেগমের অভিযোগ, কালীগঞ্জ থানা তাঁর মামলা নেয়নি। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, পুলিশের সদস্য কম থাকার কারণেই সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নিয়ে হত্যা করে। এতে পুলিশের অবহেলার প্রমাণ পাওয়ায় কালীগঞ্জ থানার এসআই নৃপেন চন্দ্র দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মামুন হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে এসআই নৃপেনকে গত বুধবার রাতেই প্রত্যাহার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বুধবার রাতে নৃপেনের করা মামলায় আসামি গ্রেপ্তারে ওই রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এসআই কবীর হোসেন অভিযান চালানোর কথা স্বীকার করেন। গাজীপুরের এসপি আবদুল বাতেন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার মামুন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেনি ব্যবসায়ী মামুনের পরিবার। মামুনের স্ত্রী রেহেনা অভিযোগ করেন, গত বুধবার তিনি মামলা করতে কালীগঞ্জ থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা তাঁকে বলেন, ‘আপনাদের মামলা করতে হবে না, বাসায় চলে যান।’ গতকাল মামুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা মোমেনা বেগম, বাবা হোসেন আলী ও স্ত্রী রেহানা শোকে স্তব্ধ। প্রতিবেশীদের অনেকেই তাঁদের সান্ত্বনা জানাতে আসছেন। মুক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনছুর আলী বলেন, ‘অনেকেই বলাবলি করছে, মামুন চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত ছিল। কিন্তু আমি ইউপি সদস্য হওয়ার পর এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি বা কোনো সময় তাঁকে নিয়ে বিচার-সালিসও করতে হয়নি।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, ‘ওই হত্যাকাণ্ডে যদি কারও ইশারাও থাকে, তাঁর বিরুদ্ধে মামলা হবে।’ তিনি বলেন, ‘মামুনকে যাঁরা ছিনতাই করেছে, তাঁরাই হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ মামলা না নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি এনায়েত দাবি করেন, মামলা করার জন্য বুধবার রাতে মামুন ভূঁইয়ার বাড়িতে খবর পাঠানো হয়। কিন্তু কেউ মামলা করতে আসেননি।কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা মামুনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। ওই রাতে রামচন্দ্রপুর গ্রামের গোপাল মাস্টারের বাড়ির পাশে সন্ত্রাসীরা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।