পাবনার গৃহপরিচারিকা শিশু রোমেলা খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।পুলিশ দম্পতির বিরুদ্ধে করা মামলার তদন্তের ভার ন্যস্ত করা হয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওপর। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন বড়ুয়া মামলাটি তদন্ত করবেন। আজ রোববার তিনি নির্যাতিতার বক্তব্য রেকর্ডের জন্য পাবনার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার নুর এ আলম বলেন, গত শনিবার রাতে শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ছুটিও বাতিল করা হয়েছে। তিনি এলেই তাঁর বরখাস্ত কার্যকর হবে।নুর এ আলম আরও বলেন, শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা পাবনার সাঁথিয়া ও তাঁর বাবার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শাহেদ সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন বলে ওই থানার কাউকে এ মামলার তদন্তভার না দিয়ে গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।জানা গেছে, তদন্তের দায়িত্ব পাওয়ার পর বিজন বড়ুয়া পাবনার উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি ২২ ধারায় নির্যাতিত গৃহপরিচারিকা রোমেলার জবানবন্দি নেবেনে। প্রাথমিক তদন্তে শাহেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। রোমেলাকে নির্যাতনের অভিযোগে গতকাল তার বাবা ইয়াজুদ্দিন সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন। ওই মামলার ২ নম্বর আসামি শাহেদ এবং ১ নম্বর আসামি তাঁর স্ত্রী।প্রসঙ্গত, পাবনার সাঁথিয়া উপজেলার নান্দিয়ারা গ্রামের ইয়াজ উদ্দিন ও রোমেছা খাতুনের মেয়ে রোমেলাকে নয় মাস আগে গৃহপরিচারিকা হিসেবে সীতাকুণ্ডে নিজের বাসায় নিয়ে আসেন শাহেদ আলী। শাহেদের বাড়িও একই গ্রামে। কাজে যোগ দেওয়ার পর থেকেই রোমেলার ওপর শাহেদ ও তাঁর স্ত্রী নির্যাতন করতেন বলে অভিযোগ আছে। এক সপ্তাহ আগে গরম খুন্তি ও চাকু দিয়ে ছ্যাঁকা দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে রোমেলা। পরে তার অভিভাবকদের ডেকে এনে অসুস্থ অবস্থায় রোমেলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রোমেলা বর্তমানে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।